২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ দলে ‘মানসিক শক্তির ঘাটতি’

বিশ্বকাপের মূল লড়াইয়ে নামার আগে মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত হওয়ার ওপর গুরুত্ব দিচ্ছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। পাকিস্তান ও আয়ারল্যান্ডের বিপক্ষের দুটি প্রস্তুতি ম্যাচের পর অধিনায়কের মনে হচ্ছে, মানসিক শক্তির ঘাটতির কারণে তার সতীর্থরা মাঠে সামর্থ্যের অনুবাদ করতে পারছেন না।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2015, 11:51 PM

Updated : 22 Aug 2022, 11:41 AM

সিডনির ব্ল্যাকটাউন অলিম্পিক পার্ক ওভালে বৃহস্পতিবার শেষ প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডের কাছে ৪ উইকেটে হারের পর সাংবাদিকদের কাছে বিশ্বকাপ শুরুর আগের করণীয়টা জানান মাশরাফি।

“আসল কথা হলো, আমরা মানসিকভাবে প্রস্তুত হতে পারছি না। আমার মনে হয় কন্ডিশন থেকে আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে, মানসিকভাবে তৈরি হওয়া।”

পাকিস্তানের বিপক্ষের প্রস্তুতি ম্যাচে তামিম ইকবাল ও মাহমুদুল্লাহ রিয়াদ অর্ধশতকের ইনিংস খেলেন। কিন্তু আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের কোনো ব্যাটসম্যান অর্ধশতক পাননি। সিডনির ওই ম্যাচে সৌম্য সরকার দলের হয়ে সর্বোচ্চ ৪৫ রানের ইনিংস খেলেন।

ইরফান-আফ্রিদিদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের প্রসঙ্গ টেনে মাশরাফি বলেন, “পাকিস্তানের বিপক্ষে আমরা ২৪৬ রান করেছি। তাদের বোলিং লাইনআপের বিপক্ষে সব প্রতিপক্ষ সাচ্ছ্বন্দ্যে খেলে না। তো তাদের বিপক্ষে আমরা আড়াইশর কাছাকাছি রান তুলেছি মানে আমাদের সামর্থ্য আছে।”

বিশ্বকাপের আগের শেষ প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডের কাছে হারলেও মনোবল হারাচ্ছেন না মাশরাফি। এই ডানহাতি পেসার জানান, প্রস্তুতি ম্যাচগুলোয় দলের শক্তি পরখ করে নেয়াটাই মূল লক্ষ্য ছিল তাদের। তবে প্রস্তুতি ম্যাচের মেজাজে চলতে থাকলে বিশ্বকাপে ধাক্কা খেতে হবে বলে সতীর্থদের সতর্ক করে দেন তিনি।

“প্রস্তুতি ম্যাচটাকে কে কতুটুকু গুরুত্ব দিয়ে নিয়েছে, বা নিলেও তা করে দেখাতে পারেনি, সত্য বলতে এটা নিয়ে আমি চিন্তিত। কেননা, যখন বড় ম্যাচগুলো শুরু হবে, তখন এ ধরণের পারফর্ম বড় ধরণের প্রভাব ফেলবে।”

“এখনো পাঁচ ছয়দিন আছে। তো এ কয়দিনে স্কিল পরিবর্তন করা যাবে না এবং আমার মনে হয় মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত হওয়াটা গুরুত্বপূর্ণ। যদি সেটা হতে না পারি, তাহলে বিশ্বকাপে আমাদের ভুগতে হবে”, যোগ করেন ১৪৪টি ওয়ানডে খেলা এই পেসার।

সতীর্থদের সতর্ক করলেও অবশ্য তাদের ওপর আস্থা হারাচ্ছেন না মাশরাফি, “কিন্তু আমার বিশ্বাস, যখন আসল ম্যাচ আসবে, তখন সবাই মানসিক ও শারীরিকভাবে আরো বেশি প্রস্তুত থাকবে।”

গ্রুপ পর্বের ছয় ম্যাচের চারটি অস্ট্রেলিয়ায় খেলবে বাংলাদেশ। বিশ্বকাপের অন্যতম আয়োজকদের উইকেট ভাবনায় ফেলে দিয়েছে মাশরাফিকে। ১৮৩ ওয়ানডে উইকেট পাওয়া বাংলাদেশ অধিনায়ক তাই উইকেট দেখে সেরা একাদশ সাজানোর পক্ষে।

“গত দুই তিন বছর বা চার, পাঁচ, ছয় বছর যে যেখানে খেলেছে, সেখানেই খেলবে। তবে উইকেট দেখার পর এ নিয়ে চিন্তা-ভাবনা করা যাবে।”

“কম্বিনেশন অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা একেক জায়গায় একেক রকম উইকেট দেখছি। ব্রিসবেনে বাউন্স ছিল, এখানে এসেও বাউন্স পেয়েছি। আবার শুনেছি, গ্যাবায় নাকি খুব গতি থাকবে এবং বাউন্স হবে। ক্যানবেরায় ফ্লাট হবে। এখানে এসে দেখলাম যে গতির সঙ্গে বাউন্স, উইকেটে অনেক ঘাস ছিল। তাই এসব দেখেই সিদ্ধান্ত নেয়া হবে”, যোগ করেন তিনি।

১৮ ফেব্রুয়ারি ক্যানবেরায় আফগানিস্তানের বিপক্ষের ম্যাচ দিয়ে অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ড বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ।

পুরনো খবর:

আয়ারল্যান্ড হারেও মনোবল হারাচ্ছেন না মাশরাফি
আয়ারল্যান্ডের কাছে হারের পর ‘মুশফিকের ব্যাখ্যা’
আয়ারল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ প্রস্তুতি শেষ বাংলাদেশের