২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শরীফের হ্যাটট্রিক

এবারের ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম হ্যাটট্রিক করেছেন মোহাম্মদ শরীফ। বুধবার গাজী গ্রুপ ক্রিকেটার্সের অভিজ্ঞ এই পেসার শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের বিপক্ষে ম্যাচে টানা তিন উইকেট নিয়েছেন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2016, 02:50 PM

Updated : 11 Oct 2022, 08:15 PM

পুরনো খবর:

আশা ছেড়েই দিয়েছিল ব্রাদার্স
ভিক্টোরিয়াকে মাটিতে নামালেন সাইফ-শাওন
মাশরাফিদের অবিশ্বাস্য হার
শরীফের হ্যাটট্রিকের পর ম্যাচ রিজার্ভ ডেতে

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচটি বৃষ্টিতে বন্ধ ছিল দীর্ঘক্ষণ। ২৯.৪ ওভার খেলা হওয়ার পর বৃষ্টির ছোবলে ম্যাচ নেমে আসে ৩৮ ওভারে। বৃষ্টি বিরতির পরপরই শরীফের ওই হ্যাটট্রিক।

মাহমুদউল্লাহ তখন বিপজ্জনক হতে শুরু করেছেন। কেবলই ছক্কা মেরেছেন বাঁহাতি স্পিনার মইনুল ইসলামকে। প্রথম স্পেলে ৫ ওভারে ৩২ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন শরীফ। দ্বিতীয় স্পেলে ফিরে ওই মাহমুদউল্লাহকে ফিরিয়েই শুরু করেন শিকার।

শেখ জামাল অধিনায়ক (৩০) ক্যাচ দেন সাঈদ আনোয়ার জুনিয়রের হাতে। পরের বলেই বোল্ড উইকেটকিপার ব্যাটসম্যান জাবিদ হোসেন (১৩)।

হ্যাটট্রিক ডেলিভারির মুখোমুখি হয়েছিলেন অভিজ্ঞ বাঁহাতি ব্যাটসম্যান নাজমুস সাদাত। অভিজ্ঞতার লড়াইয়ে জিতেছেন শরীফ। এলবিডব্লিউর আবেদনে আম্পায়ারের আঙুল উঠতেই উল্লাসে মাতেন ৩২ বছর বয়সী এই পেসার।

উইকেট পড়েছে পরের বলেও। তবে সেটি জমা হয়নি শরীফের ঝুলিতে। রান আউট হন মুক্তার আলি। টানা চার বলে উইকেট, ৩ উইকেটে ১৪৯ থেকে শেখ জামাল চোখের পলকে ৭ উইকেটে ১৪৯!

পরে ইনিংসের শেষ বলে শফিউল ইসলামকেও বোল্ড করেছেন শরীফ। ৪৩ রানে নিয়েছেন ৪ উইকেট। ৩৮ ওভারে শেখ জামাল করেছে ৯ উইকেটে ১৬৮।

লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের কোনো ক্রিকেটারের এটি সপ্তম হ্যাটট্রিক। এর চারটি হয়েছে আন্তর্জাতিক ওয়ানডেতে। ২০০৬ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে হ্যাটট্রিক করেন শাহাদাত হোসেন।

২০১০ সালে জিম্বাবুয়ের বিপক্ষেই মিরপুরে হ্যাটট্রিক করেন আব্দুর রাজ্জাক। ২০১৩ সালে নিউ জিল্যান্ডের বিপক্ষে রুবেল হোসেন। আর ২০১৪ সালে অভিষেকে হ্যাটট্রিকের প্রথম কীর্তি গড়েন তাইজুল ইসলাম, সেই জিম্বাবুয়ের বিপক্ষে।

এর বাইরে লিস্ট ‘এ’ তে বাংলাদেশের আগের দুটি হ্যাটট্রিকই হয় ২০১৩ সালে ঢাকা প্রিমিয়ার লিগের একই দিনে!

বিকেএসপিতে গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্সের হয়ে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে হ্যাটট্রিক করেন রুবেল হোসেন। টানা তিন বলে আউট করেন সোহরাওয়ার্দী শুভ, মেহরাব হোসেন জুনিয়র ও আহসানুল হককে। লিস্ট ‘এ’ ক্রিকেটে একাধিক হ্যাটট্রিক করা বাংলাদেশের একমাত্র ক্রিকেটার তিনিই।

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে কলাবাগান ক্রীড়া চক্রের বিপক্ষে বগুড়ায় হ্যাটট্রিক করেছিলেন আরেক পেসার তাপস বৈশ্য। ইনিংসের শেষ ওভারের শেষ তিন বলে ফিরিয়েছেন নাঈম ইসলাম, শাহাদাত হোসেন ও রাকিবুল হাসানকে।  

তালিকায় এবার নবতম সংযোজন দেশের ক্রিকেটের পুরোনো সৈনিক শরীফ।