২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিবন্ধী ক্রিকেটেও মুখোমুখি বাংলাদেশ-ইংল্যান্ড

বাংলাদেশ ও ইংল্যাণ্ডের জাতীয় ক্রিকেট দল যখন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টেস্ট খেলতে নেমেছে, তখন দুবাইয়ের আইসিসি একাডেমির ওভাল মাঠে টি-টোয়েন্টিতে মুখোমুখি হচ্ছে দুই দেশের শারিরীক প্রতিবন্ধী ক্রিকেট দল।

সুলাইমান নিলয়

দুবাই থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2016, 12:19 PM

Updated : 11 Oct 2022, 08:55 PM

পুরনো খবর:

দুবাইয়ে মানিয়ে নেওয়ার চেষ্টায় প্রতিবন্ধী ক্রিকেটাররা
প্রতিবন্ধীদের ত্রি-দেশীয় টি-টোয়েন্টি শুরু হচ্ছে বৃহস্পতিবার
প্রতিবন্ধী ক্রিকেট: লক্ষ্য এবার ফাইনালে
টি-টোয়েন্টি খেলতে দুবাইয়ে বাংলাদেশের প্রতিবন্ধী ক্রিকেট দল

বৃহস্পতিবার বাংলাদেশ সময় বেলা ১২টায় ত্রি-দেশীয় এই টুর্নামেন্টে দুই দেশের প্রথম ম্যাচ শুরু হয়।

বাংলাদেশ, ইংল্যান্ড ও পাকিস্তানের অংশগ্রহণে এই টুর্নামেন্টে ফাইনালের আগে প্রতিটি দলই অপর দুই দলের সঙ্গে দুটি করে ম্যাচ খেলবে। আগামী ২৪ অক্টোবর শারজায় হবে ফাইনাল।

ত্রি-দেশীয় এই টুর্নামেন্ট খেলতে দুবাই পৌঁছে বুধবার তিন দলই নেট-প্রাকটিসে অংশ নেয়। গত সোমবার এমিরেটসের ফ্লাইটে দুবাই পৌঁছায় বাংলাদেশ দল।

দলের সঙ্গে রয়েছেন টেকনিক‌্যাল অ্যাডভাইজার নাজমুল আবেদীন, প্রধান কোচ ও ম্যানেজার মাসুদ হাসান, ফিজিও মুজাদ্দেদ আলফে সানী।

গত মে মাসে আন্তর্জাতিক রেডক্রস কমিটির (আইসিআরসি) আয়োজনে ‘ট্যালেন্ট হান্ট’ কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ দলের খেলোয়াড়দের বাছাই করা হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ ক্রীড়া শিক্ষা পরিষদের (বিকেএসপি) সহযোগিতায় ওই আয়োজন হয়।

আন্তর্জাতিক রেডক্রস কমিটির (আইসিআরসি) আয়োজনেই গত বছর ঢাকায় শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে বড় পরিসরে আন্তর্জাতিক টুর্নামেন্টের প্রথম আসর বসে। বাংলাদেশ, ইংল্যান্ড ওপাকিস্তান ছাড়াও ভারত ও আফগানিস্তান ওই টুর্নামেন্টে অংশ নেয়।

আইসিআরসি আন্তর্জাতিক টি-টোয়েন্টি টুর্নামেন্টের ওই প্রতিযোগিতায় বাংলাদেশ দল নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে ১৪ রানে হারিয়ে দারুণ সূচনা করে। তবে পরের দিনই বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে বাংলাদেশ ২০ রানে পাকিস্তানের কাছে হেরে যায়।

উত্তেজনা ছড়ানো পরের ম্যাচে শেষ ওভারে গিয়ে বাংলাদেশকে ৩ উইকেটে হারায় আফগানিস্তান। অবশ্য শেষ ম্যাচে ভারতকে ৭ উইকেটে হারিয়ে দ্বিতীয় জয় পায় বাংলাদেশ।

ওই প্রতিযোগিতায় শেষ পর্যন্ত ১৯ রানে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড। সেই আয়োজন বাংলাদেশে ব্যাপক সাড়া ফেলেছিল। ওই টুর্নামেন্টের মিডিয়া পার্টনার ছিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

সফল সেই আয়োজনের সুখস্মৃতি থেকেই দুবাইয়ে এ টুর্নামেন্টের আয়োজন করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। বাংলাদেশ দলকে এবারও সহযোগিতা দিচ্ছে আইসিআরসি।

আইসিআরসির ফিজিক্যাল রিহেবিলিটেশন প্রকল্পের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মো. মাহফুজুর রহমান বাংলাদেশ দলের সঙ্গে রয়েছেন।

বাংলাদেশ দল: মো. আলম খান (অধিনায়ক), অপূর্ব কুমার পাল (সহ-অধিনায়ক), এসএম শাহরিয়া শামীম, মো. মনিরুজ্জামান, মো. আমিন উদ্দিন, দ্রুপম পত্রনবিশ তীর্থ, মো. রাসেল শিকদার, মো. জাহিদ হাসান, ফয়সাল খান সুমিত, মোশাররফ হোসেন, রিয়াদুল ইসলাম রিঙ্কু, জাভেদ ভূইয়া, মো. আকবর, হোসেন সাজ্জাদ, মোজাম্মেল হক বাবু।

ইংল্যান্ড দল: ইয়ান নাইন (অধিনায়ক), ম্যাথু অস্কিন, ফ্রেড ব্রিজেস, লি ক্লার্ক, ক্যালাম ফ্লিন, জেমি গুডউইন, ডেনিয়েল হ্যাম, হুগো হ্যামল্ড, গর্ডন ল্যাইডল, জশ মিড,  ড‌্যানিয়েল রেনাল্ডো, জো সেব্রিজ, লিয়াম থমাস, লি ওয়াকার ও জর্ডান উইলিয়ামস।