২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেস্ট ড্র করতে পারলেও খুশি সাকিব

জেতার জন্যই ভারতের বিপক্ষে একমাত্র টেস্টে খেলবে বাংলাদেশ। তবে ফতুল্লা টেস্ট ড্র হলেও তা স্বাগতিকদের জন্য ভালো ফল হবে বলে মনে করছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2015, 06:15 PM

Updated : 12 Oct 2022, 03:45 PM

পুরনো খবর:

আইপিএল খেলতে বিশ্বকাপে ভালো করার পরামর্শ সাকিবের
মাহমুদউল্লাহর চোটে দুর্ভাবনা নেই সাকিবের
প্রথম ওয়ানডেই 'বড় পরীক্ষা'

আগামী বুধবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে শুরু হবে একমাত্র টেস্ট। আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষ অলরাউন্ডার সাকিব সেই ম্যাচে অন্তত ড্র আশা করছেন।

“ড্র হলেও ভালো। তবে জয়ের কোনো বিকল্প নাই। আমরা না জিতে যদি ড্র করি, তারপরও ভালো।”

২০০০ সালের নভেম্বরে ভারতের বিপক্ষে নিজেদের অভিষেক টেস্ট খেলে বাংলাদেশ। প্রতিবেশী দেশটির বিপক্ষে সাত টেস্ট খেলে ছয়টিতেই হেরেছে তারা। ২০০৭ সালে বৃষ্টির সহায়তায় চট্টগ্রাম টেস্ট ড্র করে স্বাগতিকরা।

পাকিস্তানের বিপক্ষে আগের সিরিজে সবার আগে বাংলাদেশকে ফেভারিট বলেছিলেন সাকিব। ভারতের বিপক্ষে সেই প্রশ্নে এবার কৌশলী উত্তর দিলেন এই অলরাউন্ডার।   

“এক কথায় উত্তর দেওয়াটা ভুল হবে। টেস্ট ম্যাচটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সেখান থেকে ভালো কিছু নিতে পারলে, তা ওয়ানডেতে কাজে লাগবে। কারণ, টেস্ট দিয়েই সিরিজ শুরু হচ্ছ।”

টেস্টে বাংলাদেশের ভালো করতে হলে ব্যাটিং ও বোলিংয়ে জ্বলে উঠতে হবে দলের সেরা তারকা সাকিবকে। পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে ব্যাটিংয়ে ভালো করলেও বোলিংয়ে পুরোপুরি নিষ্প্রভ ছিলেন এই বাঁহাতি স্পিনার। দুই টেস্টে একটি করে উইকেট নেন তিনি।

“বোলিংয়ে ভালো করার চেষ্টা করছি। সবার জীবনে একটু বাজে সময় আসে, যেমন আমার এসেছে। এটা যত দ্রুত ‘ওভারকাম’ করা যায়, তত ভালো। তামিম সব সময় বলে, আমি উইকেট পেলে ওর ফিল্ডিং কম করতে হয়! আমি চেষ্টা করবো, যাতে ওই রকম কিছু হয়।”

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে স্বাগতিকদের বোলিং বিভাগ ব্যর্থ ছিল। কোনো ম্যাচে প্রতিপক্ষকে অলআউট করতে পারেনি তারা। সাকিবের বিশ্বাস, এবার ঘুরে দাঁড়াবেন বোলাররা। 

“আমাদের বোলিং বিভাগে যারা আছে, সবাই কষ্ট করছে। সবাই যদি সবার সেরাটা দিতে পারি, তবে আশা করি, ভারতের সাথে দারুণ কিছু হবে।”