আফগান হুংকারেও আত্মবিশ্বাসী বাংলাদেশ
বাংলাদেশকে হারানোর প্রত্যয় আফগানিস্তান অধিনায়ক মোহাম্মদ নবির; দেশটির কোচ অ্যান্ডি মোলসেরও জেতার ছক আঁকা সারা। তবে এসব হুংকারে কান দিচ্ছে না বাংলাদেশ। জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে আত্মবিশ্বাসী মাশরাফি বিন মুর্তজারা।
বুধবার ক্যানবেরার ম্যানুকা ওভালে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে নয়টায়।
অস্ট্রেলিয়া ক্রিকেট একাদশের বিপক্ষে দুটি অনানুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে হারে বাংলাদেশ। পরে পাকিস্তান ও আয়ারল্যান্ডের কাছে বিশ্বকাপের দুই প্রস্তুতি ম্যাচেও হেরে যায় তারা।
অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড, ইংল্যান্ড ও শ্রীলঙ্কার সঙ্গে একই গ্রুপে রয়েছে বাংলাদেশ। আফগানিস্তানের কাছে হারলে তাদের কোয়ার্টার-ফাইনালে খেলার পথ অনেক বেশি কঠিন হয়ে যাবে। তাই স্বপ্ন টিকিয়ে রাখতে হলে এই ম্যাচে যে কোনো মূল্যে জিততে হবে বাংলাদেশকে।
আফগানিস্তানের বিপক্ষে একটিই ওয়ানডে খেলে বাংলাদেশ। গত বছর এশিয়া কাপে দেশের মাটিতে সেই ম্যাচে ৩২ রানে হেরেছিল তারা। সেই ম্যাচে তামিম ইকবাল ও সাকিব আল হাসানকে ছাড়াই খেলেছিল স্বাগতিকরা। এবার দুই তারকাকেই দলে পাচ্ছেন মাশরাফি।
ওয়ানডেতে দ্বিতীয় দেখায় আগের হারের হিসাব চুকিয়ে ফেলতে চাইবেনই মাশরাফিরা। শেষ তিন-চার দিনের কঠোর অনুশীলনে কন্ডিশনের সঙ্গে অনেকটাই মানিয়ে নিয়েছেন মুশফিকুর রহিম, মুমিনুল হকরা। তাই দলের কাছ থেকে সেরা খেলাটারই প্রত্যাশা অধিনায়কের।
“উইকেট সব সময় ভালো থাকবে। ব্যাটিং-বোলিং ভালো করলে সুযোগ বেশি থাকবে। আমার মনে হয় না, টস খুব গুরুত্বপূর্ণ হবে।”
গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে জেতা ওয়ানডে সিরিজ থেকে ব্যাটিং লাইনআপ ও দলের কম্বিনেশন নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ায় দুটি করে অনানুষ্ঠানিক ও আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচেও এই চেষ্টা ছিল।
মঙ্গলবার সংবাদ সম্মেলনে মাশরাফি জানান, ব্যাটিং লাইন-আপ মোটামুটি ঠিক করে রেখেছেন তারা।
ভালো সূচনার জন্য তামিম ও এনামুলের দিকে তাকিয়ে থাকবে বাংলাদেশ। চোট কাটিয়ে পাকিস্তানের বিপক্ষে ৮১ রানের চমৎকার ইনিংস খেলেন তামিম। তবে অস্ট্রেলিয়ায় খেলা চার ম্যাচেই ব্যর্থ হন এনামুল।
বড় সংগ্রহের ভিত পেতে মুমিনুল হক, মাহমুদুল্লাহ রিয়াদের ওপর নির্ভর করবেন মাশরাফি। পাকিস্তানের বিপক্ষে ৮৩ রান করেন মাহমুদুল্লাহ। আয়ারল্যান্ডের বিপক্ষে বিশ্রাম দেয়া হলেও চার নম্বরে খেলবেন এই অলরাউন্ডার।
বড় সংগ্রহ গড়তে জ্বলে উঠতে হবে মুশফিক, সাকিব, সাব্বির রহমান, নাসির হোসেনদেরও। কম্বিনেশনের জন্য সাব্বির ও নাসিরের যেকোনো একজনকে খেলানো হতে পারে।
তিন ধরণের ক্রিকেটে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের সঙ্গে স্পিন আক্রমণে থাকতে পারেন তাইজুল ইসলাম বা আরাফাত সানি।
মাশরাফির সঙ্গে পেস আক্রমণের দায়িত্বে থাকতে পারেন রুবেল হোসেন ও তাসকিন আহমেদ। আরেক পেসার আল-আমিন হোসেনকে এই ম্যাচে বাইরেই থাকতে হতে পারে।
আফগানিস্তানের অনেক খেলোয়াড়কেই ভালোভাবে চেনেন বাংলাদেশের ক্রিকেটাররা। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ ও বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলার অভিজ্ঞতা আছে অধিনায়ক মোহাম্মদ নবিসহ আফগানিস্তানের অনেক ক্রিকেটারেরই।
বিশ্বকাপের জন্য অনেক দিন ধরে প্রস্তুতি নিয়েছে আফগানিস্তান। প্রস্তুতি ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের কাছে হারলেও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে জিতে দলটি।
বাংলাদেশ ছাড়াও ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে জয় রয়েছে আফগানিস্তান। জিম্বাবুয়ে সফরে ২-২ ব্যবধানে চার ম্যাচের সিরিজ ড্র করে তারা।
বাংলাদেশ ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিষেক হবে আফগানিস্তান দলের। এই ম্যাচে আবেগ নিয়ন্ত্রণে রেখে শিষ্যদের মাথা ঠাণ্ডা রেখে খেলার পরামর্শ দেন আফগানিস্তানের কোচ অ্যান্ডি মোলস।
আফগানিস্তানের অধিনায়ক মোহাম্মদ নবি মনে করেন, বাংলাদেশের ওপরই থাকবে সমস্ত চাপ। তার বিশ্বাস, সতীর্থরা স্নায়ু ধরে রাখবে এবং চাপটাকেও নিয়ন্ত্রণ করবে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আয়ারল্যান্ডের জয় উজ্জ্বীবিত করছে আফগানিস্তানকে। সহযোগী দেশের এই জয়কে চাপ নয়, অনুপ্রেরণা হিসেবে নিচ্ছে বাংলাদেশও।
