০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

‘বিশ্ব সেরাদের একজন হতে পারে শফিক’

টেস্ট ক্রিকেটে এখনও ক‍্যারিয়ারের শুরুর দিনগুলোতে রয়েছেন আবদুল্লাহ শফিক। তবে এরই মধ্যে দারুণ কিছু ইনিংস খেলে নিজের সামর্থ্যের জানান দিয়েছেন তিনি। সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের ইতিহাস গড়া জয়ে অবদান রেখেছেন দুর্দান্ত এক সেঞ্চুরিতে। তরুণ ওপেনারকে নিয়ে বড় স্বপ্নই দেখছেন বাবর আজম। পাকিস্তান অধিনায়কের বিশ্বাস, একদিন বিশ্বসেরাদের কাতারে দেখা যাবে শফিককে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2022, 12:13 AM

Updated : 22 Jul 2022, 03:59 AM

গল আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়েছে পাকিস্তান। শফিকের দৃঢ়তায় চতুর্থ ইনিংসে পেরিয়ে গেছে ৩৪২ রানের বড় লক্ষ‍্য। এর আগে এই মাঠে আড়াইশ ছাড়ানো রান তাড়ার কীর্তি ছিল কেবল শ্রীলঙ্কার। ওপেনিংয়ে নেমে ১৬০ রান করে দলের জয় সঙ্গে নিয়ে মাঠ ছাড়েন শফিক। ৪০৮ বল খেলে ইনিংসটি সাজান তিনি এক ছক্কা ও ৭ চারে।

চতুর্থ দিন শেষে অনেকটাই জয়ের পথে ছিল পাকিস্তান। পঞ্চম ও শেষ দিন তাদের প্রয়োজন ছিল ১২০ রান, হাতে ছিল ৭ উইকেট। তবে দ্রুত তিনটি উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে গিয়েছিল সফরকারীরা। তবে চাপের মুখে একপ্রান্ত আগলে রেখে দলের জয় নিশ্চিত করেন ২২ বছর বয়সী শফিক। 

৬ টেস্টের ক্যারিয়ারে শফিকের এটা দ্বিতীয় সেঞ্চুরি। আগের সেঞ্চুরিটি ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে, অপরাজিত ১৩৬। গত বছর অভিষেক হওয়ার পর থেকে ১১ ইনিংসে ৮০ গড়ে ৭২০ রান করেছেন শফিক, দুটি সেঞ্চুরির সঙ্গে ফিফটি চারটি।

শ্রীলঙ্কার বিপক্ষে শফিকের ৫২৪ মিনিট স্থায়ী ইনিংসটি টেস্ট ক্রিকেটের ইতিহাসে সফল রান তাড়ায় সময়ের হিসেবে দীর্ঘতম ইনিংস।

চাপের মুখে ব্যাট হাতে অসাধারণ নৈপুণ্যের জন্য ম্যাচ শেষে শফিককে প্রশংসায় ভাসান বাবর। তরুণ এই টপ অর্ডারকে নিয়ে বেশ আশাবাদী তিনি। তার বিশ্বাস, ধারাবাহিকতা ধরে রেখে ভবিষ্যতে নিজেকে শীর্ষ পর্যায়ে নিয়ে যাবেন শফিক।

“একজন তরুণ খেলোয়াড় যখন নিজের সামর্থ্য তুলে ধরতে চাইবে, তখন তাকে ভিন্ন ও কঠিন পরিস্থিতিতে পারফর্ম করতে হবে। সে তার মান ও টেম্পারমেন্ট এবং আত্মবিশ্বাস দেখিয়েছে এই ইনিংসে। মানসম্পন্ন বোলিংয়ের বিপক্ষে এমন ব্যাটিং তার আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে।”

“সে যেভাবে খেলে তা খুবই নিখুঁত এবং সে যেভাবে মনোযোগ ধরে রাখে তা স্পষ্ট করে দেয় যে, আরও (সেঞ্চুরি) আসছে। যদিও সে মাত্র ছয়টি ম্যাচ খেলেছে এবং (এই মুহূর্তে তাকে বিশ্বের সেরা ওপেনার) বললে সেটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তবে আমি মনে করি এবং আশা করি খেলোয়াড় হিসেবে সে সেরাদের একজন হতে পারে।”