২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাহমুদউল্লাহর চোটে দুর্ভাবনা নেই সাকিবের

ভারতের বিপক্ষে সিরিজের আগে মাহমুদউল্লাহর চোট দলের জন্য বড় আঘাত হয়ে এলেও ‘ব্যাকআপ’ খেলোয়াড় থাকায় খুব একটা চিন্তিত নন অলরাউন্ডার সাকিব আল হাসান।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2015, 07:05 PM

Updated : 25 Apr 2022, 01:26 PM

বৃহস্পতিবার অনুশীলন করতে গিয়ে আঙুলে পাওয়া চোটটাই কাল হলো মাহমুদউল্লাহর। বাঁ হাতের তর্জনীতে চিড় ধরায় ভারত সিরিজে নির্ভরযোগ্য এই ব্যাটসম্যান আর খেলতে পারছেন না।

এর আগে বাসা থেকে রিকশায় মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুশীলনে যাওয়ার পথে পেছন থেকে বাসের ধাক্কায় রাস্তায় পড়ে দুই হাতে আঘাত পান মাশরাফি বিন মুর্তজা। তবে বাংলাদেশের সেরা এই পেসারের চোট নিয়ে কোনো দুশ্চিন্তা নেই সাকিবের।   

“রিয়াদ ভাইয়ের চোটটা সিরিয়াস। তার সুস্থ হতে চার থেকে ছয় সপ্তাহ সময় লাগবে। সুতরাং তিনি টেস্ট খেলতে পারবেন না।”

বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব জানান, সিরিজের আগে মাহমুদউল্লাহর চোট তাদের জন্য একটা নেতিবাচক ঘটনা।

“তবে আমার মনে হয় না খুব বেশি সমস্যা হবে। আমরা এখন এমন একটা অবস্থানে চলে এসেছি যে, কেউ যদি চোটে পড়ে, তাহলে তার ব্যাকআপ প্লেয়ার আছে। সুতরাং আমরা এসব নিয়ে বেশি চিন্তা করব না।”

“কারণ এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ সিরিজ, সুতরাং আমরা চেষ্টা করবো নিজেদের সেরাটা খেলার। নতুন যে দলে ঢুকবে, তার জন্য সুযোগ আছে ভালো কিছু করার,” যোগ করেন তিনি।

মাহমুদউল্লাহর চোটে টেস্ট দলে ফিরেছেন মিডলঅর্ডার ব্যাটসম্যান নাসির হোসেন।