প্রথম ওয়ানডেই 'বড় পরীক্ষা'
ভারতের বিপক্ষে কখনও ওয়ানডে সিরিজ জেতা হয়নি বাংলাদেশের। এবার সেই সুযোগ দেখছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
আগামী বুধবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে শুরু হবে একমাত্র টেস্ট ম্যাচ। ১৮, ২১ ও ২৪ জুন দিবা-রাত্রির তিনটি ওয়ানডে হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
একমাত্র টেস্টে ভালো করে ওয়ানডে সিরিজের জন্য আত্মবিশ্বাস নিতে চান সাকিব। বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা মনে করেন, প্রথম ওয়ানডে তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে।
ভারতের সঙ্গে এ পর্যন্ত ২৯টি ওয়ানডে খেলে তিনটিতে জিতেছে বাংলাদেশ। ভারত জিতেছে ২৫টিতে, পরিত্যক্ত হয়েছে অন্য ম্যাচটি।
