স্মিথের কলাম: লড়াইটা প্রোটিয়াস বোলিংয়ের সঙ্গে ভারতীয় ব্যাটিংয়ের
বিশ্বকাপে পাকিস্তানের কাছে কখনো হারেনি ভারত। ঠিক তেমনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আবার জিততে পারেনি ভারত। রোববার ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে ওই পরিসংখ্যানে উল্লসিত গ্রায়েম স্মিথ। দক্ষিণ আফ্রিকার সাবেক এই অধিনায়ক অবশ্য বিশ্বাস করেন, প্রোটিয়াস বোলিংয়ের সঙ্গে ভারতীয় ব্যাটিংয়ে লড়াই এঁকে দেবে এই ম্যাচের গন্তব্য।
আমার লেখাটি শুরু করতে চাই একটি তথ্য দিয়ে- বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা কখনো ভারতের কাছে হারেনি। টুর্নামেন্টের ইতিহাসে দল দুটি মুখোমুখি হয়েছে তিন বার। প্রতিটি ম্যাচ ছিল খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। তিন বারই পরে ব্যাটিং করে দক্ষিণ আফ্রিকা জয়ের লক্ষ্যে পৌঁছেছে মাত্র কয়েক বল হাতে রেখে।
বিশ্বকাপে এই দুটো দল মুখোমুখি হওয়া মানেই তাই স্মরণীয় ম্যাচ। অ্যাডিলেড (১৯৯২), হোভ (১৯৯৯) ও নাগপুরের (২০১১) ম্যাচগুলো ছিল ওই সব বিশ্বকাপের অন্যতম সেরা। ২০১৫ সালের মেলবোর্নেও অন্যরকম কিছু হবে বলে মনে হয় না।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড ৯৭ হাজার ক্রিকেটপ্রেমী দর্শকের স্টেডিয়াম। গ্যালারির মতো মাঠও বিশাল। বিশ্বকাপের এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আবহে দুই দলের উপর স্নায়ুর চাপ থাকা স্বাভাবিক। এ কারণে আমি বিশ্বাস করি, যে দল যত দ্রুত ছন্দ পাবে, ম্যাচে তাদের জয়ের সম্ভাবনাও বাড়বে তত।
২০১৪-১৫ মৌসুমে এখন পর্যন্ত তিনটি ওয়ানডে খেলা হয়েছে মেলবোর্নে। বেশ রান হয়েছে সবগুলোতে। রোববারের ম্যাচেও এই ধারা অব্যাহত থাকবে বলে আমার বিশ্বাস।
আরেকটি পরিসংখ্যানে সবার দৃষ্টি আকর্ষণ করতে চাই। ২০১৩ সাল থেকে ধরলে ওয়ানডেতে রান তাড়া করে সবচেয়ে বেশি জেতা দল ভারত। যে কোন রানের পিছু ধাওয়া করায় তাই আত্মবিশ্বাসী থাকবে তারা। মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলির মতো ক্রিকেটার দলের মধ্যে এ বিশ্বাস দিয়েছে ছড়িয়ে। টপ অর্ডারে শিখর ধাওয়ান, রোহিত শর্মা ও কোহলি রয়েছে, গত কয়েক বছরে ওয়ানডে ক্রিকেটে যারা বইয়ে দিয়েছে রানের বন্যা। সুরেশ রায়নাও মনে হচ্ছে ঠিক সময়ে ফিরেছে ফর্মে। রবীন্দ্র জাদেজার গড়-স্ট্রাইকরেট মন্দ না। তবে দ্রুতগতির উইকেটে ভালো না ওর রেকর্ড। আর ওই খারাপ ফর্ম নিয়েই ও শুরু করেছে বিশ্বকাপ। আজিঙ্কা রাহানে হয়তো ব্যাটিং লাইনআপে নিজের ভূমিকাটা বোঝার চেষ্টা করছে এখনো। এমনিতে ও ওপেনার। যে ৪৭টি ওয়ানডে খেলেছে এর মধ্যে একবারই কেবল চারের নীচে নেমেছে ব্যাটিংয়ে; পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে সাত নম্বরে।
