২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শরীফের হ্যাটট্রিকের পর ম্যাচ রিজার্ভ ডেতে

এবারের ঢাকা লিগের প্রথম হ্যাটট্রিক করলেন মোহাম্মদ শরীফ। তবে ফলাফল নিয়ে দোলাচলে তার দল গাজী গ্রুপ ক্রিকেটার্স। শেখ জামালের বিপক্ষে ম্যাচটি শেষ হতে পারেনি বৃষ্টিতে। বৃহস্পতিবারে হবে খেলার বাকিটুকু।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2016, 05:35 PM

Updated : 11 Oct 2022, 08:15 PM

পুরনো খবর:

আশা ছেড়েই দিয়েছিল ব্রাদার্স
ভিক্টোরিয়াকে মাটিতে নামালেন সাইফ-শাওন
মাশরাফিদের অবিশ্বাস্য হার
শরীফের হ্যাটট্রিক

বুধবার ম্যাচটি স্থগিত হওয়ার আগে আরও এক দফায় বন্ধ ছিল বৃষ্টিতে। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ইনিংসের ২৯.৪ ওভার শেষে দীর্ঘক্ষণ বন্ধ থাকে খেলা। পরে ম্যাচ নেমে আসে ৩৮ ওভারে। শেখ জামাল তুলতে পারে ৯ উইকেটে ১৬৮।

ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ৩৮ ওভারে গাজীর লক্ষ্য দাঁড়ায় ১৯৬। ১৬.১ ওভারে ৩ উইকেটে ৮৩ রান তোলার পর আবার নামে বৃষ্টি। নিয়ম অনুযায়ী খেলা যেখানে থেমেছে, সেখান থেকেই শুরু হবে বৃহস্পতিবার।

শেখ জামালের শুরুটা ছিল বেশ ভালো। আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে জয়রাজ শেখের নতুন উদ্বোধনী জুটিতে আসে ৬২ রান।

জয়রাজ (২৮) আউট হওয়ার পর মার্শাল আইয়ুব টেকেননি বেশিক্ষণ। তৃতীয় উইকেটে আব্দুল্লাহর সঙ্গে মাহমুদউল্লাহর জুটি ৪৪ রানের। ৭ চার ও ৩ ছক্কায় ৬৯ করে আউট হয়েছেন আব্দুল্লাহ।

জাবিদকে নিয়ে এরপর মাহমুদউল্লাহর ইনিংস গড়ে তোলার সময় নামে বৃষ্টি। বৃষ্টি বিরতির পর ওভার কমে যাওয়ায় পরিস্থিতির দাবি ছিল ব্যাট হাতে ঝড়। তখনই দৃশ্যপটে আবির্ভাব শরীফের।

প্রথম ৫ ওভারে ৩২ রান দিয়েছিলেন শরীফ। ফিরে প্রথম ওভারেই হ্যাটট্রিক! সাঈদ আনোয়ার জুনিয়রের হতে ধরা পড়েন মাহমুদউল্লাহ। পরের বলেই বোল্ড জাবিদ। নাজমুস সাদাতকে এলবিডব্লিউ করে হ্যাটট্রিক পূরণ।

লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের এটি সপ্তম হ্যাটট্রিক।

উইকেট পড়েছে পরের বলেও। রান আউট হয়েছেন মুক্তার আলি। ৩ উইকেটে ১৪৯ থেকে টানা চার বলে উইকেট হারিয়ে থমকে দাঁড়ায় শেখ জামাল।

ইনিংসের শেষ বলে আরও একটি উইকেট নেন শরীফ।

ডাকওয়ার্থ-লুইসে লক্ষ্যটা তবু খুব সহজ দাঁড়ায়নি গাজীর। দাবি মিটিয়েই ৫ ওভারে ৩৯ রান তোলেন গাজীর দুই ওপেনার শামসুর রহমান ও এনামুল হক।

শেখ জামালকে ম্যাচে ফেরান আরাফাত সানি। অ্যাকশন খানিকটা বদলে মাঠে ফিরে দ্বিতীয় ম্যাচ খেলতে নামা বাঁহাতি স্পিনার প্রথম বলেই ফিরিয়ে দেন শামসুরকে। পরে নেন সাঈদ আনোয়ারের উইকেটও। মাঝে ফিরে যান মেহেদি হাসানও।

বৃহস্পতিবার গাজীকে এগিয়ে নিতে উইকেটে নামবেন এনামুল ও অধিনায়ক অলক কাপালি।

আর ২৩টি বল হলেই ডাকওয়ার্থ-লুইসে ফল হয়ে যেত ম্যাচের। সেটির জন্য অপেক্ষা এখন বৃহস্পতিবার পর্যন্ত।

সংক্ষিপ্ত স্কোর:

শেখ জামাল: ৩৮ ওভারে ১৬৮/৯ (জয়রাজ ২৮, আব্দুল্লাহ ৬৯, মার্শাল ৬, মাহমুদউল্লাহ ৩০, জাবিদ ১৩, মুক্তার ০, সাদাত ০, সোহাগ ১৫*, ওয়াহিদুল ২, শফিউল ২; দেলোয়ার ০/২৮, সাঈদ আনোয়ার ২/২৭, শরিফ ৪/৪৩, মেহেদি ০/১০, অলক ০/২২, মইনুল ০/৩৩, মুস্তাফিজ ১/৫)।

গাজী গ্রুপ: ১৬.১ ওভারে ৮৩/৩ (এনামুল ৩৬*, শামসুর ১৯, মেহেদি ৫, সাঈদ আনোয়ার ৫, অলক ১৪*; শফিউল ০/২২, ০/২৬, সানি ২/১৩, ওয়াহিদুল ১/৮, মাহমুদউল্লাহ ০/১২)।

ফল: ম্যাচ রিজার্ভ ডেতে