২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভিক্টোরিয়াকে মাটিতে নামালেন সাইফ-শাওন

দুই-একজন অভিজ্ঞের সঙ্গে একদমই তরুণ ক্রিকেটারদের নিয়ে গড়া দল। অনুশীলন হয় দায়সারা। ক্রিকেটাররা পায় না পর্যাপ্ত খাবার, ভালো থাকার জায়গা। লিগের সবচেয়ে ছোট বাজেটের দল, তার পরও ক্রিকেটাররা পায়নি টাকা। সেই ক্রিকেট কোচিং স্কুলই (সিসিএস) জন্ম দিল এবারের ঢাকা প্রিমিয়ার লিগের অন্যতম অঘটনের!

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2016, 06:47 PM

Updated : 12 Apr 2022, 02:05 AM

কদিন আগেও বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলে খেলা সাইফ হাসান ও সালেহ আহমেদ শাওন গাজীর দারুণ পারফরম্যান্সে চমক জাগানিয়া এক জয় পেয়েছে সিসিএস। ম্যাচ জিতলেই পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যেত ভিক্টোরিয়া। উল্টো ৫৩ রানে তারা হেরে গেল একদম তলানির দলের কাছে।

বুধবার ফতুল্লায় টস জিতে সিসিএস করেছিল ২৫৯ রান। দু দফা বৃষ্টিতে ভিক্টোরিয়ার লক্ষ্য ছিল ৩৫ ওভারে ২৫৩। গুটিয়ে যায় তারা ১৯৯ রানেই।

সপ্তম ম্যাচে এসে লিগে প্রথম জয়ের দেখা পেল সিসিএস। ভিক্টোরিয়া হারল মাত্র দ্বিতীয়বার।

আগের ম্যাচে ৮৬ রান করার পর সাইফ এবার করেছেন ৭৮। পরে বল হাতে নিয়েছেন গুরুত্বপূর্ণ একটি উইকেট। তবে অসাধারণ বোলিংয়ে ম্যাচ সেরা শাওন। ৭ ওভারে ১৫ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। দুর্দান্ত প্রথম স্পেলে ৩ উইকেট নিয়ে এই বাঁহাতি স্পিনারই ম্যাচ থেকে ছিটকে দিয়েছেন ভিক্টোরিয়াকে।

অধিনায়ক রাজিন সালেহ ও পিনাক ঘোষ উদ্বোধনী জুটিতে তোলেন ৮৪ রান। তৃতীয় উইকেটে ফর্মে থাকা দুই তরুণ সাইফ ও সালমান হোসেনের জুটি ৯৮ রানের। ৬টি চার ও ২ ছক্কায় ৭৯ বলে ৭৮ করেছেন সাইফ, ৪৮ বলে ৪১ সালমান।

তবে দুই ভরসার বিদায়ের পর আগের ম্যাচগুলোর মতোই ভেঙে পড়ে সিসিএসের ইনিংস। ৫৯ রানে পড়ে শেষ ৮ উইকেট। সম্ভাবনা জাগিয়েও গড়া হয়নি আরও বড় স্কোর।

আগে এক দফায় পরপর দুই ম্যাচে ৬ ও ৫ উইকেটের পর চতুরঙ্গা ডি সিলভা এবার নিয়েছেন ৪ উইকেট। ১৯ উইকেট নিয়ে লিগের শীর্ষ বোলার এই শ্রীলঙ্কান বাঁহাতি স্পিনার।

ভিক্টোরিয়ার শুরুটা ছিল ঝড়ো। ৪ ওভারেই ৪২ তুলে ফেলেন সোহরাওয়ার্দী শুভ ও আব্দুল মজিদ। এরপরই রাশ টেনে ধরেন শাওন। নিজের পর পর দুই ওভারে ফেরান দুই ওপেনারকেই। নিজের সহজাত ধীরস্থির খেলার বাইরে গিয়ে ৩০ বলে ৩৯ করেন মজিদ।

ইনিংসের ১০ ওভার শেষে বৃষ্টিতে বন্ধ থাকে খেলা। খানিক পর খেলা শুরু হতেই আরও বিপাকে পড়ে যায় ভিক্টোরিয়া। বড় ভরসা মুমিনুলকে ফেরান শাওন। আরেক বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ পরপর দুই বলে ফেরান দুর্দান্ত ফর্মে থাকা আল আমিন ও চতুরঙ্গাকে।

৭৩ রানে ৫ উইকেট হারিয়ে তখন পথচ্যুত ভিক্টোরিয়া। অধিনায়ক নাদিফ চৌধুরির ৪৪ বলে ৫০, দশে নেমে ডলার মাহমুদের ১৭ বলে ২৯ রান শুধু কমিয়েছে ব্যবধান।

তারপরও সিসিএসের জয়ের ব্যবধান বেশ বড়। এটাই বলে দিচ্ছে, চূড়ান্ত অবহেলার পরও কতটা উজ্জীবিত ছিল দলটির তরুণ ক্রিকেটাররা!

সংক্ষিপ্ত স্কোর:

সিসিএস: ৪৯.৪ ওভারে ২৫৯ (পিনাক ৪২, রাজিন ৪২, সাইফ ৭৮, সালমান ৪১, উত্তম ২, অমিত ১, সাঈদ ১৭, নাসুম ১৫, মেহরাব ৪, নবি ১, শাওন ১*; কামরুল ৪/৫৪, ডলার ০/১৯, এনামুল ০/৩৩, চতুরঙ্গা ৪/৪৭, শুভ ২/৫৪, আল আমিন ০/৪৭)।

ভিক্টোরিয়া: ৩১.১ ওভারে ১৯৯ (লক্ষ্য ৩৫ ওভারে ২৫৩) (মজিদ ৩৯, শুভ ১৬, মুমিনুল ১৪, আল আমিন ২, নাদিফ ৫০, চতুরঙ্গা ০, ধিমান ১০, জুবায়ের ২২, এনামুল ৩, ডলার ২৯, কামরুল ৪*; মেহরাব ০/২৭, সাইফ ১/৪৮, শাওন ৪/১৫, উত্তম ০/১১, নাসুম ২/৩৬, সাঈদ ১/১৭, রাজিন ১/২৭, সালমান ১/১৭)।

ফল: সিসিএস ৫৩ রানে জয়ী

ম্যান অব দা ম্যাচ: সালেহ আহমেদ শাওন গাজী।