চট্টগ্রামে ফিরেই মুমিনুলের শতক
অর্ধশতকে পৌঁছেই বিদায় নেয়ার হতাশা এবার শতকে ভুললেন মুমিনুল হক। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ফিরেই নিজের চতুর্থ শতকটি পেয়েছেন এই বাঁহাতি ব্যাটসম্যান।
জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে সিকান্দার রাজার বলে চার মেরে শতকে পৌঁছান মুমিনুল। ১৫৬ বলে তিন অঙ্কের রানে পৌঁছতে ১২টি চার মারেন এই বাঁহাতি ব্যাটসম্যান।
শনিবার সকালে ইমরুল কায়েসের বিদায়ের পর ক্রিজে আসেন মুমিনুল। দ্বিতীয় উইকেটে তামিম ইকবালের সঙ্গে ১১৩ রানের চমৎকার একটি জুটি উপহার দেন তিনি। তামিমের বিদায়ের পর মাহমুদু্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে বাংলাদেশকে বড় সংগ্রহের দিকে নিয়ে যান মুমিনুল।
মধ্যাহ্ন-বিরতির আগে শেষ ওভারে সিকান্দার রাজার বলে ২ রান নিয়ে অর্ধশতক পৌঁছান অভিষেকের পর থেকে দারুণ ধারাবাহিক মুমিনুল। এই অর্ধশতকে এভারটন উইকস, সুনীল গাভাস্কার, মার্ক টেইলরদের মতো কিংবদন্তিদের পাশে দাঁড়ান তিনি। তাদেরও প্রথম ১২ টেস্টে ১১টি পঞ্চাশোর্ধ রানের ইনিংস রয়েছে।
৫ উইকেটে ৩১৯ রানে অধিনায়ক বাংলাদেশের দ্বিতীয় ইনিংস ঘোষণা করার সময় ১৩১ রানে অপরাজিত ছিলেন মুমিনুল। তার ১৮৯ বলের ইনিংসটি ১৩টি চার সমৃদ্ধ।
চট্টগ্রামে তিন টেস্টে এটি মুমিনুলের তৃতীয় শতক। গত বছর নিউ জিল্যান্ডের বিপক্ষে নিজের প্রথম শতকটি পান তিনি। ১৮১ রানের সেই ইনিংস এখনো তার ব্যক্তিগত সর্বোচ্চ।
গত ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে এসে আবার শতক পান মুমিনুল। অপরাজিত ১০০ রানের সেই ইনিংস খেলার পর থেকে নিজের রান আর তিন অঙ্কে নিয়ে যেতে পারছিলেন না তিনি। এরপর চারবার অর্ধশতক পেলেও তার কোনোটিই ৬০ পর্যন্ত নিয়ে যেতে পারেননি মুমিনুল।
এ নিয়ে টানা ৯ টেস্টে অন্তত এক ইনিংসে অর্ধশতক পেলেন মুমিনুল। গত বছরের হারারে টেস্টেই কেবল কোনো ইনিংসে অর্ধশতক পাননি তিনি। এছাড়া বাকি ১১টি টেস্টে একটি করে পঞ্চাশোর্ধ ইনিংস খেলেন তিনি।
অর্ধশতকে পৌঁছানোর পরপরই আউট হয়ে যাওয়া নিয়ে তাই একটু দুর্ভাবনায় ছিলেন মুমিনুলও। খুলনা টেস্ট চলার সময় সে কথা বলেছিলেনও এই বাঁহাতি ব্যাটসম্যান। এবার সেই দুর্ভাবনা দূর হল তার।
এই শতকে সাকিব আল হাসান, মুশফিকুর রহিমকে ছাড়িয়ে গেলেন মুমিনুল। তাদের তিনটি করে টেস্ট শতক রয়েছে। মুমিনুলের সামনে আছেন কেবল তামিম ইকবাল ও মোহাম্মদ আশরাফুল। এই দুই জনের ছয়টি করে শতক রয়েছে।
প্রথম ১২ টেস্টে বাংলাদেশের আর কোনো ব্যাটসম্যান একটির বেশি শতক পাননি; সেখানে মুমিনুল পেলেন তার চার নম্বর শতকটি।
