২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাঙ্গা-মাহেলার জন্য জিততে চায় শ্রীলঙ্কা

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কোয়ার্টার-ফাইনালের লড়াইয়ে শ্রীলঙ্কার সবচেয়ে বড় প্রেরণা কুমার সাঙ্গাকারা আর মাহেলা জয়াবর্ধনে। বিশ্বকাপ শেষে ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানানোর কথা দুই বন্ধুর। এই দুই ব্যাটসম্যানের বিদায়টাকে স্মরণীয় করে রাখতেই বিশ্বকাপ জিতে বাড়ি ফিরতে চায় অ্যাঞ্জেলো ম্যাথিউসের দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2015, 02:38 PM

Updated : 25 Apr 2022, 01:08 PM

বুধবার অস্ট্রেলিয়ার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ আটের লড়াইয়ে মুখোমুখি হবে শ্রীলঙ্কা।

ম্যাথিউসের দল এই ম্যাচ হারলে ওয়ানডে ক্যারিয়ারে শেষ ম্যাচ খেলে ফেলবেন সাঙ্গাকারা আর জয়াবর্ধনে। আর ম্যাচটি জিতে শ্রীলঙ্কা বিশ্বকাপ অভিযানে থাকলে দুজনের ওয়ানডে ক্যারিয়ারের কলেবর আরেকটু বাড়বে।

ম্যাচের আগে শ্রীলঙ্কা দলেও এ বিষয়টি এসেছে। মঙ্গলবারের সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কার অধিনায়ক ম্যাথিউসকেও এ নিয়ে কথা বলতে হয়।

"আমরা এ নিয়ে অনেক আলোচনা করেছি। আমরা তাদের জন্য এই টুর্নামেন্ট ঐতিহাসিক করে রাখতে চাই।"

বিদায় বেলাটা সাঙ্গাকারা এমনিতেই নিজের আলোয় আলোকিত করে যাচ্ছেন। এখন পর্যন্ত বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনিই। আর এই পথে টানা চারটি শতক করে নতুন ইতিহাস গড়েন বাঁহাতি এই ব্যাটসম্যান। ওয়ানডে ক্রিকেটে টানা চারটি শতক এর আগে কেউ করেননি।

জয়াবর্ধনে সেভাবে আলো ছড়াতে না পারলেও এই বিশ্বকাপে একটি শতক পান তিনিও। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনি জ্বলে উঠবেন বলেই বিশ্বাস ম্যাথিউসের।

"আমি নিশ্চিত, মাহেলা বড় ম্যাচের খেলোয়াড়।"

পুরনো খবর:

'এবার দক্ষিণ আফ্রিকা প্রস্তুত'
মুখোমুখি 'ধ্রুপদী' সাঙ্গাকারা ও 'বিধ্বংসী' ডি ভিলিয়ার্স
'চোকিং' নিয়ে ভাবছেন না দুই অধিনায়কের কেউই
ব্যাটে-বলে রোমাঞ্চকর লড়াইয়ের অপেক্ষা