আয়ারল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ প্রস্তুতি শেষ বাংলাদেশের
আনুষ্ঠানিক-অনানুষ্ঠানিক সব প্রস্তুতি ম্যাচে হার দিয়ে বিশ্বকাপে খেলতে যাচ্ছে বাংলাদেশ। বিশ্বকাপের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডের কাছে ৪ উইকেটে হেরেছে মাশরাফি বিন মুর্তজার দল।
বৃহস্পতিবার সিডনির ব্ল্যাকটাউন অলিম্পিক পার্ক ওভালে টস হেরে ব্যাট করতে নেমে ৪৮ ওভার ২ বলে ১৮৯ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। জবাবে ৪৬ ওভার ৫ বলে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় আয়ারল্যান্ড।
বাংলাদেশের গ্রুপ প্রতিপক্ষ স্কটল্যান্ডের কাছে বিশাল ব্যবধানে হেরেছিল আয়ারল্যান্ড। সেই দলটিই সহজে হারিয়েছে মাশরাফি বাহিনীকে।
ছোট সংগ্রহ নিয়েও সাধ্যমত লড়াই করছিলেন বাংলাদেশের বোলাররা। ২৫ ওভার শেষে আয়ারল্যান্ডের চার ব্যাটসম্যানকে ফিরিয়ে ৭৮ রানে বেধে রেখেছিলেন প্রতিপক্ষকে।
তবে এরপরই ধীরে ধীরে ম্যাচ থেকে সরে যায় বাংলাদেশ। পঞ্চম উইকেটে এড জয়েসের (৪৭) সঙ্গে ৫৯ ও ষষ্ঠ উইকেটে কেভিন ও’ব্রায়েনের (২৩) সঙ্গে ৪১ রানের দুটি জুটি গড়ে আয়ারল্যান্ডকে জয়ের পথে নিয়ে আসেন অ্যান্ড্রু বালবার্নি।
১৯ বল হাতে রেখে পাওয়া জয়ে দারুণ অবদান ৬৩ রানে অপরাজিত থাকা বলব্রিনের। তার ৭৯ বলের ইনিংসটি ৬টি চারে গড়া।
২৯ রানে ২ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। একটি করে উইকেট নেন নাসির হোসেন, সাকিব আল হাসান, আল-আমিন হোসেন ও তাসকিন আহেমদ।
এর আগে শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। প্রথম ১০ ওভারে তামিম ইকবাল ও মুমিনুল হকের উইকেট দুটি হারিয়ে ৩০ রান সংগ্রহ করে তারা।
দুই বাঁহাতি ব্যাটসম্যান তামিম ৪ ও মুমিনুল ৮ রান করেন।
এনামুল হককে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়েন চার নম্বরে ব্যাট করতে নামা সৌম্য সরকার। উইকেটে থিতু হয়ে এনামুলের (২৫) বিদায়ে ভাঙে তাদের ৫৮ রানের তৃতীয় উইকেট জুটি।
এরপর সাকিবের (৮) দ্রুত বিদায় এবং সৌম্য সরকারের (৪৫) আউটে চাপে পড়ে বাংলাদেশ। মুশফিকুর রহিম (২৬) ও সাব্বির রহমানের (২০) জুটি লড়াই করার মতো পুঁজি গড়ার স্বপ্ন দেখাচ্ছিল। উইকেটে থিতু হয়ে বিদায় নেন এই দুই ব্যাটসম্যানই।