অধিনায়ক ধোনির ব্যাট হয়তো সেভাবে হাসছে না ইদানিং। তবে এটি নিয়ে বেশি মনোযোগ দেওয়ার কিছু নেই। কারণ সর্বশেষ ১১ বছরে বারবার ম্যাচ শেষ করা ও জেতানোর ক্ষমতা দেখিয়েছে ও।
এই ম্যাচে শুরুর দিকে উইকেট নেওয়ার গুরুত্ব খুব ভালো বোঝার কথা প্রোটিয়াদের। ভারতের টপ অর্ডারের তিনজনকে থিতু হতে দেওয়া যাবে না। দিলে তারা মিডল অর্ডারের জন্য রানোৎসবের মঞ্চ তৈরি করে দেবে।
শেষ পর্যন্ত আমি মনে করি, লড়াইটা হবে প্রোটিয়াস বোলিংয়ের সঙ্গে ভারতীয় ব্যাটিংয়ের।
ঠিক এই কারণেই এ ম্যাচে আমি ফারহান বেহার্দিনের জায়গায় ওয়েন পারনেলকে খেলানোর পক্ষে। গত তিন মাস অস্ট্রেলিয়ার উইকেটে খেলে খেলে ফাস্ট, শর্ট-পিচড বোলিংয়ের মুখোমুখি হওয়ার অভ্যাস হয়তো গড়ে তুলেছে ভারত। তারপরও আমি মনে করি, প্রোটিয়ারা এই অস্ত্রেই ঘায়েল করতে পারে তাদের।
এজন্য আমি বাড়তি ফাস্ট বোলার হিসেবে পারনেলকে খেলাতে চাই। তাতে ভারতের বাঁহাতি ব্যাটসম্যান ধাওয়ান, রায়না, জাদেজাদের বিপক্ষে বোলিংয়ের সুবিধাও পাবে সে। বাড়তি সতর্কতা হিসেবে একজন অতিরিক্ত ব্যাটসম্যান খেলানোর তত্ত্ব রয়েছে ঠিক। তবে প্রথম ম্যাচে ডেভিড মিলার ও জেপি দুমিনির ব্যাটিং ওই তত্ত্বের পথে না হাঁটতে উৎসাহিত করছে দক্ষিণ আফ্রিকাকে।
আর ভারতের বোলিং আক্রমণ হয়তো চোখ ঝলসানো না, তবে কার্যকর। মোহাম্মদ সামি ও মোহিত শর্মা প্রথম ম্যাচে ভালোই বোলিং করেছে। প্রোটিয়া ব্যাটসম্যানদের জন্য গুরুত্বপূর্ণ হল, দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন বা জাদেজা যেন ছন্দ খুঁজে না পায়। ধোনি ওর বোলারদের ব্যবহার করবে ঘুরিয়ে-ফিরিয়ে, ফিল্ডিং পজিশনও হয়তো হবে না প্রথাগত। তবে আগে-পরে যখনই ব্যাটিং করুক, প্রোটিয়াদের শীর্ষ ছয় ব্যাটসম্যান অনেক রান করার আত্মবিশ্বাস নিয়েই শুরু করবে ম্যাচ।
ইতিহাস ও রেকর্ডের পাতা প্রতিশ্রুতি দিচ্ছে, ভারতের বিপক্ষে পরে ব্যাটিং নিশ্চিত করলে নিশ্চিত হবে প্রোটিয়াদের জয়ও। তবে এমন ম্যাচের চিত্রনাট্য কখনোই এমন সরল হয় না। রোববারও তাই ভিন্ন কিছু হবে না বলে আমার বিশ্বাস।
-আইসিসির সৌজন্যে
