রোমাঞ্চকর লড়াইয়ে টি-টোয়েন্টির সর্বোচ্চ রানের রেকর্ড
দক্ষিণ আফ্রিকা আর ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাটসম্যানদের দারুণ নৈপুণ্যে সর্বোচ্চ রানের রেকর্ড হয়েছে। দুই দল মিলে এই ম্যাচে ৪৬৭ রান করেছে।
এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টির এক ম্যাচে সর্বোচ্চ রান ছিল ৪৫৭। এই রান হয়েছিল ২০১৩ সালে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার একটি ম্যাচে।
রোববার জোহানেসবার্গে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৩১ রান করে দক্ষিণ আফ্রিকা। টি-টোয়েন্টিতে এটি তাদের দ্বিতীয় সর্বোচ্চ রান। ২০০৯ সালের ১৫ নভেম্বর ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরিয়নে গড়া ৬ উইকেটে ২৪১ রান তাদের সর্বোচ্চ।
এই রান স্বাগতিকরা করতে পারে মূলত অধিনায়ক ফাফ দু প্লেসির ১১৯ রানের অসাধারণ একটি ইনিংসের কল্যাণে।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে অসাধারণ ব্যাট করেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল ও মারলন স্যামুয়েলস। গেইলের ৪১ বলে ৯০ আর স্যামুয়েলসের ৩৯ বলে ৬০ রানের ইনিংস দুটির কল্যাণে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়ে ওয়েস্ট ইন্ডিজ।
আর ৬ উইকেটে ওয়েস্ট ইন্ডিজের করা ২৩৬ রান আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে চতুর্থ সর্বোচ্চ ইনিংস।
এতদিন টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড ছিল ভারতের অধিকারে। ২০০৯ সালের ১২ ডিসেম্বর মোহালিতে শ্রীলঙ্কার ২০৭ রানের লক্ষ্য তাড়া করে জিতেছিল তারা।
এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিততে ভারতের এই রেকর্ড ভাঙার কোনো বিকল্প ছিল না ওয়েস্ট ইন্ডিজের সামনে।
দারুণ এই জয়ের সঙ্গে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ডও গড়ে ওয়েস্ট ইন্ডিজ। ৬ উইকেটে ২৩৬ রান করার পথে তারা পেছনে ফেলে অস্ট্রেলিয়াকে। ২০১০ সালের ২৮ ফেব্রুয়ারি নিউ জিল্যান্ডের বিপক্ষে ২১৫ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ৪ উইকেটে ২১৪ রান করে টাই করেছিল তারা।
রানবন্যার এই ম্যাচে ৪ ওভার বল করে ৬৮ রান দেন দক্ষিণ আফ্রিকার পেসার কাইল অ্যাবট। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কোনো বোলারের এটাই সবচে খরুচে বোলিং।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এর আগে সবচেয়ে বেশি রান দেয়ার রেকর্ডটি ছিল ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন ও শ্রীলঙ্কার সনাৎ জয়াসুরিয়ার। দুজনেই দিয়েছিলেন ৬৪ রান করে।
