২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্টোকসের রেকর্ড বৃষ্টির পর আমলাদের লড়াই

নিউল্যান্ডসের ২২ গজের মতো রেকর্ড বইয়েও ঝড় তুলেছেন বেন স্টোকস। সঙ্গী ছিলেন তার জনি বেয়ারস্টো। ইংল্যান্ডের রানের বোঝা মাথায় নিয়ে লড়ে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2016, 10:53 PM

Updated : 11 Oct 2022, 07:31 PM

পুরনো খবর:

৬ নম্বরে ইতিহাস স্টোকসের, হলো না ছক্কার রেকর্ড
জুটির বিশ্ব রেকর্ড স্টোকস-বেয়ারস্টোর
খুনে দ্বিশতকের পথে স্টোকসের বিশ্বরেকর্ড

৫ উইকেটে ৩১৭ রান নিয়ে কেপ টাউন টেস্টের দ্বিতীয় দিন শুরু করা ইংল্যান্ড ইনিংস ঘোষণা করেছে ৬ উইকেটে ৬২৯ রানে। দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় দিন শেষ করেছে ২ উইকেটে ১৪১ রান নিয়ে।

স্টোকস-বেয়ারস্টো জুটি আগের দিনই যথেষ্ট যন্ত্রণা দিয়েছিলেন প্রোটিয়া বোলারদের। কিন্তু তারপরও অনুমান করা যায়নি, দ্বিতীয় দিনে অপেক্ষা করছে কতটা ব্যাটিং তাণ্ডব!

৭৪ রান নিয়ে দিন শুরু করা স্টোকস ক্যারিয়ারের তৃতীয় শতক ছুঁয়ে ফেলেন আর ১২ বল খেলেই। ১০৫ বলে শতক ছোঁয়ার পর যেন আরও বেপরোয়া হয়ে ওঠে স্টোকসের ব্যাট; পিষে ফেলতে থাকেন স্বাগতিক বোলারদের। পরের শতক করতে বল লাগে মাত্র ৫৮টি!

১৬৩ বলের ডাবল সেঞ্চুরিতে গড়েন টেস্ট ইতিহাসের দ্বিতীয় দ্রুততম দ্বিশতকের রেকর্ড। ২০০২ সালে নাথান অ্যাস্টলের ১৫৩ বলে দ্বিশতকই কেবল স্টোকসের আগে।

দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড না হলেও লাঞ্চে যাওয়ার সময় একটা বিশ্ব রেকর্ড ঠিকই সঙ্গী ছিল স্টোকসের। দিনের প্রথম সেশনেই করেছিলেন ১৩০ রান, টেস্ট ইতিহাসেই যা লাঞ্চের আগের সেশনে ব্যক্তিগত সর্বোচ্চ!

আরেক পাশে বেয়ারস্টোর ব্যাটও ছিল সচল। কিন্তু স্টোকসের স্ট্রোকের ছটায় আড়ালে পড়ে যান বেয়ারস্টো। লাঞ্চের পর তিনিও স্টোকসের সঙ্গে পাল্লা দিয়ে খেলেছেন শট। ২২তম টেস্টে এসে অবশেষে প্রথম শতকের দেখা পান বেয়ারস্টো, ১৬১ বলে স্পর্শ করেন কাঙ্ক্ষিত তিন অঙ্ক।

দ্রুততম দুইশর রেকর্ড গড়তে না পারলেও সবচেয়ে কম বলে আড়াইশ’ রানের রেকর্ড ঠিকই নিজের করে নেন স্টোকস। ১৯৬ বলে ছুঁয়েছেন ২৫০ রান, ২০৭ বলে আড়াইশ ছুঁয়ে আগের রেকর্ড ছিল বিরেন্দর শেবাগের।

রাবাদাকে টানা দুটি ছক্কা মারার পরের বলে শেষ পর্যন্ত রান আউটে কাটা পড়েন স্টোকস।  তার নামের পাশে তখন ৩০ চার ১১ ছক্কায় ১৯৮ বলে ২৫৮! টেস্ট ইতিহাসে ৬ নম্বরে নেমে এটি সবচেয়ে বেশি রান। ওয়াসিম আকরামের ১২ ছক্কার রেকর্ড ছুঁতে পারেননি মাত্র একটি ছক্কার জন্য!

আউট হওয়ার আগে বেয়ারস্টোর সঙ্গে ষষ্ঠ উইকেট জুটিতে বিশ্বরেকর্ড গড়েন স্টোকস। গত জানুয়ারিতেই নিউ জিল্যান্ডের কেন উইলিয়ামসন ও বিজে ওয়াটলিংয়ের গড়া ৩৬৫ রানের জুটি ছাড়িয়ে স্টোকস-বেয়ারস্টো গড়েছেন ৩৯৯ রানের জুটি।

স্টোকস আউট হওয়ার পরের বলেই ছক্কা মেরে এবং আরেকটি সিঙ্গেল নিয়ে দেড়শ’ স্পর্শ করেন বেয়ারস্টো। প্রোটিয়া বোলারদের স্বস্তি দিয়ে ইনিংস ঘোষণা করেন ইংলিশ অধিনায়ক অ্যালেস্টার কুক।

স্বাগতিক বোলারদের বোলারদের বোলিং ফিগারের দশা তখন করুণ। ১৭৫ রানে ৩ উইকেট নিয়েছেন রাবাদা, ১৫০ রানে একটি অভিষিক্ত ক্রিস মরিস, ১১৪ রানে একটি মর্নে মর্কেল। ১১২ রানে উইকেট নেই ডেন পিটের।

ব্যাটিংয়ের পর বল হাতেও ছাপ রেখেছেন স্টোকস। ওপেনার স্টিয়ান ফন জিল (৪) রান আউট হওয়ার পর দ্বিতীয় উইকেটে ডিন এলগারকে নিয়ে ৭৮ রানের জুটি গড়েন হাশিম আমলা। ৪৪ রান করা এলগারকে ফেরান স্টোকস।

আমলা ও এবি ডি ভিলিয়ার্সের অবিচ্ছিন্ন ৫৬ রানের জুটিতে দিন শেষ করে দক্ষিণ আফ্রিকা। ফর্মে ফেরা ইঙ্গিত দিয়ে ১১ ইনিংস পর অর্ধশত করেছেন অধিনায়ক আমলা, অপরাজিত আছেন ৬৪ রানে। ডি ভিলিয়ার্স উইকেটে ২৫ রান নিয়ে।