ওয়ানডেতে সুযোগের অপেক্ষায় লিটন
টেস্ট অভিষেকে নজর কাড়া লিটন দাসের চোখে এখন ওয়ানডে খেলার স্বপ্ন। সুযোগ পেলে নিজেকে উজাড় করে দেওয়ার প্রত্যয় এই তরুণ উইকেটকিপার-ব্যাটসম্যানের।
সোমবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন শেষে বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে সাংবাদিকদের সামনে আসেন লিটন। তিনি জানান, সুযোগ পেলে দলকে কিছু দেওয়ার চেষ্টা থাকবে তার।
“যদি ব্যাটসম্যান হিসেবে খেলি, ব্যাটিংয়ে ভালো করার চেষ্টা করব। ফিল্ডিং বা কিপিং যাই করি, শতভাগ দেওয়ার চেষ্টা করব।”
মুশফিকুর রহিমের আঙুলের চোটের কারণে ফতুল্লা টেস্টে অভিষেক হয় লিটনের। ওয়ানডেতে কিপিং করার আশা করছেন মুশফিক, তাই বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে এই সংস্করণে অভিষেক হতে পারে লিটনের।
মাহমুদউল্লাহর চোটে তিন নম্বরে এক জন ব্যাটসম্যান প্রয়োজন হবে বাংলাদেশের। এই জায়গার জন্য লিটনকে লড়তে হবে মুমিনুল হক ও রনি তালুকদারের সঙ্গে। নিজের খেলার সুযোগ হোক বা না হোক ভারতের বিপক্ষে লড়াই আশা করছেন লিটন।
“আমরা ওয়ানডেতে অনেক ভালো ক্রিকেট খেলছি। আমরা খুব ভালো টাচে আছি। দলের সব খেলোয়াড়ই ছন্দে আছে। আমাদের লক্ষ্য থাকবে ম্যাচ বাই ম্যাচ এগুনো।”
