২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কিষান ২১০, ভারত ৪০৯ আর কোহলির ভাংড়া নাচ

বাংলাদেশের বোলিং গুঁড়িয়ে অসাধারণ এক ডাবল সেঞ্চুরি উপহার দিলেন ইশান কিষান, যা দেখে নেচে উঠলেন উইকেটে থাকা বিরাট কোহলি।

চট্টগ্রাম থেকে ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2022, 05:55 PM

Updated : 10 Dec 2022, 05:55 PM

ব্যাট হাতে ২২ গজে নেমে কতবার দুর্দান্ত ইনিংসে রাঙিয়েছেন বিরাট কোহলি, নাচিয়ে ছেড়েছেন কত বোলারকে! সেই কোহলি এবার নেচে উঠলেন নিজেই। ডাবল সেঞ্চুরি করে ইশান কিষান যখন নিজের মতো করে উদযাপন সেরে নিলেন, তার দিকে এগিয়ে গেলেন কোহলি। কাছাকাছি গিয়ে ভারতীয় ক্রিকেটের মহাতারকা ‘ভাংড়া’ নাচ দেখিয়ে দিলেন তরুণ ব্যাটসম্যানদের অর্জনে! 

শুধু ওই নাচই নয়, কিষান ডাবল সেঞ্চুরি ছোঁয়ার পর ব্যাট তুলে আগে উদযাপনও করেন কোহলিই। ব্যাট হাতে কিষান যে বিনোদন দিয়েছেন, উইকেটের অপর প্রান্ত থেকে কোহলিই তো সবচেয়ে ভালোভাবে উপভোগ করেন তা। মুগ্ধ দর্শকের প্রীতি উপহার বলা যায় ওই নাচ। কিষানের ইনিংসটিই যে এমন! 

খ্যাপাটে, বুনো, পাগলাটে, বিধ্বংসী কিংবা অন্য কিছু, কিষানের ইনিংসের বিশেষণ হিসেবে ব্যবহার করা যায় অনেক কিছুই। আবার যথেষ্ট হয় না আসলে এসবের কোনোটিই। স্রেফ নবম ওয়ানডে খেলতে নামা ব্যাটসম্যান তাক লাগিয়ে দিলেন প্রথম ওয়ানডে সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিতে রূপ দিয়ে। তার সঙ্গে রান উৎসবে সামিল হলেন বিরাট কোহলিও। গাঁথা হলো রেকর্ডের মালা। 

একগাদা রেকর্ড গড়ে কিষানের রান ১৩১ বলে ২১০। ২৪ বছর বয়সী ব্যাটসম্যান এতটাই বিধ্বংসী চেহারায় ছিলেন যে, কোহলির মতো একজনও ছিলেন অনেকটা দর্শক হয়ে। তবে নিজের কাজটা তিনি ঠিকঠাক করে যান। তাই তার নামের পাশে ৯১ বলে ১১৩। ওয়ানডে ক্রিকেটে ৪৪তম আর আন্তর্জাতিক ক্রিকেট ৭২তম সেঞ্চুরি। 

কিষানের এক ইনিংসের রেকর্ড কতগুলো হয়েছে, হিসাব রাখাও কঠিন। ওয়ানডে ইতিহাসের দ্রুততম ডাবল সেঞ্চুরিতে ক্রিস গেইলকে দুইয়ে ঠেলেছেন অনেকটা ব্যবধানে। সবচেয়ে কম বয়সে ডাবল সেঞ্চুরিতে রোহিত শর্মাকে পেছনে ফেলেছেন বেশ এগিয়ে থেকে। সবচেয়ে কম ইনিংস খেলে ডাবল সেঞ্চুরি, প্রথম সেঞ্চুরিকেই ডাবল সেঞ্চুরিতে রূপ দেওয়ার অনন্য কীর্তি এবং আরও অনেক অনেক কিছু। 

তবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে কিংবা টিভি পর্দায় এ দিন কিষানের ব্যাটিং যারা দেখেছেন, তাদের কাছে এসব রেকর্ড-পরিসংখ্যানের মূল্য আছে হয়তো সামান্যই। তরুণ প্রতিভাবান ব্যাটসম্যানের রুদ্ররূপ, ব্যাট হাতে দুঃসাহস আর স্পর্ধা, তার আগ্রাসন আর স্ট্রোকের ছটা, এসবেই ধাঁধিয়ে যাওয়ার কথা সবার চোখ। 

এই বাংলাদেশেই ২০১৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়ে গেছেন তিনি। এরপর আইপিএল ও ভারতের অন্যান্য ঘরোয়া ক্রিকেটে ঝড় তুলেছেন, ‘এ’ দলে পারফর্ম করেছেন, আন্তর্জাতিক ক্রিকেটেও দেখিয়েছেন ঝলক। ভারতের জার্সিতে আগের ৮ ওয়ানডেতে তার ফিফটি ছিল ৩টি। মাস দুয়েক আগেই রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছেন ৮৪ বলে ৯৩ রানের ইনিংস। টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে ৫৬ বলে ৮৯, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪৮ বলে ৭৬, এরকম দারুণ কিছু ইনিংস তার আছে। তবে তার সামর্থ্য আসলে কতটা, ব্যাট হাতে তিনি সত্যিই কী পারেন, সেটির উজ্জ্বল বিজ্ঞাপন হয়ে রইল বাংলাদেশের বিপক্ষে এই ইনিংস। 

