২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সহজ জয়ে শুরু ভারতের

সরফরাজ খান ও ওয়াশিংটন সুন্দরের চমৎকার ব্যাটিংয়ে লড়াইয়ের পুঁজি পাওয়া ভারত সহজ জয় পেয়েছে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে ৭৯ রানে হারিয়েছে তারা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2016, 05:23 PM

Updated : 12 Apr 2022, 01:18 AM

বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ‘ডি’ গ্রুপের ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৬৮ রান করে ভারত।

শূন্য রানে প্রথম উইকেট হারানো ভারতের এক সময়ে স্কোর ছিল ৫৫/৪। সেখান থেকে দলটির সংগ্রহ আড়াইশ’ পার হয় সরফরাজ, সুন্দর ও জিশান আনাসারির তিনটি কার্যকর ইনিংসে।

সর্বোচ্চ ৭৪ রান করেন সরফরাজ। সুন্দর ফিরেন ৭১ বলে ৬২ রান করে। শেষের দিকে ৩৬ বলে ৩৬ রান করেন আনসারি।

আয়ারল্যান্ডের ররি আন্দ্রেস (৩/৩৫) ও জশুয়া লিটল (৩/৫২) তিনটি করে উইকেট নেন।

জবাবে পাঁচ বল বাকি থাকতে ১৮৯ রানে অলআউট হয়ে যায় আয়ারল্যান্ড। 

সর্বোচ্চ ৫৮ রান করেন উইলিয়াম ম্যাকক্লিনটক। তার সঙ্গে ১১৩ রানের জুটি উপহার দেওয়া উইকেটরক্ষক-ব্যাটসম্যান লোরক্যান টাকার খেলেন ৫৭ রানের আরেকটি ভালো ইনিংস। কিন্তু এই দুই জন ছাড়া আর কেউ ভালো না করায় শেষ পর্যন্ত দুইশ’ রানও করতে পারেনি আয়ারল্যান্ড।

নিরাপত্তা শঙ্কায় নিজেদের প্রত্যাহার করে নেওয়া অস্ট্রেলিয়ার জায়গায় যুব বিশ্বকাপে খেলছে আয়ারল্যান্ড।

১৫ রানে তিন উইকেট নিয়ে ভারতের সেরা বোলার রাহুল বাথাম। এছাড়া আভেশ খান ও মাহিপাল লোমরোর দুটি করে উইকেট নেন।