২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আশা ছেড়েই দিয়েছিল ব্রাদার্স

জয়ের জন্য শেষ ৫ ওভারে কলাবাগান ক্রীড়া চক্রের প্রয়োজন ২৫ রান, হাতে আছে ৭ উইকেট। টিকে আছে শতক করা এক ব্যাটসম্যান। সমীকরণ বুঝে হাল ছেড়ে দিয়েছিল ব্রাদার্স ইউনিয়ন। কিন্তু শেষ বেলার নাটকীয়তায় জয়ের হাসিতেই মাঠ ছাড়ে তুষার ইমরানের দল। 

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2016, 06:57 PM

Updated : 12 Apr 2022, 02:05 AM

বুধবার বিকেএসপির তিন নম্বর মাঠে কলাবাগানের বিপক্ষে ৯ রানের জয়ের পর নিজেদেরই বিশ্বাস হচ্ছিল না ব্রাদার্সের খেলোয়াড়দের। তাদের কাছে এই জয় প্রতিপক্ষের একরকম উপহার।  

ম্যাচ শেষে নিজের প্রতিক্রিয়ায় তুষার বলেন, “৪৫ ওভার শেষে ওদের প্রয়োজন ছিল ২৫ রান, হাতে ছিল ৭ উইকেট। ক্রিজে ছিলেন হ্যামিল্টন মাসাকাদজা। আমাদের জেতার কোনো সুযোগ ছিল না, হাল ছেড়ে দিয়েছিলাম।”

৩০ বলে ৭ উইকেট হাতে নিয়ে ২৫ রান করতে পারেনি কলাবাগান। ১৫ রানে শেষ ৭ উইকেট হারায় মাশরাফি বিন মুর্তজার দল। তুষার মনে করেন তাড়াহুড়ায় শেষে ব্যাটিং বিপর্যয়ে পড়ে প্রতিপক্ষ।

“ওদের জন্য সহজ লক্ষ্য ছিল। আমার মনে হয়, ওদের জেতার লক্ষ্য ছিল। ওরা সেই লক্ষ্যে পৌঁছতে তাড়াহুড়ো করেছে।”  

ব্রাদার্স অধিনায়কও মানছেন, মাসাকাদজা শেষ পর্যন্ত উইকেটে থাকলে কোনো সুযোগ ছিল না তাদের।

“ওর রান আউটটাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। এরপরই আমরা পুরোপুরি ম্যাচে ফিরেছি। এটা আমাদের খেলা সবচেয়ে নাটকীয় ম্যাচের একটি।”

এর আগে এই মাঠেই শেষ দিকের নাটকীয়তায় আবাহনীর বিপক্ষে জেতা ম্যাচ হেরেছিল ব্রাদার্স। তুষার মনে করেন এবার হারা ম্যাচ জেতায় সেই ম্যাচের দুঃখ কিছুটা কমল।

জয়ের জন্য শেষ ওভারে ১০ রান প্রয়োজন ছিল কলাবাগানের। সে সময় দলের বোলিং আক্রমণের অন্যতম সেরা অস্ত্র আসিফ হাসানকে আক্রমণে না এনে সাদিকুর রহমানের হাতে বল তুলে দেন তুষার। অভিজ্ঞ এই ক্রিকেটার দিলেন এর ব্যাখ্যা।

“সে সময় ক্রিজে ওদের একজন বাঁহাতি ব্যাটসম্যান (আব্দুর রাজ্জাক) ছিল। বাঁহাতি বোলারকে বল দিলে সে (ছক্কা) মেরে দিতে পারত। তাই আসিফকে না দিয়ে তাজিনকে (সাদিকুর) বোলিংয়ে আনি। আমারও ওভার কিন্তু ছিল, কিন্তু আমি সাহস করিনি (হাসি)।”

অহেতুক উচ্চাভিলাষী শট খেলে তাসামুল হক, মেহরাব হোসেন জুনিয়ররা ফিরে গেলেও জয় নিয়ে কোনো অনিশ্চিয়তা ছিল কলাবাগানের খেলোয়াড়দের মধ্যে। কিন্তু রান আউট হয়ে মাসাকাদজা ফিরে এলে উদ্বেগ-উৎকণ্ঠা চেপে ধরে দলটিকে।

১০৫ বলে ১১১ রানের চমৎকার এক ইনিংস খেলে ফিরে আসা মাসাকাদজা সীমানা দড়ির পাশেই এক চেয়ারে বসে চোখে অবিশ্বাস নিয়ে দেখেন দলের পরাজয়। ম্যাচ সেরার পুরস্কার জেতার পর জানালেন, তার রান আউটই ম্যাচ ঘুরিয়ে দিয়েছে।