খুনে দ্বিশতকের পথে স্টোকসের বিশ্বরেকর্ড
টেস্ট ইতিহাসের দ্বিতীয় দ্রুততম ডাবল সেঞ্চুরির কীর্তি গড়েছেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। ইনিংসটির পথেই গড়েছেন টেস্টের যে কোনো দিনের প্রথম সেশনে সবচেয়ে বেশি রানের রেকর্ড!
ইংল্যান্ডের হয়ে ৬ নম্বরে নেমে টেস্ট ইতিহাসের প্রথম দ্বিশতকও এটি।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপ টাউন টেস্টের প্রথম দিন শেষে ৭৪ রানে অপরাজিত ছিলেন স্টোকস। রোববার দ্বিতীয় দিনে যখন লাঞ্চ বিরতি হলো, স্টোকসের নামের পাশে তখন অপরাজিত ২০৪। প্রথম সেশনেই করেছেন ১৩০ রান!
টেস্ট ইতিহাসে সব দিন মিলিয়ে প্রথম সেশনে শতক হলো এই নিয়ে ২১টি। তবে সবচেয়ে বেশি রান স্টোকসের এই ১৩০। আগের সর্বোচ্চ ইংল্যান্ডেরই লেস অ্যামিসের। ১৯৩৫ সালে ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই ২৫ রান নিয়ে তৃতীয় দিন শুরু করেছিলেন অ্যামিস। লাঞ্চের আগে অ্যামিসকে ১৪৮ রানে অপরাজিত রেখে ইনিংস ঘোষণা করে দেন অধিনায়ক বব ওয়াট। অর্থাৎ প্রথম সেশনে অ্যামিস করেছিলেন ১২৩। এত দিন সেটিই ছিল রেকর্ড।
রোববার প্রথম সেশনে মাত্র ২৫ ওভার বোলিং করতে পেরেছে দক্ষিণ আফ্রিকা। স্টোকসের রেকর্ড তাই সমৃদ্ধ হয়নি আরেকটু। ওই ২৫ ওভারে ইংল্যান্ড কোনো উইকেট না হারিয়ে তুলেছে ১৯৬ রান!
সেশনে সর্বোচ্চ রানের আগে দ্রুততম ডাবল সেঞ্চুরির তালিকাতেও নিজের নাম লিখিয়েছেন স্টোকস। ১৬৩ বলে ছুঁয়েছেন দ্বিশতক। টেস্ট ইতিহাসে এর চেয়ে কম বলে দ্বিশতক আছে আর একটিই। ২০০২ সালে ইংল্যান্ডের বিপক্ষে ১৫৩ বলে দ্বিশতক করেছিলেন নিউ জিল্যান্ডের নাথান অ্যাস্টল।
স্টোকস পেছনে ফেলেছেন বিরেন্দর শেবাগকে। ২০০৯ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ২৫৪ বলে ২৯৩ রানের ইনিংসের পথে শেবাগ দুইশ ছুঁয়েছিলেন ১৬৮ বলে।
দ্বিতীয় দিনের শুরু থেকেই শুরু স্টোকসের ব্যাটিং তান্ডব। মর্নে মর্কেলের করা প্রথম ওভারেই চার মারেন দুটি, ক্রিস মরিসের করা পরের ওভারে তিনটি। ১০৫ বলে ছুঁয়ে ফেলেন ক্যারিয়ারের তৃতীয় টেস্ট শতক।
মাইলফলক ছুঁয়ে যেন আরও উজ্জীবিত হয়ে ওঠেন স্টোকস। স্ট্রোকের ফোয়ারা ছুটতেই থাকে। পরের পঞ্চাশ করতে বল লেগেছে মাত্র ৩০টি। মর্কেলকে পুল করে চার মেরে কাঙ্ক্ষিত দ্বিশতক ১৬৩ বলে। ২৬টি চারের পাশে ইনিংসে ছিল ৭টি ছয়।
ইংল্যান্ডের হয়ে এর আগে ৬ নম্বরে সর্বোচ্চ ইনিংসটি ছিল গ্রায়েম হিকের। ১৯৯৩ সালে মুম্বাইয়ে ভারতের বিপক্ষে ১৭৮ রান করেছিলেন হিক।
টেস্টে দ্রুততম ১০ ডাবল সেঞ্চুরি:
বল | ব্যাটসম্যান | প্রতিপক্ষ | ভেন্যু | সাল |
১৫৩ | নাথান অ্যাস্টল | ইংল্যান্ড | ক্রাইস্টচার্চ | ২০০২ |
১৬৩ | বেন স্টোকস | দক্ষিণ আফ্রিকা | কেপ টাউন | ২০১৬ |
১৬৮ | বিরেন্দর শেবাগ | শ্রীলঙ্কা | মুম্বাই | ২০০৯ |
১৮২ | বিরেন্দর শেবাগ | পাকিস্তান | লাহোর | ২০০৬ |
১৮৬ | ব্রেন্ডন ম্যাককালাম | পাকিস্তান | শারজাহ | ২০১৪ |
১৯৪ | বিরেন্দর শেবাগ | দক্ষিণ আফ্রিকা | চেন্নাই | ২০০৮ |
২১১ | হার্শেল গিবস | পাকিস্তান | কেপ টাউন | ২০০৩ |
২১২ | অ্যাডাম গিলক্রিস্ট | দক্ষিণ আফ্রিকা | জোহানেসবার্গ | ২০০২ |
২২০ | ইয়ান বোথাম | ভারত | ওভাল | ১৯৮২ |
২২২ | বিরেন্দর শেবাগ | পাকিস্তান | মুলতান | ২০০৩ |
