২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘অসম্ভব’ লক্ষ্য দিয়ে জয়ের স্বপ্ন বাংলাদেশের

মুমিনুল হকের অপরাজিত শতকে চট্টগ্রাম টেস্টে জিম্বাবুয়েকে প্রায় অসম্ভব এক লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। প্রথমবারের মতো টানা তিন টেস্ট জিততে শেষ দিন আর ৯ উইকেট চাই স্বাগতিকদের।

অনীক মিশকাত অনীক মিশকাত

চট্টগ্রাম থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2014, 10:14 AM

Updated : 13 Oct 2022, 12:48 PM

চতুর্থ দিনের তৃতীয় সেশনে ৫ উইকেটে ৩১৯ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। এই প্রথম কোনো টেস্টের দুই ইনিংসেই তিনশ’ পার হল দলটির সংগ্রহ। প্রথম ইনিংসে ৫০৩ রান করেছিল স্বাগতিকরা।

প্রথম ইনিংসে বাংলাদেশ ১২৯ রানের লিড নেয়ায় জিম্বাবুয়ের লক্ষ্য দাঁড়ায় ৪৪৯ রান। টেস্ট ইতিহাসে এত রান তাড়া করে কেউ জিততে পারেনি।

টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ডটি ওয়েস্ট ইন্ডিজের। ২০০৩ সালের ৯ মে সেন্ট জন্সে অস্ট্রেলিয়ার দেয়া ৪১৮ রানের লক্ষ্য তাড়া করে ৩ উইকেটে জেতে স্বাগতিকরা।

দিন শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ১ উইকেটে ৭১ রান। সিকান্দার রাজা ৪৩ ও হ্যামিল্টন মাসাকাদজা ২৬ রানে ব্যাট করছেন। অবিচ্ছিন্ন দ্বিতীয় উইকেটে ৬৭ রানের জুটি গড়েছেন এই দুজনে।

জয়ের জন্য তৃতীয় টেস্টের পঞ্চম জিম্বাবুয়ের চাই আরো ৩৭৮ রান। উইকেট থেকে বেশ সহায়তা পাচ্ছেন বোলাররা। তাই শেষ দিন ম্যাচ বাঁচানোই হবে ২-০ ব্যবধানে সিরিজে পিছিয়ে থাকা অতিথিদের মূল লক্ষ্য।

জিম্বাবুয়ের দ্বিতীয় ওভারেই ব্রায়ান চারিকে এলবিডব্লিউ করে বিদায় করেন রুবেল হোসেন। চাইতে দেরি করায় রিভিউয়ের সুযোগ হারান চারি। রিভিউ পেলে বেঁচে যেতেন তিনি।

শনিবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিনা উইকেটে ২৩ রান নিয়ে খেলা শুরু করে বাংলাদেশ। দিনের প্রথম সেশনে ইমরুল কায়েসের উইকেট হারিয়ে ১০১ রান যোগ করে বাংলাদেশ।

টিনাশে পানিয়াঙ্গারার বলে উইকেটরক্ষক রিচমন্ড মুতুমবামির ক্যাচে পরিণত হয়ে শুরুতেই বিদায় নেন ইমরুল।

মুমিনুলের সঙ্গে ১১৩ রানের জুটি উপহার দেন প্রথম ইনিংসে শতক করা তামিম ইকবাল। অর্ধশতকে পৌঁছানোর পর বেশিক্ষণ টেকেননি এই বাঁহাতি ব্যাটসম্যান। নাটসাই মুশাংওয়ের বলে বোল্ড হওয়ার আগে ৬৫ রান করেন তামিম। তার ১৪২ রানের ইনিংসটি গড়া মাত্র চারটি চারে।

তৃতীয় উইকেটে মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে ৫৫ রানের ভালো একটি জুটি গড়েন মুমিনুল। ২৮ বলে ৩০ রানের আক্রমণাত্মক ইনিংস খেলা মাহমুদুল্লাহ আউট হন রিভিউয়ে। পানিয়াঙ্গারার বল তার ব্যাট ছুঁয়ে মুতুমবামির গ্লাভসে জমা পড়লে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ।

দ্বিতীয় সেশনে তামিম, মাহমুদুল্লাহ ফিরে গেলেও মুমিনুলের দৃঢ়তায় ১১০ রান যোগ করে বাংলাদেশ।

তৃতীয় সেশনের শুরুতেই সাকিব আল হাসানকে হারায় বাংলাদেশ। মুশাংওয়ের দ্বিতীয় শিকারে পরিণত হওয়ার আগে ১৭ রান করেন সাকিব।

নেমেই আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন অধিনায়ক মুশফিকুর রহিম। মুমিনুলের সঙ্গে মাত্র ৫০ বলে ৭১ রানের জুটি গড়েন তিনি। সিকান্দার রাজার বলে সীমানায় ক্যাচ দিয়ে ফেরার আগে মাত্র ৩০ বলে ৪৬ রান করেন তিনি।

অধিনায়কের বিদায়ের কিছুক্ষণেরই মধ্যেই ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। টানা দ্বিতীয় টেস্টে ইনিংস ঘোষণা করল অতিথিরা।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ৫০৩ (ইমরুল ১৩০, তামিম ১০৯, সাকিব ৭১; রাজা ৩/১২৩) ও ৩১৯/৫ ডিক্লে. (তামিম ৬৫, ইমরুল ১৫, মুমিনুল ১৩১*, মাহমুদুল্লাহ ৩০, সাকিব ১৭, মুশফিক ৪৬, শুভগত ৩*; পানিয়াঙ্গারা ২/৩১, মুশাংওয়ে ২/৭৭ রাজা ১/১১৪)।

জিম্বাবুয়ে: ৩৭৪ (চিগুম্বুরা ৮৮, রাজা ৮২, হ্যামিল্টন ৮১, চাকাবভা ৬৫; জুবায়ের ৪/৯৬) ও ৭১/১ (রাজা ৪৩*, চারি ০, মাসাকাদজা ২৬*; রুবেল ১/১৬)।