সাকিবকে হারিয়ে খুশি তামিমের
রানের প্রতিযোগিতায় বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে হারিয়ে খুশি দেশসেরা উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল।
ব্যাটিংয়ে প্রায় প্রতিটি রেকর্ডে তামিমের প্রতিদ্বন্দ্বী সাকিব। ওয়ানডেতে মোট রানে তামিমের (৪ হাজার ৭১৩) ঠিক পরেই আছে সাকিব (৪ হাজার ৩৯৮)। টেস্টে অবশ্য তামিম (৩ হাজার ১১৮), সাকিবের (২ হাজার ৮২৩) মাঝে আছেন হাবিবুল বাশার (৩ হাজার ২৬)।
টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ড ম্যাচের আগ পর্যন্ত এগিয়ে ছিলেন সাকিবই। হাজার রানের লড়াইয়ে কিছুটা পিছিয়ে থাকা তামিম সাম্প্রতিক সময়ের দারুণ পারফরম্যান্সে টেক্কা দিয়েছেন তাকে। আয়ারল্যান্ড ম্যাচে ৪৭ রান করে এগিয়ে যাওয়া তামিম ওমানের বিপক্ষে ম্যাচে দেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টিতে হাজার রানের মাইলফলকে পৌঁছেন।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তামিম জানান, দেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টিতে শতক ও হাজার রান করতে পারায় তিনি খুশি।
“এটা অবশ্যই আমার জন্য গর্বের। সাকিবের সঙ্গে বোধহয় আমার একটা রেস চলছিল। এর আগে (ওয়ানডেতে) চার হাজার রানে পৌঁছানোর একটা রেস চলছিল, সেটা আমি হেরেছিলাম। এবার জিততে পেরে ভালো লাগছে।”
টি-টোয়েন্টিতে তামিমের রান ১ হাজার ৯২। তার ঠিক পরেই থাকা সাকিবের (৯৯৬) চার অঙ্কে যেতে আর ৪ রান চাই।
দুই তারকা ক্রিকেটারের মধ্যে এই প্রতিযোগিতায় লাভ বাংলাদেশের ক্রিকেটেরই।
