২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জয় দিয়ে শেষের অপেক্ষায় বাংলাদেশ

এশিয়া কাপের ফাইনালে খেলার সুখস্মৃতি নিয়ে আসা বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ কাটছে হতাশা আর শোকের আবহে। ক্রিকেটের সবচেয়ে রোমাঞ্চকর টুর্নামেন্টের শেষটায় এসে অন্তত হাসিমুখ নিয়ে ফিরতে চায় মাশরাফি বিন মুর্তজার দল। গ্রুপের একমাত্র অপরাজিত দল নিউ জিল্যান্ডের বিপক্ষে জয় সেই স্বস্তি ফেরাতে পারে বাংলাদেশ দলে।

অনীক মিশকাত অনীক মিশকাত

কলকাতা থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2016, 10:01 PM

Updated : 11 Oct 2022, 07:59 PM

পুরনো খবর:

শেষের জয়ও হতে পারে বড় প্রাপ্তি!
‘বাংলাদেশের সঙ্গে চরম অবিচার করা হয়েছে’
ভুল থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়ানোর প্রতিজ্ঞা
বাড়ি ফিরে অবসর নিয়ে ভাববেন মাশরাফি
‘ভারত ম্যাচ বাংলাদেশের সামর্থ্যের প্রমাণ’
এখনও কোনো ব্যাখ্যা নেই মাশরাফির কাছে

আগামী শনিবার বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায় কলকাতার ইডেন গার্ডেন্স নিউ জিল্যান্ডের মুখোমুখি হবেন সাকিব আল হাসান-তামিম ইকবালরা।

প্রথম রাউন্ডের আবরণে হওয়া বাছাই পর্বে বাংলাদেশের প্রথম ম্যাচেই প্রশ্নবিদ্ধ হয় আরাফাত সানি ও তাসকিন আহমেদের বোলিং। ছন্দ কাটা দিয়ে শুরু, যার শেষটায় ভারতের বিপক্ষে সর্বশেষ ম্যাচে এসেছে অবিশ্বাস্য এক পরাজয়।   

সানি-তাসকিনকে হারানোর বেদনা কাটিয়ে উঠার পথেই বাংলাদেশ আবার নীল হয়েছে ব্যাখ্যাতীত হারে। চার উইকেট হাতে নিয়েও শেষ তিন বলে দুই রানের লক্ষ্যে পৌঁছতে পারেনি দলটি। এই হার অনেক দিন তাড়া করে ফিরবে বাংলাদেশকে, বিশেষ করে মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহকে।

সেই হার থেকে যত দ্রুত বের হওয়া যায় বাংলাদেশের জন্য তত ভালো। অধিনায়ক মাশরাফিও জয় দিয়ে সেই হারের স্মৃতি ভুলতে চান। তার বিশ্বাস, সামনের দিনে আরও অনেক ভালো স্মৃতি অপেক্ষায় আছে।

“খেলোয়াড় হিসেবে ওখানে পড়ে থাকাটা ঠিক হবে না। ওটা নিয়ে চিন্তা করে আসলে কোনো লাভ হবে না। আমি আগেও বলেছি, বাংলাদেশ ক্রিকেট এখানেই থেমে থাকবে না। আমরা ভুল করেছি, সেই ভুল থেকে শিক্ষা নিতে হবে। আমাদের সামনের ম্যাচে মনোযোগ দিতে হবে।”

সেই হার থেকে যত দ্রুত বের হওয়া যায় বাংলাদেশের জন্য তত ভালো। অধিনায়ক মাশরাফিও জয় দিয়ে সেই হারের স্মৃতি ভুলতে চান। তার বিশ্বাস, সামনের দিনে আরও অনেক ভালো স্মৃতি অপেক্ষায় আছে।

অস্ট্রেলিয়া ম্যাচের আগে বাংলাদেশকে তাড়া করেছিল আন্তর্জাতিক ক্রিকেটে সানি-তাসকিনের বোলিংয়ে নিষেধাজ্ঞা। নিউ জিল্যান্ড ম্যাচেও ফিরে ফিরে আসছে পরপর তিন বলে উইকেট হারিয়ে ভারতের কাছে হার।

