২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এখনও ব্যাট ধরতে পারছেন না মাশরাফি

মাশরাফি বিন মুর্তজার হাতের তালুর ক্ষত এখনও পুরোপুরি সারেনি। এখনও ব্যাট ধরতে পারছেন না বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2015, 07:53 PM

Updated : 12 Oct 2022, 03:50 PM

পুরনো খবর:

মুশফিকের সঙ্গে লড়াই নেই লিটনের
ওয়ানডেতে সুযোগের অপেক্ষায় লিটন
ঢাকায় ধোনি-রায়নারা
ফলোঅন এড়াতে না পারার আক্ষেপ লিটনের
বাংলাদেশের অনুশীলনে ৮ পেসার
র‌্যাঙ্কিংয়ে পেছাল বাংলাদেশের ক্রিকেটাররা 

সোমবার অনুশীলনে অবশ্য হাতে ব্যান্ডেজ বেঁধে বোলিং করেছেন মাশরাফি। তবু তার প্রথম ওয়ানডে খেলা নিয়ে শঙ্কা পুরোপুরি কাটেনি। মাশরাফি যদিও দৃঢ়প্রতিজ্ঞ, মাঠে নামবেনই।

গত ৪ জুন মিরপুরে নিজ বাসা থেকে রিকশায় শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুশীলনে আসার পথে বাসের ধাক্কায় রিকশা থেকে পড়ে যান মাশরাফি। দুর্ঘটনায় তার ডান হাতের বুড়ো আঙুলের নিচে তালুতে ক্ষত হয়। এ ছাড়াও ছড়ে যায় বাঁ হাতের তালুর উল্টোদিকে আর হাঁটুতে।

সোমবার ভারত সিরিজের জন্য বাংলাদেশ ওয়ানডে দলের প্রথম অনুশীলনে মাশরাফি ছিলেন শুরু থেকেই। বাঁ হাত ও হাঁটুর ছড়ে যাওয়া অংশ ঠিক হয়ে গেছে অনেকটাই। অনুশীলনে গা গরমের ফুটবলও খেলেছেন পুরোদমে। ডান হাতের তালুর ক্ষতটা নিয়েই এখন যা শঙ্কা। অনুশীলনের শুরুতে মাশরাফির হাতে ব্যান্ডেজ ছিল না। পরে হাতে ব্যান্ডেজ বেধে বোলিং করেছেন ছয় ওভার।

অনুশীলন শেষে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মাশরাফি জানালেন তার বর্তমান অবস্থা।

“হাতে ব্যান্ডেজ করে বোলিং করেছি, খুব একটা সমস্যা হয়নি। বোলিং করা নিয়ে তাই দুর্ভাবনার খুব বেশি কিছু নেই। তবে এখনও ব্যাট ধরতে পারছি না। ওটা নিয়েই যা একটু ভয়। এমনিতে আর সমস্যা নেই।”

সমস্যা একটা অবশ্য আছে অন্য জায়গায়। ক্ষত যদি পুরোপুরি না শুকায়, হাতে ব্যান্ডেজ বেধে বোলিং করাতে ঝামেলা আছে। ওয়ানডে ম্যাচ হয় সাদা বলে। ডান হাতে সাদা ব্যান্ডেজ বেধে তাই সাদা বলে বোলিং করার অনুমতি পাবেন না মাশরাফি।

এটাও একটু ভাবাচ্ছে মাশরাফিকে। তবে তার আশা, সব কিছু জয় করে শেষ পর্যন্ত মাঠে নামতে পারবেন।

“সাদা ব্যান্ডেজ বেধে তো আর বোলিং করতে দেবে না। কিছু একটা ব্যবস্থা করবই। ব্যাটিংয়েও প্রয়োজন হলে আরেকটু নিচে ব্যাট করব। ম্যাচের আগে আরও দুটি দিন পাচ্ছি। আশা করি, প্রথম ওয়ানডেতে মাঠে নামতে পারব।”

বাংলাদেশ-ভারত তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ম্যাচগুলো হবে ১৮, ২১ ও ২৪ জুন। মিরপুরে সবকটিই শুরু হবে দুপুর তিনটায়। বৃষ্টির মৌসুমকে মাথায় রেখে রাখা হয়েছে ‘রিজার্ভ ডে’।