শ্রীলঙ্কার বড় জয়
বড় জয় দিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ অভিযান শুরু করেছে শ্রীলঙ্কার যুবারা। কানাডা অনূর্ধ্ব-১৯ দলকে সহজেই ১৯৬ রানে হারিয়েছে তারা।
বৃহস্পতিবার সিলেট বিভাগীয় স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে চার অর্ধশতকের সৌজন্যে ৬ উইকেটে ৩১৫ রান করে শ্রীলঙ্কা।
সর্বোচ্চ ৭৬ রান করেন অধিনায়ক চারিথ আসালঙ্কা। দ্বিতীয় সর্বোচ্চ ৭৪ রানে অপরাজিত থাকেন শাম্মু আশান। এছাড়া উদ্বোধনী ব্যাটসম্যান কেভিন বান্দারা ৬১ ও উইকেটরক্ষক-ব্যাটসম্যান বিশাদ রান্দিকা ৫১ রানের দুটি কার্যকর ইনিংস খেলেন।
কানাডার আব্দুল হাসিব দুই উইকেট নেন ৬৫ রানে।
জবাবে ৩৯ ওভার ২ বলে ১১৯ রানে থেমে যায় কানাডার ইনিংস।
সর্বোচ্চ ৪২ রানে অপরাজিত থাকেন আর্সলান খান। এছাড়া আর কেউ ভালো করতে না পারায় বড় হার এড়াতে পারেনি কানাডা।
শ্রীলঙ্কার চার জন দামিথা সিলভা, থিলান নিমেশ, আসিথা ফার্নান্দো ও লাহিরু কুমারা দুটি করে উইকেট নেন।
