২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বাংলাদেশের সঙ্গে চরম অবিচার করা হয়েছে’

আন্তর্জাতিক ক্রিকেটে তাসকিন আহমেদের বোলিং নিষিদ্ধ হওয়াটা কোনোমতেই মানতে পারছেন না নাজমুল হাসান। দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবির প্রধান মনে করছেন, তাসকিনের নিষেধাজ্ঞার মধ্য দিয়ে বাংলাদেশের ক্রিকেটের প্রতি চরম অবিচার করা হয়েছে।

অনীক মিশকাত অনীক মিশকাত

কলকাতা থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2016, 09:48 PM

Updated : 11 Oct 2022, 07:59 PM

পুরনো খবর:

এখনও কোনো ব্যাখ্যা নেই মাশরাফির কাছে
‘ভারত ম্যাচ বাংলাদেশের সামর্থ্যের প্রমাণ’
বাড়ি ফিরে অবসর নিয়ে ভাববেন মাশরাফি
ভুল থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়ানোর প্রতিজ্ঞা
জয় দিয়ে শেষের অপেক্ষায় বাংলাদেশ
শেষের জয়ও হতে পারে বড় প্রাপ্তি!

শুক্রবার কলকাতায় বাংলাদেশ দলের হোটেলে সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন নাজমুল হাসান।

নিষিদ্ধ তাসকিন: ক্রিকেট ইতিহাসে এটাই প্রথম হলো।

নাজমুল হাসান: তাসকিনের সঙ্গে যেটা হলো এটা ক্রিকেটের ইতিহাসে এই প্রথম। এর আর আগে আর কখনও ঘটেনি, ভবিষ্যতেও কখনও ঘটবে বলে মনে হয় না। সারা জীবন জানতাম, আইসিসির আইন হচ্ছে, কোনো বোলার যদি কোনো ম্যাচে অবৈধ কোনো বল করে তাকে সাসপেন্ড করা হয়। কিন্তু একটা বোলার কোনো ম্যাচে একটাও অবৈধ বল না করে সাসপেন্ডেট হতে পারে, ক্রিকেট ইতিহাসে এটাই প্রথম হল। ম্যাচ রেফারি বলেছে, ও যে বল করেছে তার সবগুলোই সন্দেহজনক। ল্যাবে যাওয়ার পর ওরা দেখেছে (নেদারল্যান্ডস ম্যাচে) ওর একটাও ডেলিভারি অবৈধ নয়। এতে সম্পূর্ণ নতুন একটা জিনিস আমাদের শেখা হল, কোনো বোলার ম্যাচে যদি একটাও অবৈধ বল না করে তবুও আন্তর্জাতিক ক্রিকেটে সাসপেন্ডেট হতে পারে। এই জিনিসটা আমাদের জানা ছিল না।

‘বাংলাদেশ ক্রিকেট হ্যাজ ফিনিশড’

নাজমুল: দুঃখজনক হলেও এই আইনটাও অন্য সব বারের মতো আমাদের বেলাতেই প্রযোজ্য হল। আমি মনে করি, এই ব্যাপারে আইসিসির আবার ভাবা উচিৎ। এটা সম্পূর্ণ অন্যয় করা হয়েছে আমাদের সঙ্গে। যদি বাংলাদেশের ক্রিকেটে কোনো ধাক্কার কথা বলা হয়ে থাকে, এটাই সেই ধাক্কা। বাংলাদেশ ক্রিকেট হ্যাজ ফিনিশড। আপনারা যদি সব সময় দেখে থাকেন, তাসকিন আমাদের প্রধান বোলার। তাসকিনের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, সে এখন সবচেয়ে দ্রুত গতির বোলার। ১৪০ কিলোমিটারের বেশি জোরে সে বল করে। সে গত সবগুলো সিরিজ ধরে অসাধারণ বল করছিল। সে গত বিশ্বকাপে খেলেছে, আমরা তারপর তিন-চারটা সিরিজ খেলেছি, আমরা এশিয়া কাপ খেলেছি- কেউ কখনও তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলেনি এবং প্রশ্ন তোলার সুযোগও নেই। তারপরও এটা হয়েছে। আমি মনে করি, এটা চরম অবিচার করা হয়েছে।

আপনি যদি আমাদের পারফরম্যান্স দেখেন, আমরা কিন্তু কারোর সঙ্গে খুব বেশি রান করতে পারিনি। ১৫০-১৬০ রানের বেশি করতে পারিনি। যেগুলো জিতেছি, সেগুলো এই রান করেই কিন্তু আমরা জিতেছি। কারণ আমাদের বোলিং। সেখানে আমাদের দুই প্রধান বোলার বাদ পড়ে গেছে। আমি মনে করি, এটা আমাদের সবচেয়ে বড় ধাক্কা। তাও আবার কখন, যখন আমরা দ্বিতীয় রাউন্ডে উঠলাম। আমরা পড়েছি এই বিশ্বকাপের সবচেয়ে কঠিন গ্রুপে। যে গ্রুপে আইসিসির টি-টোয়েন্টি র‌্যাকিংয়ের সেরা দল ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ডের মতো দল। আমরা ভালো খেলতে শুরু করেছি, চেষ্টা করছি খেলতে, সে জায়গায় দুই জন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছাড়া খেলা খুবই কঠিন।

তারপরও আমি মনে করি, বাংলাদেশ দল অস্ট্রেলিয়া, ভারতের বিপক্ষে যেমন খেলেছে তারা বিস্ময়কর ক্রিকেট খেলেছে।

‘পরীক্ষা দিলেই পাস করবে তাসকিন’

নাজমুল: (তাসকিনকে আবার পরীক্ষা দিতে) পাঠাব। আমি আত্মবিশ্বাসী সে পাস করে আসবে। এটা কোনো ব্যাপারই না, কালকে পাঠাল কালকেই পাস করে আসবে। কিন্তু  দুর্ভাগ্যজনকভাবে বিশ্বকাপটা তো খেলতে পারল না, মানে (বাংলাদেশের ক্রিকেটের) লাভটা কী?  

