মুখোমুখি 'ধ্রুপদী' সাঙ্গাকারা ও 'বিধ্বংসী' ডি ভিলিয়ার্স
শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা কোয়ার্টার-ফাইনালে বাড়তি উত্তেজনা ছড়াচ্ছে একটি দ্বৈরথ। 'ধ্রুপদী' ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা বনাম উদ্ভাবনী সব শট খেলা 'বিধ্বংসী' এবি ডি ভিলিয়ার্সের লড়াই দেখার অপেক্ষায় আছেন ক্রিকেটপ্রেমীরা।
অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ড বিশ্বকাপে দুজনই ব্যাট হাতে আলো ছড়াচ্ছেন; বিধ্বংসী রূপটা দেখাচ্ছেন। রান সংগ্রাহকের তালিকায় সাঙ্গাকারা ও ডি ভিলিয়ার্সের লড়াইটা তাই বেশ জমেছে।
বুধবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকা সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে। এ ম্যাচে তাই ডি ভিলিয়ার্স ও সাঙ্গাকারার ব্যাটিং লড়াই উপভোগের আশায় বাড়তি আগ্রহ নিয়ে তাকিয়ে আছেন ক্রিকেটপ্রেমীরা।
বিশ্বকাপের একাদশ আসরের রান সংগ্রাহকের তালিকায় এ মুহূর্তে সবার ওপরে আছেন সাঙ্গাকারা; ছয় ম্যাচে ১২৪.০০ গড়ে ৪৯৬ রান শ্রীলঙ্কার এই বাঁহাতি ব্যাটসম্যানের। ছয় ম্যাচে ৮৩.৪০ গড়ে ৪১৭ রান নিয়ে তালিকায় তিনে আছেন ডি ভিলিয়ার্স।
দুই ব্যাটসম্যানের দুই রূপ বোঝাতে চার-ছক্কার পরিসংখ্যানও দেওয়া যায় এখানে। বিশ্বকাপের এ আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ ছক্কা ডি ভিলিয়ার্সের (২০টি)। বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ ছক্কার রেকর্ডটিও এখন প্রোটিয়া দলের এই মারকুটে ব্যাটসম্যানের। অন্যদিকে সাঙ্গাকারার ছয় ম্যাচে ছক্কা ৭টি।
চারের পাতায় আধিপত্য ব্যাকরণ মেনে বিধ্বংসী ব্যাটিংয়ের পসরা মেলা সাঙ্গাকারার; ছয় ম্যাচে এখন পর্যন্ত সর্বোচ্চ ৫৪টি চার মেরেছেন তিনি। অন্যদিকে ডি ভিলিয়ার্সের চারের সংখ্যা ৩৫টি।
সাঙ্গাকারা এ আসরেই দারুণ এক কীর্তি গড়েছেন। বিশ্বকাপ তো বটেই, ওয়ানডের ইতিহাসে টানা চারটি শতকের ইনিংস উপহার দিয়েছেন তিনি। শ্রীলঙ্কা অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউসও সতীর্থের কাছে আরো পাওয়ার আশা নিয়ে তাকিয়ে আছেন।
“অবশ্যই, আধুনিক খেলায় তারা দুজনেই কিংবদন্তি। আমরা দেখেছি, সাঙ্গাকারা টানা চারটি শতক করেছে এবং আমি আশা এবং প্রার্থনা করি, আগামীকাল সে পঞ্চম শতক পাবে।”
তবে প্রতিপক্ষ দলের অধিনায়ক ডি ভিলিয়ার্সকেও সমীহ করতে ভোলেননি ম্যাথিউস।
“এবি (ডি ভিলিয়ার্স) দারুণ ভালো করছে। আমরা সবাই জানি, সে একজন বিধ্বংসী খেলোয়াড়। যখন যে চলতে শুরু করে, তাকে থামানো আসলেই কঠিন হয়”, যোগ করেন ম্যাথিউস।
বিশ্বকাপের এ আসরে ডি ভিলিয়ার্সের ব্যাটিং তাণ্ডব দেখেছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়দের বিপক্ষে ভয়ালসুন্দর ব্যাটিং করে ৬৬ বলে অপরাজিত ১৬২ রান করেন তিনি। এই ইনিংস খেলার পথে ওয়ানডে ক্রিকেটে দ্রুততম দেড়শ' রানের রেকর্ড এবং বিশ্বকাপে দ্বিতীয় দ্রুততম শতক করেন ডি ভিলিয়ার্স।
আইসিসির ওয়ানডে সেরা ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে অবশ্য ডি ভিলিয়ার্সের পিছু ছুটছেন সাঙ্গাকারা। সর্বশেষ র্যাংকিং অনুযায়ী ৮৯৯ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান। আর ৮৬১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন সাঙ্গাকারা।
কোয়ার্টার-ফাইনাল পেরিয়ে সেমি-ফাইনালে উঠতে হলে তাই ডি ভিলিয়ার্সকে আটকে রাখার ‘শর্তটা’ আগেই যোগ করে দিয়েছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী।
ভিলিয়ার্স অবশ্য ব্যাট হাতে নিজের বিধ্বংসী রূপটা নিয়ে বরাবরই কম কথা বলেন। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর কথা প্রসঙ্গে তাই তিনি বলেন, “আমি এটা জানি না। কিন্তু আমি বিশ্বাস করি, আমাদের ১১ জনের দিকেই আগামীকাল তাদের চোখ রাখতে হবে।”
