২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেষের জয়ও হতে পারে বড় প্রাপ্তি!

ভারতের বিপক্ষে হৃদয়ভাঙা হারে ভেঙে গেছে সেমি-ফাইনালের স্বপ্নও। তবে নিউ জিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচটি জিতলেও অর্জনের ঝুলিতে জমা হতে পারে অনেক কিছু।

আরিফুল ইসলাম রনি আরিফুল ইসলাম রনি

কলকাতা থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2016, 09:59 PM

Updated : 11 Oct 2022, 07:59 PM

পুরনো খবর:

এখনও কোনো ব্যাখ্যা নেই মাশরাফির কাছে
‘ভারত ম্যাচ বাংলাদেশের সামর্থ্যের প্রমাণ’
বাড়ি ফিরে অবসর নিয়ে ভাববেন মাশরাফি
ভুল থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়ানোর প্রতিজ্ঞা
‘বাংলাদেশের সঙ্গে চরম অবিচার করা হয়েছে’
জয় দিয়ে শেষের অপেক্ষায় বাংলাদেশ

ম্যাচের আগে দিন বাংলাদেশের অনুশীলন নেই। সবাইকে সুযোগ দেওয়া হয়েছে নিজের মত সময় কাটানোর। ভারত হারের ধাক্কা সামলাতে যতটা রিল্যাক্সড থাকা যায়। মাশরাফি বিন মুর্তজা ইডেন গার্ডেন্সে এসেছিলেন শুধু আনুষ্ঠানিকতার খাতিরে। সংবাদ সম্মেলনের দলের কোনো একজনের হাজিরা দেওয়া আইসিসির বাধ্যবাধকতা।

কলকাতায়ও অবশ্য বাংলাদেশ অধিনায়ককে পিছু ছাড়ল না বেঙ্গালুরু। চিন্নাস্বামীর রাত বারবার ফিরে এলো ইডেনের দুপুরে। সংবাদ সম্মেলনে ঘুরে ফিরে শুধুই সেই ম্যাচেরই প্রসঙ্গ। মাশরাফি বললেন ওভারে হেরে যাওয়ার ব্যখ্যা নেই। মাশরাফি স্বীকার করলেন নিজেদের ভুল। মাশরাফি প্রত্যয় জানালেন ভুল থেকে শিক্ষা নেওয়ার। পরদিন নিউ জিল্যান্ড ম্যাচে প্রসঙ্গ উঠতেই কেবল একটু হাসতে পারলেন অধিনায়ক, “এই ম্যাচে আমাদের হারানোর কিছু নেই!”

হারানোর কিছু নেই, কিন্তু পাওয়ার আছে অনেক কিছু!

জয় ব্যাপারটিই একটি পাওয়া। নিউ জিল্যান্ডের বিপক্ষে জয় হবে আরও বড় পাওয়া। সুপার টেনের মহারণে একটি জয় নিয়ে ফেরা যাবে, শেষটায় থাকবে সুখস্মৃতি। স্রেফ জয়ে প্রাপ্তি এটি। আর নিউ জিল্যান্ডের বিপক্ষে জয় পেলে সেটির বাড়তি প্রাপ্তি, ওয়ানডেতে কিউইদের দু দফায় হোয়াইটওয়াশ করলেও টি-টোয়েন্টিতে হারানো যায়নি একবারও। প্রথম জয়ের স্বাদ সবসময়ই অতুলনীয়।

আরও বড় প্রাপ্তি হবে বার্তা দেওয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপকে, ক্রিকেট বিশ্বকে বার্তা দেওয়া। অনেক প্রতিকূলতার সঙ্গে যুদ্ধ করে অস্ট্রেলিয়ার সঙ্গে লড়াই করা, এরপর ভারতের বিপক্ষে প্রায় জিতে যাওয়া। সবার আগে সেমি-ফাইনাল নিশ্চিত করা, দুর্দান্ত ফর্মে থাকা নিউ জিল্যান্ডকে হারাতে পারলে এই বার্তাটা দেওয়া যাবে, কঠিন এই গ্রুপে বাংলাদেশ মোটেও ‘আউট সাইডার’ ছিল না। একটু এদিক-সেদিক হলে, কিছু ব্যাপার পক্ষে এলে, ভাগ্য আরেকটু পাশে থাকলে হয়ত বাংলাদেশও এই গ্রুপ থেকে খেলতে পারত সেমিফাইনাল। নিউ জিল্যান্ডের বিপক্ষে জয় হতে পারে সেটির প্রমাণ।

বৃহত্তর দৃষ্টিকোণ থেকেও এই জয়টি হতে পারে ভবিষ্যতের পাথেয়। অনেকেই ভুলে যেতে পারেন, মাত্র কিছুদিন আগেও টি-টোয়েন্টি ক্রিকেটে পায়ের নিচে মাটি খুঁজে পাচ্ছিল না বাংলাদেশ। ছিল হাহাকার। বিস্ফোরক ব্যাটসম্যান নেই। ভালো পেস বোলিং অলরাউন্ডার নেই। ভালো ফিনিশার নেই। শেষের দিকে টর্নেডো ইনিংস খেলার ব্যাটসম্যান নেই। টি-টোয়েন্টিতে বাংলাদেশের ছিল অনেক সীমাবদ্ধতা।

পথ খুঁজে পাওয়ার শুরু কেবলই গত মাসের এশিয়া কাপ থেকে। রাতারাতি বাংলাদেশ বিস্ফোরক ব্যাটসম্যান বা পেস বোলিং অলরাউন্ডার পেয়ে যায়নি। কিন্তু দলীয় শক্তি, একতা আর সমঝোতায় দল ঢাকতে শুরু করেছে ঘাটতি। সবার ছোট ছোট ভূমিকা পূরণ হয়ে উঠতে শুরু করেছে দলের বড় সহায়ক। মাহমুদউল্লাহ হয়ে উঠছেন দারুণ এক ফিনিশার। টি-টোয়েন্টিতে দিশাহারা দলটি পেয়েছে পথের দেখা।

পাকিস্তান-শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপের ফাইনাল। কন্ডিশনের প্রতিবন্ধকতা জয় করে বিশ্বকাপের প্রথম রাউন্ড উতরানো। অস্ট্রেলিয়া-ভারতের বিপক্ষে জয়ের সম্ভাবনা জাগানো। টি-টোয়েন্টিতে বাংলাদেশের এগিয়ে যাওয়ার এই পথে বড় অনুপ্রেরণা হতে পারে নিউ জিল্যান্ডের বিপক্ষে জয়।

শেষ ম্যাচে তাই চাপ না থাকলেও থাকছে প্রত্যাশা। একটি জয়, শেষের জয়। না জিতলেও টি-টোয়েন্টিতে বাংলাদেশের এগিয়ে চলার অভিযান হয়ত শেষ হবে না। তবে জিতলে সেটা হবে দারুণ গতিময়।

শেষ বেলার একটি জয়ও দিতে পারে তাই অনেক কিছু। শেষ বিকেলের সূর্যটা যেমন কখনও কখনও হয় আশ্চর্য সুন্দর। ডোবার আগে দিয়ে যায় সুন্দর আগামীর বার্তা।