২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'ভারতকে হারানোর সামর্থ্য আছে বাংলাদেশের'

বাংলাদেশ দলের এখন যে সামর্থ্য আছে, তাতে ইতিবাচক ক্রিকেট খেললে ভারতকে হারানো সম্ভব বলে মনে করেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফজলুল বারী, মেলবোর্ন থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2015, 05:28 PM

Updated : 25 Apr 2022, 01:08 PM

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম শতক করা এই ব্যাটসম্যান বুধবার মেলবোর্নে দেওয়া এক সাক্ষাৎকারে আগামী বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) ভারতের বিপক্ষে বাংলাদেশের কোয়ার্টার-ফাইনাল ম্যাচে বাংলাদেশের উদ্বোধনী জুটি, টস জয়ের গুরুত্ব আর দলের ফিল্ডিংসহ নানা বিষয় নিয়ে কথা বলেন।

সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ:

যে কোনো ফরম্যাটেই বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ এটি। কারণ এটি বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনাল। খেলা হচ্ছে এমসিজির মতো একটা নামকরা নিরপেক্ষ ভেন্যুতে। এটি নকআউট পর্যায়ের খেলা। যে হারবে সে বিশ্বকাপ থেকে বিদায় নেবে। ম্যাচটির দিকে পুরো ক্রিকেট বিশ্বের নজর থাকবে।

টস গুরুত্বপূর্ণ হবে:

টস জয় অবশ্যই গুরুত্বপূর্ণ হবে। যে কোনো ম্যাচে সব দলেরই নিজস্ব পরিকল্পনা থাকে। টস জিতলে সেই পরিকল্পনা বাস্তবায়ন সহজ হয়। এমসিজিতে টস জেতা দল অবশ্যই আগে ব্যাটিং নেবে। আগে ব্যাট নেওয়া দল দেখেশুনে খেললে তাদের পক্ষে ৩০০ রান করা কোনো বিষয়ই না। আর আগে ব্যাট করে কোনো দল ৩০০ বা এর বেশি রান করে ফেললে ম্যাচ জয় ৬০-৭০ ভাগ নিশ্চিত হয়ে যায়।

টসে হারলে:

টসে হেরে ফিল্ডিং পেলে আঁটসাঁট বোলিং করতে হবে, ভারতকে যতটা সম্ভব কম রানে আটকে ফেলতে হবে। একটা ম্যাচে তিনটি পর্যায় থাকে। প্রথম ১০ ওভার, এরপর ৩০-৪০ ওভার এবং শেষ ৪৫-৫০ ওভার। বাংলাদেশের এখন যে বোলিং শক্তি আছে তাতে করে নিয়ন্ত্রিত বোলিং-ফিল্ডিং করলে ভারতকে আটকে দেয়া কঠিন হবে না। তবে অবশ্যই নিয়মিত উইকেট পেতে হবে। বাংলাদেশের পেস আক্রমণ এখন অনেক শক্তিশালী। আমাদের পেসাররা এই বিশ্বকাপে খুবই ভালো করছেন। স্পিনাররা এখনও সেভাবে সুবিধা পাচ্ছে না ঠিক, কিন্তু বৃহস্পতিবারের ম্যাচে স্পিনারদের ভালো করার সম্ভাবনা আছে।

এই মূহুর্তে কোনো পরীক্ষা-নিরীক্ষা নয়:

বিশ্বকাপের এ পর্যায়ে এসে দলের উদ্বোধনী জুটি, তথা ব্যাটিং অর্ডার নিয়ে কোনো পরীক্ষা-নিরীক্ষা করা উচিৎ হবে না। তামিম ইকবাল আমাদের অন্যতম সেরা ব্যাটসম্যান। আশা করছি, ইমরুল কায়েসও এই ম্যাচে ভালো খেলবেন। তাদেরকে সমর্থন দিয়ে যেতে হবে। প্রতিপক্ষ দল ভালো বোলিং করলে প্রথম দিকে রান কিছুটা কম আসতে পারে। কিন্তু আমাদের পজিটিভ ক্রিকেট খেলতে হবে। আমাদের দলের উদ্বোধনী জুটি না দাঁড়াতে পারলেও মাহমুদুল্লাহ-মুশফিকুর রহিমরা দাঁড়িয়ে যাচ্ছে। সাকিব আল হাসান, নাসির হোসেন, সৌম্য সরকার ও সাব্বির রহমানদের দলকে জয়ের বন্দরে নিয়ে যাওয়ার সামর্থ্য আছে।

বড় মাঠ, ছোট মাঠ:

খুব গুরুত্বপূর্ণ একটি প্রসঙ্গ তুলেছেন। ক্যানবেরা, নেলসন, অ্যাডিলেইড বা হ্যামিল্টনের মাঠের চেয়ে এমসিজি অনেক বড় মাঠ। এই মাঠ পৃথিবীর সবচেয়ে বড়। তাই এখানে রান তোলার ব্যাপারে কৌশলি হতে হবে। পৌনে ১ রানকে ১, দেড়কে ২, আড়াইকে ৩ রানে পরিণত করতে হবে।

যদি বৃষ্টি নামে:

ম্যাচ পরিকল্পনায় বৃষ্টির বিষয়টিকে মাথায় রাখতে হবে। বৃষ্টি হলে ওভার কমালে তা ম্যাচে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। তখন টস জিতলে আগে বোলিং করাই উচিৎ হবে।

উত্তরসূরিদের পরামর্শ:

কোনো রকম চাপ মাথায় না নিয়ে স্বাভাবিক খেলাটা খেলে যেতে হবে। আমার মন বলছে, সবাই তাদের স্বাভাবিক খেলাটা খেলতে পারলে ভারতকে হারিয়ে স্বপ্নের সেমি-ফাইনালে উঠবে বাংলাদেশ।

পুরনো খবর:

পরিসংখ্যানে বাংলাদেশ-ভারত ম্যাচ
ভারতের বিপক্ষেই জ্বলে উঠতে চান সাকিব
ভারতকে জুটি গড়তে দিতে চায় না বাংলাদেশ
আইপিএল অভিজ্ঞতায় ভারত বধের স্বপ্ন সাকিবের
'মেলবোর্নে জিততে বড় স্কোর চাই'