২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীনিবাসনের বোর্ডে ফেরার আবেদন খারিজ

ভারতের ক্রিকেট বোর্ডে ফিরতে আবার আপিল করেছিলেন নিরঞ্জনস্বামী শ্রীনিবাসন। তবে ভারতের সর্বোচ্চ আদালত তা খারিজ করে দিয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2014, 03:57 PM

Updated : 13 Oct 2022, 12:07 PM

পুরনো খবর:

আপিল করে ফেঁসে গেলেন শ্রীনিবাসন
শ্রীনিবাসনে ইতি, আইপিএল দায়িত্বে গাভাস্কার
শ্রীনিবাসনকে সরে দাঁড়াতে বলেছে আদালত
ফাঁসলেন ‘বড় মোড়লের’ জামাই
সরে দাঁড়ালেন ভারতীয় ক্রিকেট বোর্ড প্রধান
আইপিএল তদন্ত কমিটির প্রধান মুডগাল

গত ২৮ মার্চ আইপিএলে দুর্নীতির সুষ্ঠু তদন্তের স্বার্থে শ্রীনিবাসনকে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রধান পদ থেকে সরিয়ে দেয় দেশটির সর্বোচ্চ আদালত।

আদালতের অন্তর্বর্তীকালীন আদেশে বোর্ডে আইপিএল সম্পর্কিত সব দায়িত্ব সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কারকে আর সভাপতির অন্যান্য দায়িত্ব বিসিসিআইয়ের অন্যতম সহ-সভাপতি শিবলালকে দেয়া হয়।

Image
এন শ্রীনিবাসন

এন শ্রীনিবাসন

আইপিএল ছাড়া সভাপতির অন্যান্য দায়িত্বে ফিরতে সুপ্রিম কোর্টে আপিল করেছিলেন শ্রীনিবাসন। কিন্তু বিচারপতি বলবীর সিং চৌহান জানান, শ্রীনিবিসনকে সরিয়ে দেয়া আগের আদেশে হস্তক্ষেপ করা হবে না।

তিনি শ্রীনিবাসনের আইনজীবীদের আগের আদেশ দেয়া বেঞ্চে আপিল করতে বলেছেন।

এর আগে মুডগাল কমিটি সিল করা খামে আদালতের কাছে কেলেংকারির সঙ্গে সংশ্লিষ্ট ১২ জনের তালিকা দিয়েছিল, যার মধ্যে শ্রীনিবাসনও আছেন।

আইপিএলে স্পট ফিক্সিংয়ের আরো তদন্তের জন্য আবার সাবেক বিচারপতি মুকুল মুডগালকে প্রধান করেই নতুন কমিটি গঠন করে দেয় আদালত। সুপ্রিম কোর্ট নতুন এই কমিটিকে অগাস্ট মাসের শেষে মুখবন্ধ খামে তদন্তের রিপোর্ট দেয়ার আদেশ দিয়েছে।

গত বছরের অক্টোবরে পাঞ্জাব ও হরিয়ানা হাই কোর্টের সাবেক বিচারপতি মুডগালের নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটিকে আইপিএল কেলেংকারি নিয়ে তদন্তের দায়িত্ব দিয়েছিল সুপ্রিম কোর্ট। চার মাসের তদন্ত শেষে গত ১০ ফেব্রুয়ারি মুডগাল কমিটি আদালতে তাদের প্রতিবেদন জমা দেয়।

ক্রিকেট বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে স্পট ফিক্সিংয়ের অভিযোগে গত মে মাসের মাঝামাঝি সময়ে শ্রীশান্তসহ রাজস্থান রয়্যালসের তিন ক্রিকেটারকে গ্রেপ্তার করা হয়। তারপর থেকে এ কেলেঙ্কারির সঙ্গে যুক্ত অনেকের পরিচয় ফাঁস হতে থাকে, গ্রেপ্তার হন আরো কয়েকজন।

তারই ধারাবাহিকতায় প্রেপ্তার হন চেন্নাই সুপার কিংসের ‘প্রিন্সিপাল’ ও শ্রীনিবাসনের জামাই গুরুনাথ মায়াপ্পন। এরপর শ্রীনিবাসনের পদত্যাগের দাবি ওঠে। তখন বিসিসিআইয়ের এক জরুরি সভায় শ্রীনিবাসনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়।

কিছুদিন পরই জামিনে মুক্তি পান মায়াপ্পন। শ্রীনিবাসনও বোর্ড প্রধানের দায়িত্বে ফেরেন। তবে পরে আদালতের রায়ে আবার দায়িত্ব ছাড়তে হয় তাকে।

এর পর আপিল করেও বোর্ডে ফিরতে পারেননি শ্রীনিবাসন। উল্টো ফেঁসে গেছেন তিনি। সুপ্রিম কোর্ট জানিয়েছে, আইপিএলে দুর্নীতি নিয়ে চালানো তদন্তে তার নামও উঠে এসেছে। এখন আইপিএল ছাড়া অন্য বোর্ডের অন্য দায়িত্বে ফেরার চেষ্টাও ব্যর্থ হলো শ্রীনিবাসনের।