ফলোঅন এড়াতে না পারার আক্ষেপ লিটনের
টেস্ট অভিষেকে ব্যাট হাতে খারাপ করেননি লিটন দাস। তারপরও আক্ষেপ যাচ্ছে না তার, অল্পের জন্য যে ভারতের বিপক্ষে ফলোঅন এড়াতে পারেনি তার দল।
ভারতের বিপক্ষে একমাত্র টেস্টে অভিষেক হয় লিটনের। সাত নম্বরে ব্যাটিংয়ে নামার সুযোগ মেলে ২০ বছর বয়সী এই তরুণের। খেলেন ৪৫ বলে ৪৪ রানের ভালো একটি ইনিংস।
অভিষেক ইনিংস বলে কিছুটা স্নায়ু চাপে ভুগছিলেন লিটন। নিজেকে প্রমাণ করার চাপও ছিল, কিন্তু তার ব্যাটিংয়ে সেসবের কোনো ছাপ ছিল না।
ইমরুল কায়েস, সৌম্য সরকারের বিদায়ের পর ফলোঅন এড়াতে লিটনের দিকে তাকিয়ে ছিল বাংলাদেশ। জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) গত আসরে সর্বোচ্চ রান করা এই ব্যাটসম্যানের দৃঢ়তায় ফলোঅন এড়ানোর পথেই ছিল স্বাগতিকরা। কিন্তু দলীয় ২৩২ রানে আট নম্বর ব্যাটসম্যান হিসেবে লিটন আউট হলে শেষরক্ষা হয়নি তাদের।
৬ উইকেটে ৪৬২ রানে প্রথম ইনিংস ঘোষণা করে ভারত। তাই ফলোঅন এড়াতে ২৬৩ রান প্রয়োজন ছিল বাংলাদেশের। কিন্তু স্বাগতিকরা অলআউট হয়ে যায় ২৫৬ রানে। শেষ পর্যন্ত ম্যাচ ড্র হলেও ফলোঅনে পড়াটা এখনো পোড়াচ্ছে লিটনকে।
“আমার শুরুটা ভালো ছিল। আমাদের লক্ষ্য ছিল ফলোঅন এড়ানো। দলকে একটা বড় ইনিংস দিতে চেয়েছিলাম। আমি দলকে ভালো অবস্থানে নিয়ে যেতে চেয়েছিলাম। দুর্ভাগ্য যে আমি পারিনি।”
নিজের স্বাভাবিক ব্যাটিং করার পরিকল্পনা নিয়েই মাঠে নেমেছিলেন জানিয়ে লিটন বলেন, “বল বাই বল খেলেছি। যে বল আমার কাছে মনে হয়েছে মারার, সেটাই মেরেছি। আপনি যদি ঘরোয়া ক্রিকেট দেখেন, আমি সর্বোচ্চ রান সংগ্রাহক। এই দিক দিয়ে আমি আত্মবিশ্বাসী ছিলাম; অনেক রান করেছি, ভালো টাচে আছি।” "
