২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'বাংলাদেশকে হারাতে পারলে নাচবে আফগানরা'

যোদ্ধা জাতি হিসেবে আফগানদের বাকি বিশ্বের কাছে পরিচিত যতই থাক না কেন, খেলাধূলার প্রতি দেশটির মানুষের ভালোবাসা সম্পর্কে জানাশোনা আছে জিওফ লসনের। আফগানিস্তানের অনূর্ধ্ব-১৯ দল ও জাতীয় দলের পরামর্শক হিসেবে দেশটিতে কিছুদিন কাটানোর অভিজ্ঞতা থেকে এই অস্ট্রেলিয়ান জানালেন, বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় পেলে কাবুল-কান্দাহারের রাস্তায় নাচ-গান আর উৎসবের জোয়ার বইবে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2015, 08:00 PM

Updated : 12 Oct 2022, 03:17 PM

পুরনো খবর:

বাংলাদেশের ওপরই সব চাপ দেখছেন নবি
শিষ্যদের মেজাজ নিয়ে চিন্তায় আফগান কোচ!
সেই হার নিয়ে দুর্ভাবনায় নেই মাশরাফি

ক্রিকেটের বিশ্বমঞ্চে এবারই প্রথম খেলতে নামছে আফগানিস্তান। ক্যানবেরায় বুধবার তাদের বিশ্বকাপের প্রথম ম্যাচের প্রতিপক্ষ মাশরাফি-সাকিবদের বাংলাদেশ। আফগানিস্তান দলের কোচ অ্যান্ডি মোলস, অধিনায়ক মোহাম্মদ নবি এরই মধ্যে জানিয়েছেন, দেশের মানুষের জন্য তারা সাফল্য এনে দিতে চান।

লসনও মনে করছেন, নবি-নওরোজদের চাওয়া পূরণের যাত্রা যদি বাংলাদেশকে হারিয়ে শুরু হয়, তাহলে দেশটির মানুষের আনন্দের সীমা-পরিসীমা থাকবে না। জয়ের স্বপ্ন নিয়ে দেশটির ক্রিকেটপ্রেমীরা টেলিভিশনের সামনে বসবে।

“যদি তারা জেতে, তাহলে কান্দাহার, কাবুল ও জালালাবাদ এবং সব জায়গায় রাস্তায় নাচ হবে।”

বিশ্বের কাছে আফগানিস্তান ভালো শিরোনামে সচারচর আসে না। যুদ্ধ আর মৃত্যুর বিভীষিকা নিয়েই তারা প্রতিদিন খবর হয়। পানি নেই, বিদ্যুৎ নেই, শরণার্থী শিবিরের দুরবস্থা-এ সবই লসনের জানা। তাই এই অস্ট্রেলিয়ানের বিশ্বাস, বিশ্বকাপের সাফল্য দেশটির জন্য ভালোভাবে শিরোনামে আসার উপলক্ষ্য হতে পারে।

“এই আসরের দিকে তাদের প্রচুর মনোযোগ থাকবে; ভালো সব কারণে বিশ্বমঞ্চে আসাটা আফগানিস্তানের মানুষের জন্য অনেক বড় ব্যাপার হবে।”

লক্ষ্য পূরণের মতো ক্রিকেটার অবশ্য আফগানিস্তান দলে আছে এবং এই দলের সিনিয়র অনেককে ভালো করে জানেন লসন। অধিনায়ক মোহাম্মদ নবি দলের অন্যতম সেরা অলরাউন্ডার; স্পিন বোলিং করে ৪২ উইকেট নেয়ার পাশাপাশি দেশের হয়ে সর্বোচ্চ ১ হাজার ৬৯ রান তুলেছেন তিনি।

গত এশিয়া কাপে বাংলাদেশকে হারানো ম্যাচে ৯০ রানের হার না মানা ইনিংস খেলা আসগর স্তানিকজাই আছেন নবির ব্যাটিং লাইনআপে। এছাড়া জাভেদ আহমাদি আছেন এবারের বিশ্বকাপের সম্ভাবনাময় খেলোয়াড়দের তালিকায়। ২৩ বছর বয়সী এই সাবেক শিষ্যকে নিয়ে বেশ আশাবাদী লসন।

লসন জানান, আফগানিস্তান দলের ক্রিকেটারদের মধ্যে জাভেদ হুক ও কাট শট সবচেয়ে ভালো খেলতে পারে। গতিময় ও শর্ট-পিচড বল খেলতেও জাভেদ বেশ পারদর্শী বলেও জানান তিনি।

নবির দলে প্রতিভার অভাব নেই উল্লেখ করে লসন সাবেক শিষ্যদের এও মনে করিয়ে দিয়েছেন, বিশ্বকাপের চাপ সামলে খেলাটাই আসল কথা।