সরে দাঁড়ালেন ভারতীয় ক্রিকেট বোর্ড প্রধান
আইপিএলে স্পট ফিক্সিংয়ের সুষ্ঠু তদন্তের স্বার্থে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) প্রধানের পদ থেকে সাময়িকভাবে সরে দাঁড়িয়েছেন এন শ্রীনিবাসন।
তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তিনি এই দায়িত্বে থাকবেন না। বিসিসিআইয়ের অন্তবর্তীকালীন প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন পশ্চিমবঙ্গ ক্রিকেট সংস্থার প্রধান জগমোহন ডালমিয়া। ডালমিয়া বিসিসিআই ও আইসিসির সাবেক সভাপতি।
রোববার বিসিসিআইয়ের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
স্পট ফিক্সিংয়ের অভিযোগে গত মাসের মাঝামাঝি সময়ে শান্তকুমারন শ্রীশান্তসহ রাজস্থান রয়্যালসের তিন ক্রিকেটারকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে এই কেলেঙ্কারির সঙ্গে যুক্ত অনেকের পরিচয় ফাঁস হয়ে যায়, গ্রেপ্তারও হয় বেশ কয়েক জন।
সম্প্রতি একই অভিযোগে চেন্নাই সুপার কিংসের ‘প্রিন্সিপাল’ ও শ্রীনিবাসনের মেয়ের স্বামী গুরুনাথ মায়াপ্পন গ্রেপ্তার হওয়ার পর থেকে শ্রীনিবাসনের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে ওঠে ভারতের ক্রিকেটাঙ্গন।
