২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের অনুশীলনে ৮ পেসার

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ। স্বাগতিকদের প্রথম দিনের অনুশীলনে ছিলেন আট পেসার।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2015, 08:32 PM

Updated : 25 Apr 2022, 01:29 PM

চার পেসার মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান তো দলেই আছেন। তাদের সঙ্গে অনুশীলনে ছিলেন আরও চার পেসার মোহাম্মদ শহীদ, শফিউল ইসলাম, আবুল হাসান ও আল-আমিন হোসেন।
 
১৮, ২১ ও ২৪ জুন মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ।
 
মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন ভারতের ওয়ানডে দলে আছেন পাঁচ পেসার। শুরুতে মোহিত শর্মা-উমেশ যাদব-ভুবনেশ্বর কুমারদের সামলানোর প্রস্তুতি নিচ্ছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, সাকিব আল হাসানরা। 
 
গত বছর ভারতের শেষ সফরে পেস সহায়ক উইকেট বানিয়ে চমকে দিয়েছিল বাংলাদেশ। তবে পেস সামলানোর জন্য নিজেদের প্রস্তুতিটা ভালো না থাকায় চমকের সুবিধাটুকু নিতে পারেনি স্বাগতিকরা। তাই এবার সব দিক ঠিক রেখে প্রস্তুতি নিচ্ছেন চন্দিকা হাথুরুসিংহের শিষ্যরা।
 
তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে সেরা আটের মধ্যে থাকতেই হবে বাংলাদেশকে। ভারতের বিপক্ষে একটি বা দুটি জয় সেই লক্ষ্য পূরণে বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নেবে।
 
ফতুল্লা টেস্ট শেষ হওয়ার পর বিশ্রাম নেয়নি বাংলাদেশ। সোমবার বেলা দুইটার দিকে শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুশীলন শুরু করে স্বাগতিকরা। গা গরম করার পর দুই ভাগ হয়ে ফুটবল খেলেন ক্রিকেটাররা। এরপর শুরু হয়, ব্যাটিং ও বোলিং অনুশীলন।