আয়ারল্যান্ডের কাছে হারের পর ‘মুশফিকের ব্যাখ্যা’
আয়ারল্যান্ডের কাছে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের হারের পর দলের উইকেটরক্ষক মুশফিকুর রহিমের ফেইসবুক পেইজে ব্যাখ্যা দেওয়া হয়েছে। ফল নয়, প্রস্তুতি ম্যাচগুলোকে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার উপলক্ষ হিসেবে দেখার কথা বলা হয়েছে এতে।
সিডনির ব্ল্যাকটাউন অলিম্পিক পার্ক ওভালে বৃহস্পতিবার আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৪ উইকেটে হারে বাংলাদেশ। আগের প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের কাছেও হেরেছিল মাশরাফি বিন মর্তুজার দল।
আয়ারল্যান্ডের কাছে হারের পর মুশফিকের ফেইসবুক পেইজে বলা হয় হয়, প্রস্তুতি ম্যাচে হেরে যাওয়ায় কিছু সমর্থক বাংলাদেশ দলকে নিয়ে খারাপ কথা বলছে। কিন্তু জয় পাওয়া নয়, এই ম্যাচের মূল লক্ষ্য ছিল কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া।
ফেইসবুক পেইজে আরো বলা হয়, প্রস্তুতিকে গুরুত্ব দেয়ার কারণে এই সফরে দলের অন্যতম ইনফর্ম ব্যাটসম্যান মাহমুদুল্লাহ ব্যাটিং করেননি। ওভার প্রতি দুই রান দেয়া সত্ত্বেও মাশরাফি বোলিংয়ের কোটা পূরণ করেননি, ৮ ওভার বল করেন তিনি। সেখানে প্রস্তুতি নেয়ার জন্য তাসকিনকে আবারো বোলিংয়ের সুযোগ দেয়া হয়।
ব্যাটিং প্রস্তুতির জন্য সৌম্য সরকারকে ওপরের দিকে পাঠানোর কথাও বলা হয়েছে এতে। ফেইসবুক পেইজে আরো বলা হয়, আসল ম্যাচে রিয়াদ বা মুশফিক নিজেদের পজিশনে ব্যাটিংয়ে নামবেন।
প্রস্তুতি ম্যাচের ফল দেখে দলকে খারাপ কথা না বলার জন্য সমর্থকদের প্রতি আহ্বানও জানানো হয় মুশফিকের ফেইসবুক পেইজে। সেখানে আরো লেখা হয়েছে, যথাসময়ে শক্তিশালী হয়ে ফিরবে বাংলাদেশ দল।
