২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোচকে দেওয়া কথা রাখতে পেরে খুশি তামিম

সেঞ্চুরির উদযাপনটা আগে থেকে পরিকল্পনা করা ছিল না তামিম ইকবালের। তবে মাথায় হাত বুলিয়ে দেখিয়ে আর আঙুল উঁচিয়ে ইশারা করছিলেন কোচ চন্দিকা হাথুরুসিংহেকে।

ক্রীড়া প্রতিবেদক

ধর্মশালা থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2016, 01:49 AM

Updated : 20 Aug 2022, 12:09 PM

মাইলফলক উদযাপনে বরাবরই আলাদা তামিম। নিজের ব্যাটিংয়ের মতো নানা সময়ে মাতিয়েছেন অর্জনগুলো উদযাপনেও। বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরিয়ান হওয়ার কীর্তিটাও উদযাপন করেছেন মাঠে নিজের মতোই।

সেঞ্চুরি ছোঁয়া অফ ড্রাইভে বল বাউন্ডারির দিকে ছুটতেই ছুটলেন তামিমও। হেলমেট-ব্যাট রাখলেন উইকেটে, ড্রেসিং রুমের দিকে ফিরে ছুটে গিয়ে শূন্যে লাফ। যেন ছুঁতে চাইলেন আকাশ! এর পরই মাথায় হাত বুলিয়ে আর আঙুল উঁচিয়ে ইশারা করলেন কোচের দিকে।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তামিম জানালেন, উদযাপনে ছিল তার তাৎক্ষনিক ভাবনারই প্রতিফলন।

“আসলে একটু বেশি রোমাঞ্চিত হয়ে গিয়েছিলাম। নিজেই বুঝতে পারিনি কি করা উচিত। সেঞ্চুরি হওয়ার আগে শেষ পর্যন্তও ভাবিনি যে সেঞ্চুরি হয়েই যাচ্ছে। উদযাপনটা পরিকল্পনা করিনি। ওসময় ওভাবেই হয়ে গেছে।”

“মাথায় হাত দিয়ে দেখাচ্ছিলাম… আমাদের কোচের মাথায় তো চুল নেই। সেটাই দেখাচ্ছিলাম।”

প্রথম ইনিংস শেষেই স্টার স্পোর্টসকে বলেছেন, ইশারা দিচ্ছিলেন কোচকে। কারণ কোচকে কথা দিয়েছিলেন দেশের হয়ে প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি করার। পরে সংবাদ সম্মেলনে সেই ঘটনাটিও সবার সঙ্গে ভাগভাগি করলেন তামিম।

“একদিন কথা হচ্ছিলো যে টি-টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরি কে করবে। আমি বলেছিলাম, আমিই করব। কোচকেও কথা দেওয়া ছিল যে আমিই আগে সেঞ্চুরি করব। এরকম অনেক ওয়াদাই করি, সব হয়ত মানা সম্ভব হয় না। এটা সৌভাগ্যক্রমে হয়ে গেছে।”

তবে উদযাপন যা ছিল, ওসব হয়ে গেছে মাঠেই। পেশাদার দলের মতোই এটা নিয়ে পরে ছিল না খুব বেশি মাতামাতি।

“ড্রেসিং রুমে ফেরার পরও বিশেষ কিছু হয়নি। আমি ২ রান করে ফিরলে যেভাবে কথা বলে, সেঞ্চুরি করে ফেরার পরও সেটিই হয়েছে। আমি মনে করি, এভাবেই সবসময় হওয়া উচিত।”

“তবে, আমি নিশ্চিত যে কোচ খুব খুশি হয়ছে। আমিও কথা রাখতে পেরে খুশি।”

 

পুরনো খবর:

ভালো-মন্দ মিলিয়েই ধর্মশালায় মাশরাফিরা
সাকিবকে হারিয়ে খুশি তামিমের
ধরা-ছোঁয়ার বাইরে রেকর্ড নিতে চান তামিম
‘টসে অন্য কাউকে পাঠাতে পারলে ভালো হত’
সাকিবের ভালো লাগছে, বিশ্বাস মাশরাফির
সাব্বিরের প্রশংসায় মাশরাফি, তামিম
বৃষ্টি আর ওমানকে হারিয়ে সুপার টেনে মাশরাফিরা
হাথুরুসিংহেকে দেওয়া কথা রাখলেন তামিম
টি-টোয়েন্টিতে মাইলফলকে তামিম