২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইপিএল তদন্ত কমিটির প্রধান মুডগাল

আইপিএলে স্পট ফিক্সিংয়ের আরো তদন্তের জন্য মুকুল মুডগালকে প্রধান করেই নতুন কমিটি গঠন করা হয়েছে। ভারতের হাই কোর্টের সাবেক এই বিচারকের সঙ্গে নতুন কমিটিতে থাকছেন আগের কমিটির এল নাগেশ্বর রাও ও নিলয় দত্ত।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2014, 12:24 AM

Updated : 13 Oct 2022, 12:06 PM

সুপ্রিম কোর্ট নতুন এই কমিটিকে অগাস্ট মাসের শেষে মুখবন্ধ খামে তদন্তের রিপোর্ট দেয়ার আদেশ দিয়েছে।

মুডগাল কমিটির তদন্ত কাজে সহায়তা করবেন আইপিএসের (ইন্ডিয়ান পুলিশ সার্ভিসেস) সাবেক সিনিয়র অফিসার বিবি মিশ্র। এ ছাড়া কমিটির চাওয়া অনুযায়ী তাদের সহযোগিতার জন্য মুম্বাই, চেন্নাই ও দিল্লির একজন করে পুলিশ অফিসার থাকবেন। তারা আরো পাচ্ছেন 'সৎ' একজন সাবেক ক্রিকেটারকে।

মুডগালের নতুন কমিটিকে সবধরণের তদন্তের ক্ষমতা দেয়া হয়েছে। তারা প্রয়োজনে তদন্ত-সংশ্লিষ্ট যে কোনো কাগজ ও রেকর্ডিং জব্দ করতে পারবেন। তবে কাউকে গ্রেপ্তারের ক্ষমতা থাকবে না এই কমিটির।

কমিটিতে যারা কাজ করবেন, আদালতের আদেশ অনুযায়ী তারা প্রত্যেকেই প্রতিদিনের কাজের জন্য ১ লাখ রূপি করে পাবেন। আর তদন্ত সম্পর্কিত পুরো ব্যয় বহন করবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

পরবর্তী ধাপের তদন্তের জন্য কমিটির সদস্যের যে নামগুলো বিসিসিআই জমা দিয়েছিল তা প্রত্যাখান করে একে পাটনায়েক ও ইব্রাহিম খলিফুল্লাহর বেঞ্চ। এর পর আইপিএলে স্পট ফিক্সিং ও বেটিং কেলেংকারি নিয়ে আধিকতর তদন্তের জন্য মুডগালকে দায়িত্ব দিতে চাইলে তারা তাতে রাজি হন। আদালত তাকে তদন্তে সহায়তা করার জন্য প্রয়োজনীয় সংস্থাগুলোর তালিকা দিতে বলে।

বিসিসিআইয়ের প্রস্তাবিত কমিটিতে ছিলেন সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (সিবিআই) সাবেক প্রধান আরকে রাঘবন, কলকাতা হাই কোর্টের সাবেক প্রধান বিচারপতি জেএন প্যাটেল এবং ভারতের সাবেক অলরাউন্ডার রবি শাস্ত্রী।

গত ১৬ এপ্রিল সুপ্রিম কোর্ট আইপিএলের নিরপেক্ষ তদন্ত নিশ্চিতে গঠনমূলক ও সংশোধনমূলক ব্যবস্থা বের করতে বিসিসিআইকে নির্দেশ দেয়। এরপর বিসিসিআইয়ের সভায় কমিটির সদস্য ঠিক করা হয়।

এর আগে মুডগাল কমিটি সিল করা খামে আদালতের কাছে কেলেংকারির সঙ্গে সংশ্লিষ্ট ১৩ জনের তালিকা দিয়েছিল, যার মধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতির পদ থেকে সরে যেতে বাধ্য হওয়া এন শ্রীনিবাসনও আছেন।