২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'চোকিং' নিয়ে ভাবছেন না দুই অধিনায়কের কেউই

দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা ম্যাচের আগে ঘুরেফিরে 'চোকিং' শব্দটা এলো। কিন্তু দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স বিষয়টি নিয়ে মোটেই ভাবছেন না। প্রতিপক্ষ অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউসও এটাকে গুরুত্ব দিতে নারাজ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2015, 09:05 PM

Updated : 25 Apr 2022, 01:08 PM

গত দুই দশকে দক্ষিণ আফ্রিকা দলে অসাধারণ সব ক্রিকেটার খেলেছেন। এরপরও নিষেধাজ্ঞা কাটিয়ে ১৯৯১ সালে ক্রিকেটে ফেরার পর থেকে বিশ্বকাপে এখনও নকআউট পর্বে কোনো ম্যাচ জেতেনি তারা।

বিশ্বকাপের বিভিন্ন আসরে নকআউটের ম্যাচগুলোয় নানাভাবে হেরেছে তারা। তবে বেশিরভাগ সময়েই চাপের কাছে নতি স্বীকার করে দক্ষিণ আফ্রিকা। এই কারণেই বিশ্ব ক্রিকেটে অনেকের কাছে তারা পরিচিতি পায় ‘চোকার্স' নামে।

স্বাভাবিক কারণেই আরেকটি নকআউট পর্বের ম্যাচের আগে প্রসঙ্গটি ওঠে। ডি ভিলিয়ার্স বিষয়টিতে মনোযোগ দেওয়ার কোনো কারণ খুঁজে পাচ্ছেন না।

"এ বিষয়ে মনোযোগ দিতে আমাদের অসুবিধা নেই। আমরা এতে মনোযোগ দিচ্ছি না, কারণ অতীতে কী ঘটেছে তাতে মনোযোগ দেওয়া গুরুত্বপূর্ণ নয়।"

শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেতে দক্ষিণ আফ্রিকা প্রস্তুত বলে বিশ্বাস করেন ডি ভিলিয়ার্স।

"আমি যেটা বলতে পারি, তা হলো আমরা 'চোক' করতে যাচ্ছি না।"

চাপের কাছে প্রতিপক্ষের ভেঙে পড়া আর বিশ্বকাপের নকআউটে এখনো পর্যন্ত তাদের কোনো ম্যাচ না জেতার ইতিহাস; এগুলো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কোয়ার্টার-ফাইনাল ম্যাচের আগে শ্রীলঙ্কাকে বাড়তি সুবিধা দেবে কিনা? ম্যাচের আগের দিনের সংবাদ সম্মেলনে ম্যাথিউস এই সুবিধা-তত্ত্ব উড়িয়ে দেন।

"দুই দলই নিশ্চিতভাবে স্নায়ুচাপে থাকবে। আমরা সবাই জানি, হারানোর জন্য দক্ষিণ আফ্রিকা খুব কঠিন একটি দল; বিশেষ করে এই টুর্নামেন্টে। তাই এটা ইতিহাস।"

পরিসংখ্যান সবসময়ই মায়াবী বিভ্রম, ম্যাথিউসও এটা মানেন। দক্ষিণ আফ্রিকাকে হারাতে আত্মবিশ্বাস নিতে তাই ইতিহাসের দিকে তাকাচ্ছেন না তিনি।

"সত্যি আপনি এটা (পরিসংখ্যান) থেকে কিছু নিতে পারেন না। ইতিহাস থেকে আপনাকে সরে আসতে হবে এবং যে ম্যাচটি খেলবেন, সেটির দিকে তাকাতে হবে। পরিসংখ্যান নিয়ে আমি একদম ভাবি না। নির্দিষ্ট দিনে কী করলাম, সেটাই আসল। আপনাকে মাঠে যেতে হবে এবং দক্ষিণ আফ্রিকাকে হারাতে ভালো পারফর্ম করতে হবে।"