২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাটে-বলে রোমাঞ্চকর লড়াইয়ের অপেক্ষা

দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপ কি খুব ভালো, নাকি ভঙ্গুর? শ্রীলঙ্কার বোলিং কি শক্তিশালী, নাকি দুর্বল? প্রথম কোয়ার্টার-ফাইনালে মুখোমুখি হওয়ার আগে এবারের বিশ্বকাপে দুটি দলই এই ভালো আর মন্দের ধন্দের মধ্যে আছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2015, 08:57 PM

Updated : 25 Apr 2022, 01:08 PM

ওয়েস্ট ইন্ডিজ আর আয়ারল্যান্ডকে উড়িয়ে দিয়ে দুটি ম্যাচেই ৪০০ রান পার হওয়া ইনিংস গড়ে দক্ষিণ আফ্রিকা। দলটি আবার ভারতের কাছে উড়ে যায়। পাকিস্তানের পেস আক্রমণের সামনে মুখ থুবড়ে পড়ে হাশিম আমলা, ফাফ দু প্লেসি, এবি ডি ভিলিয়ার্স, জেপি ডুমিনি আর ডেভিড মিলারদের নিয়ে গড়া ব্যাটিং লাইনআপ।

অন্য দিকে শ্রীলঙ্কা চার ম্যাচে তিনশ'র বেশি রান করে। গ্রুপ পর্বে ৬ ম্যাচের তিনটিতেই প্রতিপক্ষকে অলআউট করে তারা। তবে বিশ্বকাপের দুই আয়োজক দেশ নিউ জিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের বোলিং মোটেই ভালো হয়নি।

দুই দেশের দল বিশ্লেষণ করলে দক্ষিণ আফ্রিকাই এগিয়ে থাকবে। দল দুটি সবশেষ মুখোমুখি হয়েছিল গত বছর, শ্রীলঙ্কায়। আমলা, কুইন্টন ডি কক ও ডি ভিলিয়ার্সের অসাধারণ ব্যাটিংয়ে সেবার শ্রীলঙ্কা থেকে ২-১ ব্যবধানে সিরিজ জিতে ফেরে দক্ষিণ আফ্রিকা।

এবার অবশ্য লড়াইয়ের প্রেক্ষাপটটা ভিন্ন। বিশ্বমঞ্চে অন্যরকম একটা তকমা নিয়েই শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপে এখন পর্যন্ত নকআউট পর্বে কোনো ম্যাচ জিততে পারেনি তারা। সেদিক দিয়ে অবশ্যই এগিয়ে আছে ১৯৯৬ বিশ্বকাপ জয়ী শ্রীলঙ্কা।

দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডি ভিলিয়ার্স অবশ্য পুরানো ইতিহাস নিয়ে মোটেই ভাবছেন না।

"এ বিষয়ে মনোযোগ দিতে আমাদের অসুবিধা নেই। কিন্তু আমরা এতে মনোযোগ দিচ্ছি না, কারণ অতীতে কী ঘটেছে তাতে মনোযোগ দেওয়া গুরুত্বপূর্ণ নয়।"

শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউসও এসবে গুরুত্ব দিচ্ছেন না।

"দুই দলই নিশ্চিতভাবে স্নায়ুচাপে থাকবে। আমরা সবাই জানি, হারানোর জন্য দক্ষিণ আফ্রিকা খুব কঠিন একটি দল; বিশেষ করে এই টুর্নামেন্টে। তাই এটা ইতিহাস।"

পরিসংখ্যান সবসময়ই মায়াবী বিভ্রম। বর্তমান নিয়ে ভাবলে এই ম্যাচের আগে শ্রীলঙ্কার সবচেয়ে বড় ভরসার নাম কুমার সাঙ্গাকারা। এই মুহূর্তে ক্যারিয়ারের সেরা ফর্মে রয়েছেন তিনি। টানা চারটি শতক করে ওয়ানডে ক্রিকেটে ইতিহাস গড়ে এই ম্যাচ খেলতে নামছেন বাঁহাতি এই ব্যাটসম্যান।

এ ছাড়া তিলকারত্নে দিলশান, মাহেলা জয়াবর্ধনে ও লাহিরু থিরিমান্নেও ছন্দে আছেন। তিনজনই এই বিশ্বকাপে শতক করেছেন। গত নয় মাসে লাসিথ মালিঙ্গা তার গতি কিছুটা হারালেও এখনো নিখুঁত আছেন তিনি। তবে রঙ্গনা হেরাথকে এই ম্যাচে নাও পেতে পারে শ্রীলঙ্কা।

দক্ষিণ আফ্রিকা অবশ্য ইমরান তাহিরের সাহায্য ঠিকই পাচ্ছে। পেসারদের বিশ্বকাপে এক ম্যাচে ৫ উইকেট পাওয়া স্পিনার একমাত্র তিনি। স্পিন বোলিংয়ের বিরুদ্ধে সহজাতভাবে ভালো খেলা শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের বিপক্ষেও তিনি কার্যকরী হবেন বলে মনে করেন অনেকে।

এই ম্যাচে আছে সাঙ্গাকারা-ডি ভিলিয়ার্স দ্বৈরথও। দুজন ব্যাটসম্যানই দারুণ ছন্দে আছেন। ৪৯৬ রান নিয়ে গ্রুপ পর্ব শেষে সাঙ্গাকারা বিশ্বকাপের এ আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক। আর ৪১৭ রান নিয়ে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ডি ভিলিয়ার্স। বিশ্বজোড়া ক্রিকেটপ্রেমীরা 'ধ্রুপদী' সাঙ্গাকারা আর 'ভয়ালসুন্দর' ডি ভিলিয়ার্সের দ্বৈরথ দেখারও অপেক্ষায় আছেন।