আফগানদের হারিয়ে পাকিস্তানের শুভ সূচনা
হাসান মহসিন ও শাদাব খানের দারুণ বোলিংয়ে জয় দিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ অভিযান শুরু করেছে পাকিস্তানের যুবারা। আফগানিস্তানকে সহজেই ৬ উইকেটে হারিয়েছে তারা।
বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ৪১ ওভার ২ বলে ১২৬ রানে অলআউট হয়ে যায় আফগানিস্তান।
সর্বোচ্চ ৫৩ রান করেন তারিক স্তানিকজাই। এছাড়া আর কেউ খুব একটা ভালো করতে না পারায় লড়াইয়ের পুঁজি পায়নি আফগানিস্তান। ২৮ রানের মধ্যে শেষ ৭ উইকেট হারায় দলটি।
৯ রানে ৪ উইকেট নিয়ে পাকিস্তানের সফলতম বোলার শাদাব। ২৪ রানে তিন উইকেট নেন মহসিন।
জবাবে ৩১ ওভার ৩ বলে চার উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান।
সর্বোচ্চ ২৯ রান আসে জিশান মালিকের ব্যাট থেকে। ২৮ রানে অপরাজিত থাকেন মহসিন। অলরাউন্ড পারফরম্যান্স ম্যাচ সেরার পুরস্কার এনে দেয় তাকে।
