২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাড়ি ফিরে অবসর নিয়ে ভাববেন মাশরাফি

নিউ জিল্যান্ডের বিপক্ষে ম্যাচটিই হতে পারে মাশরাফি বিন মুর্তজার শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি। তবে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেননি বাংলাদেশ অধিনায়ক। সিদ্ধান্ত নেবেন দেশে ফিরে।

আরিফুল ইসলাম রনি আরিফুল ইসলাম রনি

কলকাতা থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2016, 05:33 PM

Updated : 12 Apr 2022, 01:42 AM

বিশ্বকাপ দিয়েই টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানানোর একটি ভাবনা গত বছর থেকেই ছিল মাশরাফির। নানা উপলক্ষে বেশ কবারই বলেছেন, টি-টোয়েন্টি ক্রিকেট তিনি ঠিক ওয়ানডের মতো উপভোগ করেন না।

এখনও পর্যন্ত যা সূচি, তাতে বিশ্বকাপের পর এ বছর আর কোনো টি-টোয়েন্টি নেই বাংলাদেশের। মাঝে নতুন করে কিছু আয়োজন করা না হলে পরের টি-টোয়েন্টি আগামী জানুয়ারিতে, নিউ জিল্যান্ডে।

এবারের পর থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে চার বছর পরপর। ২০২০ সালে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত নিশ্চিতভাবেই খেলবেন না মাশরাফি। সব মিলিয়েই সংক্ষিপ্ত সংস্করণ থেকে তার বিদায়ের গুঞ্জণটা তীব্র।

নিউ জিল্যান্ড ম্যাচের আগের দিন মাশরাফির সংবাদ সম্মেলনে উঠল বিদায়ের প্রসঙ্গ। মাশরাফির উত্তরটা এক লাইনের, “এটা নিয়ে বাসায় গিয়ে ভাববো।”

নিজেকে নিয়ে আড়ম্বর, উন্মাদনা, লোকের অতি আগ্রহ, এসব বরাবরই এড়িয়ে চলতে চান মাশরাফি। টি-টোয়েন্টি ক্রিকেটকেও আলাদা করে খুব বেশি গুরুত্ব দেন না। সব মিলিয়েই হয়ত চান না টি-টোয়েন্টির অবসর নিয়ে বেশি হইচই হোক।

পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকেও মাশরাফি জানালেন, অবসর নিয়ে ভাবতে চান না ম্যাচের আগে।

“কালকে গুরুত্বপূর্ণ একটি ম্যাচ আছে আমাদের। আপাতত সেদিকেই পুরো মনোযোগ। টি-টোয়েন্টি এরপরও আর খেলব কিনা, সেসব ভাবার অনেক সময় আছে দেশে ফিরে।”

পুরনো খবর:

জয় দিয়ে শেষের অপেক্ষায় বাংলাদেশ
‘বাংলাদেশের সঙ্গে চরম অবিচার করা হয়েছে’
শেষের জয়ও হতে পারে বড় প্রাপ্তি!
‘ভারত ম্যাচ বাংলাদেশের সামর্থ্যের প্রমাণ’