শিষ্যদের মেজাজ নিয়ে চিন্তায় আফগান কোচ!
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ বাংলাদেশকে নিয়ে কোনো ভয় না থাকলেও আফগানিস্তান কোচ অ্যান্ডি মোলস একেবারে নির্ভার নন। উইকেটে নিজের শিষ্যদের মেজাজ-মর্জি নিয়ে চিন্তায় আছেন ইংল্যান্ডের এই কোচ।
ক্যানবেরার ম্যানুকা ওভালে বুধবার বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচ খেলবে আফগানিস্তান। মোলেস ভয় পাচ্ছেন, তার শিষ্যরা যদি হুটহাট মেজাজ হারিয়ে বসে, তাহলেই সর্বনাশ।
“যেটা হয় আর কি, যখন তারা সেরা ক্রিকেট খেলে না, তারা উত্তেজিত হয়ে পড়ে। তখন তারা চার-ছক্কা মারতে চায়।”
“পরের ২৪ ঘণ্টা..আমরা ম্যাচের জন্য প্রস্তুতি নেব এবং এটা নিশ্চিত করতে হবে, ম্যাচে আমরা শান্ত থাকব”, যোগ করেন তিনি।
আগের দিন অস্ট্রেলিয়ার গণমাধ্যমে বাংলাদেশকে ভয় না পাওয়ার কথা বলেন মোলস। মঙ্গলবার তিনি জানান, তার পরিকল্পনাগুলো শিষ্যরা মাঠে বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশের সঙ্গে ম্যাচে কঠিন লড়াই হবে।
এদিন আফগানিস্তান অধিনায়ক গত মার্চে এশিয়া কাপে বাংলাদেশকে হারানোর প্রসঙ্গ টেনে সাংবাদিকদের জানান, ক্যানবেরার ম্যাচে তার দলের ওপর কোনো চাপ নেই; বরং সব চাপ মাশরাফিদের ওপর।
এবারই প্রথম বিশ্বকাপ খেলতে নামছে আফগানিস্তান। মোলস জানান, এমন অর্জনের সামনে দাঁড়িয়ে তার শিষ্যরা সম্মানিত বোধ করছে এবং তারা দেশের মানুষের জন্য খেলতে উন্মুখ হয়ে আছে।
