২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'এবার দক্ষিণ আফ্রিকা প্রস্তুত'

আরেকটি নকআউট পর্বের লড়াইয়ের সামনে দক্ষিণ আফ্রিকা, এবার তারা পারবে তো? এর আগে কখনওই বিশ্বকাপের নকআউট পর্বে ম্যাচ না জেতা দলটির অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স জানিয়েছেন, তার দল প্রস্তুত।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2015, 06:47 PM

Updated : 25 Apr 2022, 01:08 PM

বুধবার অস্ট্রেলিয়ার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে কোয়ার্টার-ফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা।

বিশ্ব ক্রিকেটে লম্বা নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর ৬টি বিশ্বকাপ খেলেছে দক্ষিণ আফ্রিকা। এর একটিতেও নকআউট পর্বে কোনো জয় পায়নি তারা। অসাধারণ সব খেলোয়াড় থাকার পরও নানাভাবে নকআউটের ম্যাচগুলো হেরেছে আফ্রিকা মহাদেশের দেশটি।

এবার এই গেরো ছোটাতে মরিয়া দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক ডি ভিলিয়ার্সও বেশ আত্মবিশ্বাসী।

"আগামীকাল (বুধবার) ম্যাচটি জয়ের একটি পথ খুঁজে বের করতে হবে আমাদের। ছেলেদের প্রতি এটাই আমার মূল বার্তা এবং আমি সত্যি বিশ্বাস করি, এর জন্য আমরা প্রস্তুত।"

জয়ের জন্য প্রতিপক্ষ দলের শক্তি আর দুর্বলতা বিশ্লেষণ না করে ডি ভিলিয়ার্স নিজেদের কাজে মনোযোগ দেওয়ার কথা বলেন। দলের সবাইকে তিনি পরামর্শ দিয়েছেন, কোনো দিকে না তাকিয়ে সবাই যেন তাদের দায়িত্বটা শতভাগ করেন।

নিজেদের উজার করে দিতে পারলে শ্রীলঙ্কাকে হারানো অসম্ভব হবে না বলে মনে করেন দুর্দান্ত ফর্মে থাকা ডি ভিলিয়ার্স।