মাশরাফি জানান, দলের কেউ ভেঙে পড়েনি, “সবাই শোকের মধ্যে আছে। সবাই আপসেট। কেউ কাউকে দোষ দিচ্ছে। কিন্তু মেনেও নিতে পারছেন না যে, এভাবেও হারতে হল। মানসিকভাবে ফিরে আসাটা খুব কঠিন।”

সেই কঠিন কাজটা করার সামর্থ্য মুশফিক-মাহমুদউল্লাহদের আছে। সঙ্গে আছে উপমহাদেশের কন্ডিশনে নিউ জিল্যান্ডের সঙ্গে ভালো করার সুখস্মৃতি। দেশের মাটিতে সর্বশেষ সাত ওয়ানডেতে দলটিকে হারিয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়া, ভারতের বিপক্ষে যেভাবে খেলেছেন চান্দিকা হাথুরুসিংহের শিষ্যরা। সেটা ধরে রাখতে পারলে নিউ জিল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করা অসম্ভব হবে না।

মাশরাফি মনে করেন, ছোট ভুলগুলো এড়াতে পারলে সুপার টেনে দুয়েকটি ম্যাচ জেতা তাদের জন্য সম্ভব ছিল, “তবে এটা নিয়ে বসে থাকতে চাই না। আমাদের সামনে এগিয়ে যেতে হবে। এই অভিজ্ঞতা ভবিষ্যতে আমাদের কাজে লাগবে।”

কন্ডিশনের সঙ্গে খুব ভালোভাবে মানিয়ে নেওয়া নিউ জিল্যান্ড একাদশে ট্রেন্ট বোল্ট, টিম সাউদির মতো বোলারকে উপেক্ষা করছে। বাঁহাতি স্পিনার মিচেল স্যান্টনার ও লেগ স্পিনার ইশ সোধি ভারতে দলের সেরা অস্ত্র হয়ে উঠেছেন। ভালো করছেন দুই পেসার মিচেল ম্যাকক্লেনাগান, অ্যাডাম মিল্নেও।

শুরুর ঝড়ে বাংলাদেশের কাছ থেকে ম্যাচ কেড়ে নিতে পারেন মার্টিন গাপটিল। দারুণ ছন্দে আছেন এই মারকুটে ব্যাটসম্যান। উইলিয়ামসন, কলিন মানরো, কোরি অ্যান্ডারসন, রস টেইলরদেরও সামর্থ্য আছে লক্ষ্য ধরা ছোঁয়ার বাইরে নিয়ে যাওয়ার।  

মুস্তাফিজুর রহমান, সাকিব আল হাসানকে ঘিরে বোলিং পরিকল্পনা সাজাতে পারেন মাশরাফি। তার এবং আল আমিন হোসেনের ওভারগুলোও খুব গুরুত্বপূর্ণ হতে পারে। পঞ্চম বোলার হিসেবে শুভাগত হোম চৌধুরী-মাহমুদউল্লাহর ওপর নির্ভর করবেন তিনি।

টুর্নামেন্টের শেষে এসে ম্যাচ পেতে পারেন তরুণ উইকেটরক্ষক-ব্যাটসম্যান নুরুল হাসান। তাকে জায়গা দিতে গিয়ে বাদ পড়তে পারেন মোহাম্মদ মিঠুন। তামিম ইকবালের সঙ্গে উদ্বোধনী জুটিতে ফিরতে পারেন সৌম্য সরকার।

দুঃস্বপ্ন ভুলে মুশফিক-মাহমুদউল্লাহ দলকে কিভাবে এগিয়ে নেন তা দেখার প্রতীক্ষায় থাকবে বাংলাদেশ। দলের সবচেয়ে নির্ভরযোগ্য এই দুই ব্যাটসম্যান যত দ্রুত স্বাভাবিক হবেন দলের জন্য তত ভালো।

দেশের জন্য খেলার চেয়ে অনুপ্রেরণা আর কিছু হতে পারে। তবে নিউ জিল্যান্ড ম্যাচে আরেক অনুপ্রেরণা হতে পারেন মাশরাফি, টি-টোয়েন্টি ক্রিকেটে এটাই হতে পারে তার শেষ ম্যাচ। অনুপ্রেরণাদায়ী অধিনায়কের শেষ ম্যাচটি রাঙিয়ে রাখতে চাইতেই পারে বাংলাদেশ।