সিরিজের আগের দুই ম্যাচে তিনি ছিলেন দর্শক। একাদশে জায়গা হয়নি। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের কঠিন উইকেটের চ্যালেঞ্জেও তাকে নামতে হয়নি। চোটের কারণে ছিটকে যাওয়া রোহিত শর্মার জায়গায় শেষ ওয়ানডেতে যে কিষানই নামছেন, তা নিশ্চিত হয়ে যায় আগের দিন ভারতের নেট সেশনেই। ঐচ্ছিক অনুশীলনে লম্বা সময় ব্যাট করতে দেখা যায় তাকে। ব্যাটিং কোচ বিক্রম রাঠোরের সঙ্গে কাজ করেন আগ্রাসী সব শট নিয়ে। পরদিনই দেখালেন নিজের প্রতিভার দ্যুতি আর হাতের জোর। 

জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামের উইকেটে এ দিন ঘাসের ছোঁয়া ছিল ভালোই। নতুন বলে মুভমেন্ট মেলার কথা সেখানে। তবে বাংলাদেশের বোলাররা সেই সুবিধা নিতে পারেননি। কিংবা বলা যায়, তাদেরকে ছন্দ পেতে দেননি কিষান। 

প্রথম দুই ওভার একটু দেখে খেলে তৃতীয় ওভার থেকে শুরু হয় কিষানের ঝড়। টানা দুটি চার মারেন তিনি মুস্তাফিজুর রহমানকে। পঞ্চম ওভারে শিখর ধাওয়ানের বিদায়েও কিষানের ব্যাটিংয়ের ধরন বদলায়নি। পরের ওভারে তাসকিন আহমেদকেও মারেন দুটি চার। 

এরপর ছুটতে থাকেন অপ্রতিরোধ্য গতিতে। তিনে নামা বিরাট কোহলি ১ রানে জীবন পান লিটন দাসকে সহজ ক্যাচ দিয়েও। এরপর আর সুযোগ দেননি তিনি। ভরসা পেয়ে ডানা মেলে দেন কিষান। 

সময় যত গড়াতে থাকে, কিষানের ব্যাটের ধার বাড়তে থাকে। ফিফটি করেন তিনি ৪৯ বলে। পরের পঞ্চাশ আসে স্রেফ ৩৬ বলে। ৮৪ রানে একটি ক্যাচের মতো তিনি দিয়েছিলেন, ডাইভ দিয়েও যা মুঠোয় জমাতে পারেননি সাকিব আল হাসান। 

৮৫ বলে সেঞ্চুরি মানে এমনিতেই বিধ্বংসী সেঞ্চুরি। তবে এরপর তিনি যা করতে থাকেন, তাকে এক কথায় বলা যায় তাণ্ডব। বাংলাদেশের পেস-স্পিন সব বিধ্বস্ত করে চলতে থাকে তার ধ্বংসলীলা। 

ইবাদত হোসেনের এক ওভারে দুই ছক্কা, সাকিব আল হাসানের ওভারে দুই ছক্কা ও এক চার, মেহেদী হাসান মিরাজের এক ওভারে ছক্কা-চার, আরেক ওভারে দুই চার এক ছক্কা, মুস্তাফিজুর রহমানের ওভারে জোড়া বাউন্ডারি, তাসকিন আহমেদের ওভার তিন বাউন্ডারি। চোখের পলকে যেন পৌঁছে যান ডাবল সেঞ্চুরিতে। একশ থেকে দুইশ যেতে বল লাগে কেবল ৪১টি! 

১২৬ বলের ডাবল সেঞ্চুরিতে পেছনে ফেলেন ক্রিস গেইলের ১৩৮ বলের রেকর্ড। ২৪ বছর ১৪৫ দিন বয়সে দুইশ করে এগিয়ে থাকেন রোহিত শর্মার ২৬ বছর ১৮৬ দিন বয়সের রেকর্ডের থেকে। 

তার ডাবল সেঞ্চুরি যখন হলো, ইনিংসের বয়স মোটে ৩৫ ওভার। তিনি কোথায় থামবেন, এই নিয়ে তখন জল্পসা। শেষ পর্যন্ত অবশ্য ২৪ বাউন্ডারি আর ১০ ছক্কায় ২১০ রানে তিনি থেমে যান। তবে রেখে যান রেশ। 

কোহলির সঙ্গে তার জুটি থামে ২৯০ রানে। বাংলাদেশের বিপক্ষে যে কোনো উইকেটে যা রেকর্ড।   

কিষানের বিদায়ের সময় বিরাট কোহলি খেলছেন ৮৫ রানে। সময়ের সঙ্গে তিনিও পেরিয়ে যান সেঞ্চুরি। সাকিবের বলে ছক্কার চেষ্টায় তিনি সীমানায় ধরা পড়েন ১১৩ রানে। 

শেষ দিকে দ্রুত কিছু উইকেট হারায় ভারত। শেষ ১০ ওভারে তাই রান আসে কেবল ৭০। এই ম্যাচের প্রেক্ষাপটে যা বেশ কমই। তবু বাংলাদেশের বিপক্ষে চারশ রান করা প্রথম দল হয়ে যায় ভারত। ওয়াশিংটন সুন্দর খেলেন ২৭ বলে ৩৭ রানের ইনিংস। 

তবে আর সবকিছু ছাপিয়ে ভারতের এই ইনিংস আসলে কিষানময়। এমনই এক ইনিংস, যেটি কোহলিকেও নাচিয়ে তোলে। কোহলির সেঞ্চুরিকেও আড়াল করে দেয়। 

আন্তর্জাতিক ক্রিকেটে আগের বেশ কিছু ইনিংসে তিনি দেখিয়েছেন প্রতিভার ঝলক। তবে এই ইনিংসে যেন বার্তা দিলেন পূর্ণতার। ভারতের ব্যাটিং লাইন আপে স্থায়ী জায়গা করে নিতে তিনি তৈরি!