২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফাঁসলেন ‘বড় মোড়লের’ জামাই

ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান এন শ্রীনিবাসনের মেয়ের জামাই গুরুনাথ মায়াপ্পনের বিরুদ্ধে আইপিএলের ম্যাচ ফিক্সিংয়ের প্রমাণ পেয়েছে বিচার বিভাগীয় তদন্ত কমিশন।

স্পোর্টস ডেস্ক

হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2014, 03:02 PM

Updated : 01 Sep 2026, 12:23 PM

ভারতের ক্রিকেট বোর্ডের সভাপতি এন শ্রীনিবাসনের জামাইয়ের বিপক্ষে আইপিএলের স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার জন্য অভিযুক্ত করা হয়েছে। ভারতের ক্রিকেট বোর্ডের সভাপতি এন শ্রীনিবাসনের জামাইয়ের বিপক্ষে আইপিএলের স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার জন্য অভিযুক্ত করা হয়েছে।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, সাবেক বিচারপতি মুকুল মুডগালের নেতৃত্বাধীন এই কমিশন সোমবার তাদের প্রতিবেদন সুপ্রিম কোর্টে জমা দেয়, যাতে মায়াপ্পনের বিরুদ্ধে বিভিন্ন প্রমাণ তুলে ধরা হয়।

১৭০ পৃষ্ঠার ওই প্রতিবেদনে বলা হয়, আইপিএলের ম্যাচ পাতানো এবং এ নিয়ে বাজি ধরায় যুক্ত ছিলেন মায়াপ্পন।

আইপিএলের দল রাজস্থান রয়্যালসের মালিক রাজ কুন্দ্রার বিরুদ্ধে আরো তদন্ত প্রয়োজন বলেও কমিশন সুপারিশ করে।

ক্রিকেট বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে স্পট ফিক্সিংয়ের অভিযোগে গত মে মাসের মাঝামাঝি সময়ে শ্রীশান্তসহ রাজস্থান রয়্যালসের তিন ক্রিকেটারকে গ্রেপ্তার করা হয়। তারপর থেকে এ কেলেঙ্কারির সঙ্গে যুক্ত অনেকের পরিচয় ফাঁস হতে থাকে, গ্রেপ্তার হন আরো কয়েকজন।

তারই ধারাবাহিকতায় প্রেপ্তার হন চেন্নাই সুপার কিংসের ‘প্রিন্সিপাল’ ও শ্রীনিবাসনের জামাই গুরুনাথ মায়াপ্পন। এরপর শ্রীনিবাসনের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে ওঠে ভারতের ক্রিকেট অঙ্গন। ফলে ওই সময় বিসিসিআইয়ের এক জরুরি সভায় শ্রীনিবাসনকে এক মাসের জন্য দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়।

অবশ্য কিছুদিন পরই জামিনে মুক্তি পান মায়াপ্পন। তার শ্বশুরও বোর্ড প্রধানের দায়িত্বে ফেরেন। বিসিসিআইয়ের প্রধান শ্রীনিবাসন এখন হতে যাচ্ছেন ‘তিন মোড়ল’ ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার প্রভাবে চলে যাওয়া আইসিসির সর্বক্ষমতাসম্পন্ন চেয়ারম্যান।