ভালো-মন্দ মিলিয়েই ধর্মশালায় মাশরাফিরা
টি-টোয়েন্টি বিশ্বকাপের ধর্মশালা অংশে অনেক প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে বাংলাদেশ দলকে। সেসব পেরিয়ে শেষ পর্যন্ত সুপার টেন পর্বে ওঠায় স্বস্তি পাচ্ছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
এশিয়া কাপ ফাইনাল খেলে অনেক তাড়াহুড়ো করে ভারতে এসেছিল বাংলাদেশ দল। বিশ্বকাপ শুরুর আগে পেয়েছিল মাত্র একটি অনুশীলন সেশন। চ্যালেঞ্জ ছিল আবাহওয়া ও কন্ডিশনও। মানিয়ে নিতে হয়েছে হাড়কাঁপানো শীতের সঙ্গে।
এরপরই ছিল আরেকটি বড় ধাক্কা। প্রথম ম্যাচেরই পরই প্রশ্নবিদ্ধ হয় দলের দুই বোলার আরাফাত সানি ও তাসকিন আহমেদের বোলিং অ্যাকশন। সব মিলিয়ে প্রথম রাউন্ডে তিন সহযোগী দেশের বিপক্ষে খেলা হলেও বাংলাদেশের পথ ছিল কাঁটা বিছানো।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি জানালেন, সেই পথ সফলভাবে পেরোতে পারায় খুশি তিনি।
“অবশ্যই খুব স্বস্তি পাচ্ছি আমরা। এখানে আসার আগেই আমরা জানতাম যে কাজটা কঠিন হবে। আসার পরও দেখেছি। কঠিন সময় গিয়েছে কিছু।”
“ধর্মশালা অংশ আসলে ভালো-মন্দ মিলিয়েই গিয়েছে। আবহাওয়া নিয়ে সমস্যা ছিল। দুর্ভাগ্যজনক ভাবে সানি-তাসকিনের ব্যাপারটা ছিল। তবে যেটির জন্য আমরা এখানে এসেছি, মাঠের খেলা…সেটা আমাদের খুব ভালো হয়েছে। আমরা সবাই এজন্য স্বস্তি পাচ্ছি।”