অবিচার যদি না হয় তবে প্রমাণ দিক আইসিসি

নাজমুল: কেউ যদি মনে করে, আমি যা বলছি এটা ঠিক না, আমি চাই এটা (প্রমাণ) হোক। এখানে অন্যায়, অবিচার করা হয়নি এটাই প্রমাণ হোক, এটাই আমি চাই। এটা প্রমাণ করার একটা সুযোগ আইসিসির এখনও তো আছে। এখনও তো বিশ্বকাপ চলছে, খেলা তো আছেই, অনেক দল খেলছে, যে কোনো দলের দুইটা সেরা খেলোয়াড়কে অবৈধ ডেলভারি না করার পরও বাদ দিয়ে দিক। আমার কথা হচ্ছে, অবৈধ বল করে নাই, তারপরও বাদ দিক। বলে দিক, বিশ্বকাপে খেলতে পারবে না! এমন একটা উদাহরণ আমরা দেখি পৃথিবীতে। তাহলেই তো হয়। আমি নিজে এটা কোনোভাবেই মেনে নিতে পারি না, একটা বোলার অবৈধ কোনো বল না করার পরও একটা টুর্নামেন্টে খেলতে পারবে না, যে কিনা এটা দলের প্রধান বোলার!

নিয়ম যেটা ওরা বলছে, ম্যাচে কোনো অবৈধ ডেলিভারি না করলেও পরীক্ষায় যদি কারো কোনো এটা একটা বল অবৈধ হয়, যে বলটা সে ম্যাচে কোন দিন যদি নাও করে, তবুও সে সাসপেন্ডেট হবে। এটা যদি মেনেও নেই তাহলেও তো একটা প্রশ্ন থাকেই। আন্তর্জাতিক ক্রিকেটে খেলার আগে তো প্রতিটি বোলারের সেখানে পরীক্ষা দিয়ে আসা উচিত। মানে, অন্যরা সবাই পরীক্ষা করাতে যাক। কিন্তু শুধু আমরা কেন? মানে শুধু একা বাংলাদেশই কেন?

আমার একটা বদ্ধমূল ধারণা ছিল তাসকিনকে খেলতে দেওয়া হবে। যখন বলা হয়েছিল, ওর একটাও ডেলিভারি অবৈধ পায়নি তারপর কিন্তু এটা না হওয়া আশ্চর্যজনক ঘটনা। আইন থাকতে পারে, আরেকজনের ওপর তা প্রয়োগ না হওয়া পর্যন্ত তো আমার সন্দেহ থাকবেই।

প্রতিকূলতা জয় করেই খেলতে হবে বাংলাদেশকে

নাজমুল:
আমি মনে মনে একটা জিনিস ধরে রেখেছি, প্রতিকূলতার মধ্যেই আমাদের খেলতে হবে। সব পার করেই আমাদের ভালো খেলতে হবে, ভালো করতে হবে, এছাড়া পথ নেই।

ঘটনা ঘটার পর আমি প্রথমে আইসিসি চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি, আইসিসির সিইওর সঙ্গে কথা বলেছি। মুরালিধরনের জন্য কি আইন বদলায়নি যখন ওকে নিষিদ্ধ করা হয়? মুরালির জন্য আইন বদলানো হয়েছে। শোয়েব আখতারকে অ্যালাও করা হয়েছে নিষিদ্ধ করার পরে, সে বল করতে পারবে-বাউন্সার দিতে পারবে না। বাংলাদেশের বেলায় এই সবের কোনো সুযোগ নাই। আমাদের বেলায় সে সুযোগটা নাই, এটা প্রমাণিত। এটা খুব দুর্ভাগ্যজনক, এটা মেনে নিতে হবে।

এটা আমার-আপনার বলার কিছু নাই। এটা ক্রিকেট বিশ্বকে বুঝে নিতে দিন। যারা ক্রিকেট বোঝে-শোনে এটা তাদের অনুভব করা উচিত। আমি কোনো লবি করতে চাই না। আইসিসি যদি ক্রিকেটকে সামনে এগিয়ে নিয়ে যেতে চায়, ওরা যদি চায় ভালো করে কেউ খেলুক, তাহলে তাদের নিজেদের পাল্টাতে হবে। যদি মনে করে কাউতে উপরে উঠতে দেব না, তাহলে তারা যা করতে চায় তাদের তাই করতে দিন।

একটা কথা বলতে চাই, এসব করে আটকানো যাবে না। যেভাবে (দল) খেলছে, সেভাবে যদি খেলতে থাকি, খেলতে পারি...এসব করে আটকানো যায় না। তবে আমি মনে করি, বাংলাদেশের সঙ্গে যা হচ্ছে, তাতে সবার এদিকে নজর দেওয়া উচিত; তাদের বেলায় হলে কি হত?