২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত ম্যাচে হাসির দিকে তাকিয়ে প্রোটিয়ারা

ভারতের বিপক্ষে মাইক হাসির অভিজ্ঞতা কাজে লাগাতে চায় দক্ষিণ আফ্রিকা। তবে বিশ্বকাপে ভালো করার জন্য দলটির কোচ রাসেল ডমিঙ্গো দক্ষতা বাড়ানোর ওপর বেশি জোর দিচ্ছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2015, 09:27 PM

Updated : 25 Apr 2022, 01:02 PM

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল চেন্নাই সুপার কিংসে খেলার অভিজ্ঞতা আছে হাসির। অস্ট্রেলিয়ার এই সাবেক ক্রিকেটারকে পরামর্শক হিসেবে দলে টেনেছে দক্ষিণ আফ্রিকা। হাসির আইপিএলে খেলার অভিজ্ঞতা ভারতের বিপক্ষে কাজে লাগাতে চায় প্রোটিয়ারা।

দলটির কোচ ডমিঙ্গো জানান, হাসির মতো অভিজ্ঞ একজন খেলোয়াড়কে পরামর্শক হিসেবে পাওয়াটা তার দলের জন্য অনেক বড় ব্যাপার।

“সে বিশ্বকাপ জয়ী খেলোয়াড়। সে অস্ট্রেলিয়ার কন্ডিশনে দীর্ঘ দিন চাপের মধ্যে খেলেছে। তাই আমাদের খেলোয়াড়দের জন্য তার উপস্থিতি অনেক বড় অনুপ্রেরণার।”

২০১১ সালে ভারতের বিশ্বকাপ জয়ের সময় দলটির কোচ ছিলেন গ্যারি কারস্টেন। দক্ষিণ আফ্রিকার এই সাবেক ব্যাটসম্যান বর্তমানে এবি ডি ভিলিয়ার্সদের সঙ্গেও কাজ করছেন। ডমিঙ্গোর বিশ্বাস, কারস্টেনের অভিজ্ঞতাও তাদের কাজে দেবে।

অতীতে বড় আসরে চাপের মুখে দক্ষিণ আফ্রিকার হুড়মুড়িয়ে ভেঙে পড়ার কারণেই ‘চোকার্স’ নামটি দলটির সঙ্গে সেঁটে আছে। এ নিয়ে ডমিঙ্গোর ভাবনা, দক্ষতা বাড়াতে পারলেই স্নায়ুর চাপ সামলাতে পারবে প্রোটিয়ারা।

“গত আট বা নয় মাস ধরে আমাদের সঙ্গে মনোবিদ নেই। আমি চাইব, দল দক্ষতার ওপর দৃষ্টি দিক। যদি আপনার দক্ষতা ঠিক থাকে, তাহলে আপনি চাপের মধ্যে ভালো কিছু করার মানসিক শক্তি পাবেন। বাজে দক্ষতা নিয়ে আপনি মানসিকভাবে শক্ত হতে পারবেন না।”

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে রোববার বর্তমান চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা।

পুরনো খবর:

দক্ষিণ আফ্রিকাকে নিয়ে ভারতকে টেন্ডুলকারের সতর্কবাণী