ঢাকায় ধোনি-রায়নারা
টেস্ট ম্যাচ শেষ, বাজছে ওয়ানডের দামামা। ঢাকায় চলে এসেছেন ভারতের ওয়ানডে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
বিসিবি জানায়, সোমবার বিকেল সাড়ে চারটায় ঢাকায় পা রাখেন ধোনিসহ ওয়ানডে দলের আট ক্রিকেটার।
ভারতের গত অস্ট্রেলিয়া সফরের মাঝপথে আচমকাই টেস্ট ক্রিকেট বিদায় জানান ধোনি। ধোনির সময়ের সহকারী বিরাট কোহলিকে দেওয়া হয় টেস্টের দায়িত্ব। শুধু অধিনায়কই ভিন্ন নন, টেস্ট থেকে ভারতের ওয়ানডে দলের চেহারাও প্রায় ভিন্ন। বদলে যাচ্ছে দলের অর্ধেকই!
ভারতের ১৫ সদস্যের ওয়ানডে দলের অংশ হতে ধোনির সঙ্গে ঢাকায় এসেছেন সুরেশ রায়না, স্টুয়ার্ট বিনি, রবীন্দ্র জাদেজা, ধবল কুলকার্নি, অক্ষর প্যাটেল, আম্বাতি রায়ডু ও মোহিত শর্মা। আর ১৪ সদস্যের টেস্ট দল থেকে ফিরে যাচ্ছেন হরভজন সিং, ইশান্ত শর্মা, চেতেশ্বর পূজারা, বরুন অ্যারন, ঋদ্ধিমান সাহা, কর্ন শর্মা ও মুরালি বিজয়।
বাংলাদেশের ওয়ানডে দল সোমবার অনুশীলন করলেও ভারতীয় দল মাঠে যায়নি।
বাংলাদেশ-ভারত তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ম্যাচগুলো হবে ১৮, ২১ ও ২৪ জুন। মিরপুরে সবকটিই শুরু হবে দুপুর তিনটায়। বৃষ্টির মৌসুমকে মাথায় রেখে রাখা হয়েছে ‘রিজার্ভ ডে’।
