জুটির বিশ্ব রেকর্ড স্টোকস-বেয়ারস্টোর
টেস্টে ষষ্ঠ উইকেটে সবচেয়ে বড় জুটির বিশ্বরেকর্ড গড়লেন ইংল্যান্ডের বেন স্টোকস ও জনি বেয়ারস্টো।
গত বছর বর্ষশুরু টেস্টেই ষষ্ঠ উইকেট অপরাজিত ৩৬৫ রানের জুটির রেকর্ড গড়েছিলেন নিউ জিল্যান্ডের কেন উইলিয়ামসন ও বিজে ওয়াটলিং। রেকর্ডটি টিকল না এক বছরও। রোববার কেপ টাউন টেস্টের দ্বিতীয় দিনে রেকর্ডটি নিজেদের করে নিলেন স্টোকস ও বেয়ারস্টো। দুজনে গড়েছেন ৩৯৯ রানের জুটি!
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টের প্রথম দিনে ইংল্যান্ড ২২৩ রানে ৫ উইকেট হারালে জুটি বেঁধেছিলেন দুজন। প্রথম দিনে দুজনের অবিচ্ছিন্ন জুটি ছিল ৯৪ রানের।
দ্বিতীয় দিনে দুজনের ব্যাটেই ছিল ঝড়। স্টোকস তো বিশ্বরেকর্ডই গড়ে ফেলেছেন টেস্টের যে কোনো দিনের প্রথম সেশনে সবচেয়ে বেশি রানের। প্রথম সেশনে ১৩০ রান করে টেস্ট ইতিহাসের দ্বিতীয় দ্রুততম ডাবল সেঞ্চুরি করেছেন স্টোকস। লাঞ্চের পর শতরান ছুঁয়েছেন বেয়ারস্টোও।
রাবাদার পরের ওভারেই টানা দুটি ছক্কা মারলেন স্টোকস, ষষ্ঠ উইকেটে টেস্ট ইতিহাসের প্রথম চারশ’ রানের জুটি তখন এক পা দূরে। কিন্তু পরের বলেই ২৫৮ রান করে রান আউট হলেন স্টোকস। জুটি থামল ৩৯৯ রানে।
