আয়ারল্যান্ড হারেও মনোবল হারাচ্ছেন না মাশরাফি
ব্যাটিং, বোলিংয়ে ভালো করতে না পারায় আয়ারল্যান্ডের কাছে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম্যাচে হেরেছে বাংলাদেশ দল। তবে এ হারে মনোবল হারাচ্ছেন না অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
সিডনির ব্ল্যাকটাউন অলিম্পিক পার্ক ওভালে বৃহস্পতিবার আয়ারল্যান্ডের কাছে ৪ উইকেটে হারের পর মাশরাফি বলেন, “ফলের দিকে তাকালে বলতে হবে আমাদের প্রাপ্তি শূন্য।”
তবে এই হারের পরও প্রস্তুতির উদ্দেশ্য পূরণ হয়েছে বলে মনে করেন মাশরাফি। ‘নড়াইল এক্সপ্রেস’এর বিশ্বাস প্রস্তুতি ম্যাচ থেকে দরকারি শিক্ষাটুকু নিয়েছে তার দল।
“প্রস্তুতির কথা বললে আমি বলব, সবার যতটুকু প্রস্তুতির উদ্দেশ্য ছিল, সেটা হয়েছে। আমার মনে হয়, সবাই সতর্কভাবে প্রস্তুতি নিয়েছে এবং যার যতটুকু তথ্য নেওয়ার ছিল- উইকেট কেমন হবে, কেমন ব্যাটিং-বোলিং করতে হবে, এটা তারা নিয়েছে।”
আগের প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৩ উইকেটে হারে বাংলাদেশ। টানা দুই প্রস্তুতি ম্যাচে হেরেও মাশরাফি একেবারেই হতাশ নন, তাও কিন্তু নয়।
“পাকিস্তানের বিপক্ষে ভালো খেলার পরও আমরা জিততে পারিনি। এখানে এসে আয়ারল্যান্ডের বিপক্ষে আমরা একেবারেই বাজে খেললাম। খুবই অধারাবাহিক খেললাম। আমার এখনো বিশ্বাস, সবাই এটা বুঝতে পেরেছে কিন্তু মাঠে করে দেখাতে পারছে না।”
সিডনিতে আগে ব্যাটিংয়ে নেমে ১৮৯ রানের মাঝারি মানের ইনিংস গড়ে বাংলাদেশ। জবাবে ১৯ বল হাতে রেখে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় আয়ারল্যান্ড। মাশরাফি জানান, সেরা একাদশ নির্ধারণের আগে সবাইকে পরখ করে নেয়ার দিকেই গুরুত্ব দিয়েছেন তারা।
“আমাদের লক্ষ্য ছিল, আসলে সবাইকে দেখে নেয়া। কারণ দলে অনেক নতুন খেলোয়াড় আছে। তারা এই কন্ডিশনে কে কতটুকু ভালো করতে পারে, এটাও দেখার বিষয় ছিল। আজকের ম্যাচেও তাসকিন ও আল আমিনকে দিয়ে আগে বোলিং করানো হয়েছে। অন্য কোনো সময় হয়ত, তাদেরকে এমন করতে হতে পারে।”
“ব্যাটিং লাইনআপের রদবদল করা হয়েছে। আসলে কে কোন পজিশনে এই উইকেটে মানিয়ে নেবে, কেমন খেলবে, সেটা পরখ করে নেয়াই উদ্দেশ্য ছিল”, যোগ করেন তিনি।
মনোবল ধরে রেখে বিশ্বকাপের লক্ষ্য পূরণের ব্যাপারে আশার কথা শোনান মাশরাফি। ১৪৪টি ওয়ানডে ম্যাচ খেলা এই ডানহাতি পেসার বিশ্বকাপ মিশনে সতীর্থদের ওপর আস্থা হারাচ্ছেন না।
“আমার মনে হয়, আমরা যে উদ্দেশ্য নিয়ে এখানে এসেছি, সেটা যদি ঠিক থাকে, তাহলে আমার বিশ্বাস, আমরা এখান থেকে ভালো কিছু করতে পারব।”
১৮ ফেব্রুয়ারি ক্যানবেরায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ড বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ।
